আলম্গীরের পত্রাবলী/৪০
অবয়ব
[ ৪০ ]
ভাগ্যবান্ পুত্র, তুমি দরবেশ মীর আরবের সহিত সাক্ষাৎ করিয়াছ, ইহা অতি উত্তম কথা। পুত্র, আর একবার তুমি তাঁহার নিকট যাও এবং আমার হইয়া তাঁহার সমীপে প্রার্থনা জানাও। যেহেতু, আমি বড়ই লজ্জিত যে, আমার মন এখনও ইহজগতের ভোগবিলাসেই মত্ত রহিয়াছে—পরকালের ভাবনা একবারও ভাবিতেছে না। ‘ইস্লাম ধর্ম্ম নিরাপদ হউক, আমরা অধিকতর সুখ-সমৃদ্ধিশালী হই’, খোদার নিকট যেন তিনি এই প্রার্থনাই করেন। তাঁহাকে বলিও পুত্র, আমার সারাজীবন হেলায় অতিবাহিত হইয়াছে। বাকী যে কয়টা দিন বাঁচিব, এইরূপ অবহেলাতেই কাটিয়া যাইবে। মৃত্যুর যতই নিকটবর্ত্তী হইতেছি, মুক্তির পথ হইতে যেন ততই দূরে সরিয়া পড়িতেছি। হায়! চক্ষুষ্মান্ হইয়া যাহা করিয়াছি, একজন অন্ধও তাহা করিতে পারে না। আমি ভগবানকে হারাইয়াছি—একবারও তাঁহাকে ভাল করিয়া স্মরণ করিলাম না।