বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৩১

উইকিসংকলন থেকে

[ ৩১ ]

 ভাগ্যবান্ পুত্র, তোমার দুধ-ভাই মীরবদুর দুর্ব্বিনীত আচরণের কথা তোমার পত্র হইতে সবিশেষ জানিতে পারিলাম। পুত্র, একটি সাধুবাক্য তোমাকে স্মরণ করাইয়া দিই—“ভগবানের দান তোমার প্রতি অহরহ মিষ্টভাবে বর্ষিত হইতেছে। তুমি যদি তাহারই অনুবর্ত্তী হইয়া কাজ না কর, অর্থাৎ অনর্থক অশান্তির সৃষ্টি কর, তাহা হইলে দণ্ড পাইবে।” মীরবদুকে দমন করা আবশ্যক মনে করিয়াছিলে, তাই তাহাকে শাসন করিয়াছ; কারণ সে তাহার বৃদ্ধা মাতা—তোমার দুধ-মা—জাহেদ্‌বাণুর যৎসামান্য অধিকার লইয়া অযথা আধিপত্য দেখাইতে চায়। সাদীর এই উপদেশ বাক্যগুলি অবশ্যই তাহার জানা নাই—“যে রাজার অধীনে তুমি কর্ম্ম কর, তাঁহাকে উপকৃত করিয়াছ বলিয়া কখনও মনে করিও না; কারণ, স্মরণ রাখিও যে, তুমি স্বয়ং তাঁহার নিকট উপকৃত, যেহেতু তিনি তোমাকে কর্ম্ম দিয়াছেন।” যাহা হউক পুত্র, জগদীশ্বর তোমাকে জ্ঞান-বুদ্ধি এবং সদ্‌গুণাবলী প্রদান করিয়াছেন। আমার উপদেশ মত কাজ করিলে ভাল হয়। তাহাকে তুমি এবারের মত ক্ষমা কর। যেহেতু পাপিগণ ক্ষমার যোগ্য।