বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৬৩

উইকিসংকলন থেকে

[ ৬৩ ]

 সাম্রাজ্যের একান্ত অনুগত সেবক, মুনাম খাঁ তার নিজের কর্ত্তব্যকাজ যথাযথভাবে পালন করে নাই। সে একেবারেই অনভিজ্ঞ; তার উপর মূর্খের মত যা’ তা’ বলে। কাজকর্ম্ম এবং কথাবার্ত্তা সম্বন্ধে তাহাকে বিধিমত শিক্ষা দেওয়া দরকার। উপস্থিত তাহাকে নীচুপদে নামাইয়া দাও।

 লাহোরে আবু নাসির খাঁ বিদ্রোহী হইয়াছে এবং সেখানকার অধিবাসিগণকে উত্যক্ত করিয়াছে। কি সে ভাবিয়াছে? সে হয়ত ভাবিয়াছে, এই রাজ্যে কোন রাজা নাই; অথবা সে তার নিজের মাথাটাকে স্কন্ধচ্যুত করিতে চায়! এ বিষয়ে তদন্ত করিয়া তুমি আজকালের মধ্যেই আমাকে জানাইবে, যাহাতে তাহাকে নীচুপদে নামাইয়া দিয়া তাহার চৈতন্যোৎপাদন করিতে পারি। গর্দ্দভেরা যখন এদিক ওদিক পলায়, তখন তাহাদিগকে ফিরাইয়া অনিতে হইলে লগুড়ের সাহায্য লইতে হয়।

 জবরদস্ত খাঁ একজন ভাল সৈনিক এবং রাজকার্য্যে সে তাহার পিতার চেয়ে সুদক্ষ। সে নিজের ক্ষমতাবলে লাহোর এবং পার্শ্ববর্তী স্থানসমূহে বিদ্রোহীদের শাস্তি দিয়াছে এবং তাহাদের ঘরবাড়ী জ্বালাইয়া দিয়াছে। এজন্য তুমি তাহাকে অভিনন্দন করিয়া এক পত্র লিখিয়া দাও এবং তাহাকে এক সম্মানের পরিচ্ছদ উপহার দিবার জন্য প্রস্তুত করিয়া রাখ।