বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/২

উইকিসংকলন থেকে

[ ২ ]

 প্রিয়তম পুত্র, ফতেউল্লা খাঁর সৎস্বভাবসত্ত্বেও কেন তুমি তাহাকে অসন্তুষ্ট করিয়াছ? যুবরাজকালে ওমরাহগণের সহিত আমি এরূপ মিষ্ট ব্যবহার করিতাম যে সকলেই আমার প্রতি তুষ্ট ছিল—পরোক্ষে বা প্রত্যক্ষে সকলেই আমার সুখ্যাতি করিত। বিধর্ম্মী ভ্রাতার (দারা-শিকো) যথোপযুক্ত পদগৌরব এবং বুদ্ধি-প্রাখর্য্য থাকা সত্ত্বেও ওমরাহগণের কেহ কেহ তাঁহাকে ত্যাগ করিয়া আমার চাকুরী গ্রহণ করিয়াছিল। শত্রু ভ্রাতার (দারা-শিকো) প্ররোচনায় যাহারা ধর্ম্মবিগর্হিত কার্য্য করিত বা বিরুদ্ধবাক্য ব্যবহার করিত, আমি তাহাদের প্রতি বিরূপ হইয়াছিলাম। আমার ধৈর্য্য এবং সহিষ্ণুতার প্রশংসা সকলেই করিত। শাহান্‌শাহ্ (শাহ্‌জহান্) আমার সৈন্য-পরিচালনা ও সাহসিকতার বিশেষ পক্ষপাতী ছিলেন। এই কীটাণুকীটের বাহুবলে অনেক দুষ্কর কার্য্য সুসম্পাদিত হইয়াছিল। ফতেউল্লা খাঁর মত একজন কর্ম্মপটু, সাহসী সৈনিকের হৃদয় তুমি ভগ্ন করিয়া দিলে। আমার অবর্ত্তমানে সে তোমার অনেক উপকারে লাগিত। যাহা হউক, যাহা হইবার হইয়াছে, এখন আর উপায় কি? তাহার মন ফিরাইতে পার, ভাল। তোমার কার্য্যাবলী শৃঙ্খলাবদ্ধ করিয়া লইতে চেষ্টা কর। আমার উপদেশ শুন, যা বলিতেছি কর—অবহেলা করিও না। যত শীঘ্র হয়, ততই ভাল। যাহারা সত্যপথের অনুগামী, তাহারা শান্তিলাভ করুক।