বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৪৮

​

[ ৪৮ ]

 প্রিয় পৌত্র, বাহাদুরগড় হইয়া যাত্রা করিবার কালে আমার অভ্যর্থনার নিমিত্ত খাঁ ফিরোজজঙ্গ যেরূপ খরচপত্র করিয়াছিল, তাহা তাহার আয় এবং পদমর্য্যাদার অতিরিক্ত বলিয়া আমার মনে হয়। এই উপলক্ষে যে শোভাযাত্রা বাহির হয়, তাহার উপকরণ ছিল অসংখ্য কামান, সুবৃহৎ শকট, সুতীক্ষ্ণ তীর, বৃহদাকারের ভেরী, অসংখ্য গোলা-গুলি, অশ্ববাহী, উষ্ট্রবাহী এবং হস্তিবাহী কামান, বহুসংখ্যক যুদ্ধাশ্ব এবং রেশম মখমল ও অন্যান্য মূল্যবান আভরণমণ্ডিত হস্তী এবং অশ্বপৃষ্ঠে নানাবিধ অস্ত্রশস্ত্র। এ-ছাড়া আড়ম্বরপূর্ণ অনাবশ্যক জিনিষ যে কত ছিল তাহার ইয়ত্তা নাই। আমি ইহার বিস্তর জিনিষ সরকারে বাজেয়াপ্ত করিয়া লইয়াছি। তোমার নিজেরই ত ইহার দ্বিগুণ দ্রব্য-সামগ্রী ছিল, তবে অকারণ এই সকল খরচপত্র কেন বাড়াইয়াছিলে? আবশ্যক কাজে অর্থব্যয় করা প্রয়োজন স্বীকার করি; কিন্তু অকারণ অর্থব্যয়ে কেবল বিলাসিতা ও আত্মম্ভরিতার পরিচয় পাওয়া যায়।