আলম্গীরের পত্রাবলী/৫৯
অবয়ব
[ ৫৯ ]
সাম্রাজ্যের বিশ্বস্ত ও অনুগত সেবক, তুমি ভাবিয়া দেখ, ফতেআল্লা খাঁর কাবুল-যাত্রা নানা কারণে যুক্তিসঙ্গত নহে। (১) সে একটা বড় জাতির হর্ত্তাকর্ত্তা। (২) সে খুব ক্ষমতাশালী। (৩) সে বদ্মেজাজী এবং বাচাল। বরনালা অবরোধের সময় রূহু্আল্লা খাঁর সহকারীরূপে তাহাকে পাঠান হইয়াছিল। কিন্তু সে তার সঙ্গে এরূপ আচরণ করিত যেন খাঁ-ই তার সহকারী। রূহ্আল্লা খাঁর ভদ্র এবং মিষ্ট ব্যবহার সত্ত্বেও এবং আমার কড়া হুকুম সত্ত্বেও সে খাঁ’র প্রতি এমন রূঢ়বাক্য প্রয়োগ করিয়াছিল, যে জন্য খাঁ’কে সকলের সামনে যথেষ্ট লজ্জিত ও অপমানিত হইতে হইয়াছিল। তুমি এই “বাহাদুর” উপাধি প্রাপ্ত, তিন হাজার সৈন্যের নায়ক, ধূর্ত্ত ফতেআল্লা খাঁর গতিবিধির উপর বিশেষ দৃষ্টি রাখিবে। তুমি এই বিষয়ে ধীরভাবে চিন্তা কর; নতুবা তাহাকে আমাদের কাছে কাছে রাখাই ভাল।