বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৭

উইকিসংকলন থেকে

[ ৭ ]

 ভাগ্যবান্ পুত্র, তুমি যে চমৎকার খিচুড়ী ও মাংস শীতের সময় আমাকে খাওয়াইয়াছিলে, তাহার আস্বাদ আমি ভুলি নাই। ইস্‌লাম খাঁ যে খিচুড়ী রাঁধে, সে কিন্তু তার কাছে কিছুই নয়। তোমার পাচক সলিমানকে আমি চাহিয়াছিলাম, কিন্তু তুমি তাহাকে ছাড় নাই। তার কাছে রান্না শিখিয়া তারই মত পাকা রাঁধুনি হইয়াছে, এমন যদি কাহাকেও পাও, আমার নিকট পাঠাইয়া দিও। পুত্র, সেই দিনটিই আমার অতীব সুখের, যে দিন তুমি আসিয়া আমার সঙ্গে আহার এবং আমোদ-আহ্লাদ কর। আমি বৃদ্ধ হইয়াছি—মাথার চুল সাদা হইয়া গিয়াছে; কিন্তু ভালরূপ খাইবার সাধ এখনও আমার পুরাদস্তুর রহিয়াছে।