আলম্গীরের পত্রাবলী/১
অবয়ব
[ শাহ্জাদা সুলতান্ মুহম্মদ মুয়াজ্জম্ শাহ্আলম্ বাহাদুরের প্রতি ]
সাম্রাজ্যের ভাবী উত্তরাধিকারী প্রিয় পুত্র মুহম্মদ মুয়জ্জম্[১], তোমার পত্রে অবগত হইলাম তুমি তোমার চতুর্থ পুত্রকে একটি অতিরিক্ত খেতাব প্রদান করিতে অভিলাষী। এই পুত্রের প্রতি তুমি অপেক্ষাকৃত অধিক অনুরক্ত দেখিতেছি। কিন্তু তাহা হইতে পারে না; কারণ জ্যেষ্ঠকে উল্লঙ্ঘন করিয়া কনিষ্ঠের প্রতি এইরূপ অতিরিক্ত অনুগ্রহ অসম্ভব। আমার ইহাও বড় বিস্ময়কর মনে হইতেছে যে, তুমি তোমার পরিবারবর্গের প্রতি বীতস্পৃহ হইয়াও একটিমাত্র পুত্রের প্রতি এরূপ স্নেহপরায়ণ! যাহা হউক, ইহাও সুখের বিষয় মনে করি। তুমি দীর্ঘজীবী হও। তোমার এই অনুরোধ রাখিতে না পারিলেও অন্য উপায়ে আমি তোমার সন্তোষ বিধান করিব।
- ↑ আওরংজীবের মৃত্যু হইলে ইনি বাহাদুর শাহ্ (প্রথম) উপাধি গ্রহণ করিয়া সম্রাট হইয়াছিলেন (১৭০৭ খৃষ্টাব্দ)।