বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৪

উইকিসংকলন থেকে

[ ৪ ]

 সাম্রাজ্যের ভাবী উত্তরাধিকারী প্রিয় পুত্র মুহম্মদ মুয়াজ্জম্, ভগবান্ তোমাকে সতত রক্ষা করুন। একজন বিশ্বস্ত অনুচরের মুখে শুনিলাম, তুমি এই বৎসর ‘নওরোজ’ উৎসব পারস্য-প্রথায় অর্থাৎ ‘সিয়া’-মতানুযায়ী নির্ব্বাহ করিয়াছ। ভগবানের নিকট প্রার্থনা করি, নিজের ধর্ম্মে যেন তোমার দৃঢ় বিশ্বাস থাকে। পুত্র, কে তোমাকে এই নূতন প্রথা অবলম্বন করিতে বলিল? আমার বিশ্বাস, সেই আরবটা যে ‘সৈয়দ’ আখ্যা লাভ করিতে চায়, সেই তোমাকে এই কার্য্যে পরামর্শ দিয়াছে। কিন্তু লোকটা ত দেখিতেছি ধার্ম্মিককে অধর্ম্মপথে লইয়া যাইতে বিলক্ষণ পটু! তোমার জানা উচিত, এই উৎসবটা ‘মজুসি’দিগের। হিন্দুগণ এই দিনকে অবিশ্বাসী বিক্রমাজিতের অভিষেক- দিবস বলিয়া বিশ্বাস করে এবং হিন্দু সম্বতের আরম্ভ এই দিন হইতেই বলিয়া তাহারা মনে করে। অতএব তোমাকে নিষেধ করিতেছি, পুত্র, ভবিষ্যতে তুমি এই উৎসব পালন করিয়া দ্বিতীয়বার গর্হিত কার্য্য না কর। আমি বারংবার তোমাদের উপদেশ দিয়াছি, কিন্তু তোমরা কেহই সত্যবস্তুর অনুসন্ধান করিলে না। ভগবানের নিকট আমি সরল অন্তঃকরণে ক্ষমা ভিক্ষা করি। আমার প্রত্যেক পাপকার্য্যের জন্য আমি অনুতপ্ত—তিনি যেন আমাকে মার্জ্জনা করেন।