আলম্গীরের পত্রাবলী/২০
অবয়ব
[ ২০ ]
সুখী পুত্র, ভগবান তোমাকে সতত রক্ষা করুন। শুনিতেছি, তোমার প্রাসাদরক্ষকের পুত্র নক্করখানায় বসিয়া জুয়া খেলিয়া থাকে। হায় হায়, কি আপ্শোষ! তুমিই ত এই সাম্রাজ্যের ভাবী উত্তরাধিকারী। তবে কেন তুমি রাজকার্য্যে এত উদাসীন? তোমার চরগণ কেন তোমাকে সঠিক খবর দেয় না? নিশ্চয় তাহারা তাহাকে বাঁচাইবার জন্য এই বিষয় গোপন করিতেছে; কারণ সে তাহাদের বন্ধু। তুমি এই দণ্ডে নূতন চর নিযুক্ত কর এবং এইরূপ কার্য্য পুনরায় যাহাতে না হয়, সেজন্য তাহাদিগকে বিশেষরূপ সাবধান করিয়া দাও।