আলম্গীরের পত্রাবলী/৪৭
অবয়ব
[ ৪৭ ]
ভাগ্যবান্ পৌত্র, অধীন সৈন্যগণের হৃদয় অধিকার করিতে পারিলে কার্য্যে সফলকাম হওয়া অবশ্যম্ভাবী। তুমি উচ্চবংশে জন্মলাভ করিয়াছ। জীবনের পথে পূর্ব্বপুরুষগণের পদাঙ্ক অনুসরণ করাই তোমার সর্ব্বতোভাবে কর্ত্তব্য। যেহেতু হিন্দুস্থানের এই রাজ্য-সম্পদ সুখৈশ্বর্য্যের অধীশ্বর শাহান্শাহ্ তৈমুরলঙ্গ এবং খোদার প্রতিভূ শাহান্শাহ্ আকবরের শ্রেষ্ঠ দান বলিয়া জানিও। খোদার কৃপায় ইহার উন্নতিসাধনে ও স্থৈর্য্যসম্পাদনে যদি কথঞ্চিৎ পরিমাণেও তুমি সক্ষম হও, তাহা হইলে তোমার নাম ইতিহাসের পৃষ্ঠায় অক্ষয় হইয়া চিরকাল তোমার কীর্ত্তি ঘোষণা করিবে। অতএব পৌত্র, যে সুযোগ তুমি এক্ষণে লাভ করিয়াছ, তাহা হেলায় হারাইও না। সুযোগ একবার নষ্ট হইয়া গেলে পুনরায় তুমি ইহা লাভ করিতে পারিবে না।