বিষয়বস্তুতে চলুন

ইসলাম ও কমিউনিজ্‌ম্/কমিউনিজ্‌মের ইতিহাস

উইকিসংকলন থেকে

কমিউনিজ্‌মের ইতিহাস

 বিখ্যাত জাম্মান মনীষী কাল-মার্কস্ (Karl Marx)-ই কমিউনিজমের আদি প্রবর্তক। ১৮১৮ খৃষ্টাব্দে জার্মানীর অন্তর্গত Treves নগরে মার্কস্ জন্মগ্রহণ করেন। প্রথমে জীবনে তিনি খ্যাতনামা জার্মান দার্শনিক হেগেলের (Hegel) শিষ্য ছিলেন; কিন্তু পরবর্তীকালে তিনি হেগেল হইতে এক স্বতন্ত্র মত প্রচার করেন। এই নূতন মতবাদের জন্য জার্মানীর তৎকালীন রাষ্ট্রশক্তির সহিত তাঁহার বিরোধ উপস্থিত হয়; ফলে তিনি জার্মানী হইতে বিতাড়িত হন। প্রথমতঃ তিনি ফ্রান্সে আসিয়া আশ্রয় লাভ করেন; পরে সেখান হইতেও বিতাড়িত হইয়া ইংলণ্ডে গিয়া অবশিষ্ট জীবন যাপন করেন। ১৮৮৩ খৃষ্টাব্দে মার্কস্ ইংলণ্ডে দেহত্যাগ করেন। আশ্চর্য্যের বিষয়, মার্কস্ জাতিতে জার্মান হইলেও এবং ফ্রান্স ও ইংলণ্ডের সহায়তায় এই বিপ্লবমূলক নবসাম্যবাদ প্রচারিত হইলেও, জার্মানী, ইংলণ্ড বা ফ্রান্স কিন্তু আজ পর্যন্ত তাঁহার প্রচারিত মতবাদ গ্রহণ করে নাই; বরং ইহার বিরোধিতাই করিয়া আসিতেছে। পক্ষান্তরে রাশিয়ার হ্যায় স্বেচ্ছাতান্ত্রিক দেশ এই মতবাদ শুধু যে নিজেরাই গ্রহণ করিয়াছে তাহা নয়, দিকে দিকে ইহার বাণীও প্রচার করিয়া ফিরিতেছে।

 মার্কস্ ছিলেন একজন সমাজতান্ত্রিক বা Socialist. অন্যান্য সকলের ন্যায় তিনিও ধনতন্ত্রের বিরুদ্ধে লেখনী চালনা করেন। তবে তাঁহার সমাজতন্ত্রের একটু বৈশিষ্ট্য ছিল। বৈজ্ঞানিক ভিত্তিতে তিনি তাঁহার মতবাদকে প্রতিষ্ঠিত করিতে প্রয়াস পান। এই জন্যই তাঁহার সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র (Scientific Socialism) বলা হয়।

 ১৮৪৪ খৃষ্টাব্দে মার্কস্ যখন ফ্রান্সে অবস্থান করিতেছিলেন, তখন তাঁহার অন্তরঙ্গ বন্ধু ফ্রেডারিক এঙ্গেল (Frederich Engels) আসিয়া তাঁহার সহিত যোগ দেন। এঙ্গেলও মার্কসের ভাবে অনুপ্রাণিত হইয়া উঠেন। তথন উভয়ে মিলিয়া নিজেদের মতবাদ প্রচার করিবার জন্য গোপনে একটা পার্টি বা দল গঠন করেন, তাহার নাম দেন League of Communists. ইহার কিছু পরেই মার্কস্ প্যারী ত্যাগ করিয়া ইংলণ্ডে যাইতে বাধ্য হন। অতঃপর ১৮৪৮ খ্রীষ্টাব্দে মার্কস ও এঙ্গেলস্ নিজেদের মতবাদের ব্যাখ্যা-বিশ্লেষণ করিয়া একটা এশতেহার প্রচার করেন, তাহারা নাম দেন “Manifesto of the Communist Party.” সেই হইতেই ‘কমিউনিস্ট’ এবং ‘কমিউনিজম’ কথার প্রচলন হয়। কমিউনিস্টদের মত ও পথই হইল কমিউনিজম্, অথবা কমিউনিজমের নীতি ও আদর্শ যাহারা গ্রহণ করে, তাহারাই কমিউনিস্ট।

 কমিউনিজমের ইতিহাসে কমিউনিস্ট, এশতেহারটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। আমরা নিম্নে উক্ত এশতেহারের একটা অতি সংক্ষিপ্ত পরিচয় দিতেছি। তাহা হইতেই পাঠক ধারণা করিতে পারিবেন কমিউনিজম্ কী এবং তাহার লক্ষ্য ও উদ্দেশ্যই বা কী।