বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৫০

উইকিসংকলন থেকে

[ ৫০ ]

[ সুলতান মুহম্মদ মুয়জ্জমের দ্বিতীয় পুত্র মুহম্মদ আজিম্ উদ্দিন

বাহাদুরের প্রতি ]

 প্রিয় পৌত্র আজিম্, পরমেশ্বরের অপার করুণার কথা ভুলিয়া যাওয়া বড়ই লজ্জার কথা—আমি নিজে যদিও এই দোষে দোষী। পৌত্র, খোদার সৃষ্ট মানব এই সংসারে তাঁহারই গচ্ছিত সামগ্রী বলিয়া জানিও। অতএব মানুষের প্রতি অত্যাচার অমার্জ্জনীয় অপরাধ। মৃত্যু—ভগবানের বিচার, পাপের শাস্তি, নরকের বিভীষিকা প্রভৃতির অস্তিত্ব সত্য বলিয়া অন্তরের সহিত গ্রহণ করিও। প্রতিক্ষণ মনে রাখিও যে, তোমাকে ওই নশ্বর দেহ ও নশ্বর জগৎ একদিন ত্যাগ করিয়া যাইতে হইবে। অতএব সাবধান হও, পৌত্র, যাহাতে প্রপীড়িতগণের অভিশাপে তোমার এই জীবনের আশা ভরসা ধূলিসাৎ হইয়া না যায়। রাজপুত্রের প্রজাপীড়ক হওয়া বড়ই নিন্দনীয়। এই বদ্ অভ্যাস তুমি কোথা হইতে শিক্ষা করিলে, পৌত্র? তোমার পিতা ও পিতামহের ত এই দোষ ছিল না। তোমার এই দোষ অবিলম্বে সংশোধিত হওয়া উচিত। আমি তোমাকে অন্য সকলের তুলনায় ভাল বলিয়াই জানিতাম এবং তোমাকেই সিংহাসনের ভাবী অধিকারী বলিয়া মনে করিতাম। এখন দেখিতেছি সকলই বিপরীত। মানুষ ভাবে এক, কিন্তু হয় আর এক।