বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৬

উইকিসংকলন থেকে

[ ৬ ]

[ তৃতীয় পুত্র মুহম্মদ আজম্ শাহ্ বাহাদুরের প্রতি ]

 প্রিয়তম পুত্র আজম্, শাহান্‌শার (শাহ্‌জহানের) রোজনাম চার কয়েকটি কথা আমার খুব ভাল লাগিয়াছিল। সেগুলি তোমায় অবিকল লিখিয়া পাঠাইলাম। কথাগুলি অতি সুন্দর, তাহা এই—

 “কতকগুলি কাজ অতিশয় উৎকৃষ্ট; যথা—অসৎলোকের সহানুভূতি না করা; কোনও লোকের অভিলাষ অপূর্ণ রাখিয়া তাহাকে নিরাশ না করা; শান্তস্বভাব ব্যক্তিকে উৎপীড়িত না করা; বিশেষ অভাবগ্রস্ত না হইলে ভিক্ষা না করা; সাধুলোকের সহবাস করা; গুণবান্ এবং যোগ্যলোকের অনুসন্ধান করা; নির্ব্বোধের সংসর্গ ত্যাগ করা; যোগ্যপাত্রকে চাহিবার পূর্ব্বেই যথাসাধ্য দান করা; বিদ্বানের সমাদর করা; সৎকার্য্যে দিন যাপন করা; বিধর্ম্মীদিগের শাস্ত্রবাক্যে মনোযোগ না দেওয়া; বিশ্বস্ত কর্ম্মচারীর অবস্থার প্রতি অনবহিত না হওয়া; ধার্ম্মিকগণের সাহচর্য্যে সময় ক্ষেপণ করা; ইহলোক এবং পরলোকসম্বন্ধীয় সৎকার্য্যে যাহারা যত্নশীল, তাহাদিগের যথাসাধ্য উপকার করা।”

 এই যুগেও অনেক সৎলোক আছেন, কিন্তু তেমন লোক কোথায় যাঁহারা সৎলোকের সৎকার্য্যে উৎসাহ প্রদান করিতে ইচ্ছুক? সময়ের গতিক দেখিয়া আমি বড়ই উদ্বিগ্ন। কারণ ভগবান্ না করুন, এতদপেক্ষা অধিকতর মন্দ সময় আসিবে। তোমরা যদি সাম্রাজ্যের অভিলাষী হও, তবে সৎলোকের অনুসন্ধান কর। তাঁহাদিগকে নিজকার্য্যে নিযুক্ত করিয়া যথাসাধ্য তাঁহাদের উপকার কর।