আলম্গীরের পত্রাবলী/৫৬
[ ৫৬ ]
সাম্রাজ্যের বিশ্বস্ত সেবক, আমীর খাঁর মৃত্যুর জন্য তোমাকে সান্ত্বনা দিতেছি—যদিও আমরাও অবশ্যই মরিব। আত্মা আমাদের দেহের মধ্যে আছে বটে, তাহা হইলেও জীবনের যাত্রাপথ অসীম নয়, অর্থাৎ মানুষ মরিবেই। তুমি তোমার ভ্রাতা লাহোরের মন্ত্রীকে লিখিয়া পাঠাও, যেন সে মৃত আমীর খাঁর যাবতীয় সম্পত্তি সরকারে বাজেয়াপ্ত করে; তাহাকে বল, যেন সে এজন্য বিধিমত চেষ্টা করে। মৃত আমীর খাঁর যা’ কিছু আছে, সব বাজেয়াপ্ত করা চাই-ই—পাই-পয়সা এমন কি খড়কুটাটিও যেন পড়িয়া না থাকে। তার সম্পত্তির কোথায় কি আছে, সে বিষয়ে বাহিরের লোকের কাছেও খুব সাবধানে তদন্ত করিতে বলিবে। আমীর খাঁর ভৃত্য এবং অনুচরগণকে ভয় দেখাইয়া অথবা লোভ দেখাইয়া যাহা কিছু পাইবে সমস্তই যেন সে অধিকার করিয়া লয়। কেন না, এই সম্পত্তিতে প্রজাগণেরই অধিকার। যখন কোন সাময়িক রাজা, কোন ব্যক্তি বিশেষের প্রতি কোরাণ-বর্ণিত করুণা অপেক্ষা অধিক করুণা দেখাইয়া থাকেন, তখন তিনি প্রকৃত ধর্ম্ম-বিশ্বাসীদের বঞ্চিত করেন। আমীর খাঁর জীবদ্দশায় এই পাপ আমি করিয়াছিলাম, অর্থাৎ তাহাকে খুসী রাখিবার জন্য তাহাকে সম্পত্তি ভোগ করিতে দিয়াছিলাম। এখন, তার মৃত্যুর পর কেন না আমি সে-সব সম্পত্তি নিজের অধিকারে আনিব? যাক্, এসম্বন্ধে অনেক বলা হইল। আর বেশী কিছু বলিতে চাই না।