আলম্গীরের পত্রাবলী/২১
অবয়ব
[ ২১ ]
প্রিয় পুত্র আজম্, গুজরাট প্রদেশের দুহাদনগর আমার—এই মহাপাতকীর জন্মস্থান। পুত্র, এই নগরের অধিবাসিগণের প্রতি তুমি বিশেষ অনুগ্রহদৃষ্টি রাখিবে। পীরমক্কাকে তুমি চেন; সে অনেক বৎসর ধরিয়া এই নগরের শাসনকর্ত্তা ছিল। তাহাকে তুমি তাহার নিজপদে প্রতিষ্ঠিত রাখিবে। স্বার্থপর নিন্দুকের দল যা’ ইচ্ছা বলুক, অন্ততঃ পীরমক্কার খাতিরে ইহাদের কথা কানে তুমিও না। এই সকল স্বার্থপর লোক যেমন কপট, তেমনই ভণ্ড। খোদা ইহাদের ভণ্ডামির ব্যাধি দিন দিন বৃদ্ধিই করিয়া দিতেছেন। পুত্র, রাজার সাধারণতঃ দু’টি চক্ষু থাকে; একটি দুর্ব্বল এবং দুর্দ্দশাগ্রস্তকে দয়া করিবার জন্য, ইহা সাধারণ চক্ষু। এ ছাড়া যাহারা রাজার প্রিয়পাত্র, তাহাদিগকে অনুগৃহীত করিবার জন্য আর একটি চক্ষু থাকে, ইহা রাজার বিশেষ চক্ষু।