কড়ি ও কোমল (রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৮৬)/স্তন (১)
অবয়ব
(পৃ. ১৯৬)
(১৯৬ )
স্তন।
(১)
নারীর প্রাণের প্রেম মধুর কোমল,
বিকশিত যৌবনের বসন্ত সমীরে
কুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে,
সৌরভ সুধায় করে পরাণ পাগল।
মরমের কোমলতা তরঙ্গ তরল
উথলি উঠেছে যেন হৃদয়ের তীরে!
কি যেন বাঁশীর ডাকে জগতের প্রেমে
বাহিরিয়া আসিতেছে সলাজ হৃদয়,
সহসা আলােতে এসে গেছে যেন থেমে
সরমে মরিতে চায় অঞ্চল আড়ালে।
প্রেমের সঙ্গীত যেন বিকশিয়া রয়,
উঠিছে পড়িছে ধীরে হৃদয়ের তালে!
হেরগাে কমলাসন জননী লক্ষ্মীর―
হের নারী-হৃদয়ের পবিত্র মন্দির।