বিষয়বস্তুতে চলুন

অমৃত (রজনীকান্ত সেন)/স্বাধীনতার সুখ

উইকিসংকলন থেকে

স্বাধীনতার সুখ।

বাবুই পাখীরে ডাকি’, বলিছে চড়াই,—
“কুঁ’ড়ে ঘরে থে’কে কর শিল্পের বড়াই;
আমি থাকি মহাসুখে অট্টালিকা’পরে,
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”
বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;
পাকা হো’ক, তবু ভাই, পরের ও বাসা;
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”