বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৪৫

উইকিসংকলন থেকে

[ ৪৫ ]

 পৌত্র, তোমার প্রধান কর্ম্মচারী সরকারী কার্য্যে এত অধিক অনুপস্থিত থাকে কেন? অতঃপর সে রাজস্ববিভাগে কোন উচ্চপদ পাইবে না। লোকটাকে আমার নিকট পাঠাইয়া দাও, অথবা সাধারণ ভৃত্যরূপে তুমিই তাহাকে নিজের কাছে রাখ। ইহার স্বভাব ঠিক ফিরোজজঙ্গ ও নাস্‌রত জঙ্গের মত। সাবধান, তুমি যেন এই সব কর্ত্তব্যহীন লোকের দৃষ্টান্ত অনুসরণ করিও না। পৌত্র, সংসারে কোন জিনিষই স্থায়ী নয়। বালু-কণা যেমন প্রবহমান বাতাসের মুখে দ্রুত সঞ্চালিত হয়, মানুষেরও তেমনি সুখ-দুঃখ, দারিদ্র্য-বৈভব প্রভৃতি বিভিন্ন অবস্থা কখনও একভাবে থাকে না। যে অত্যাচারী সে ভাবে, নিগৃহীত ব্যক্তি তাহার অত্যাচারে কত কষ্টই-না ভোগ করিতেছে। কিন্তু মানুষের কষ্টও চিরস্থায়ী নয়; কাল প্রভাবে অত্যাচারের রেখাও মন হইতে মুছিয়া যায়, কিন্তু যে ব্যক্তি অত্যাচার করে, তাহার অবস্থা অনেকটা স্বতন্ত্র—তাহার মন সর্ব্বদাই ভারাক্রান্ত থাকে। ইহজীবনে ইহাই তাহার শাস্তি, এবং পরকালেও সে খোদার নিকট কঠিন দণ্ড পাইবে।