বিষয়বস্তুতে চলুন

কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/কল্কির জন্ম কথা

​

কল্কির জন্ম কথা।

দেবগণে লয়ে ব্রহ্মা বিষ্ণু কাছে যান।
স্তবে তুষ্ট হয়ে বিষ্ণু করেন বিধান॥
চল সবে দেবগণ আর ভয় নাই।
এখনি নাশিতে কলি অবনিতে যাই॥
শন্তলে যাইব আমি বিষ্ণুযশা ঘরে।
সিংহলে যাউক লক্ষ্মী কৌমুদি উদরে॥

​

দুষ্টে মারি করি রাজা দেবাপি মরুরে।
আসিব আলয়ে ফিরে সত্যযুগ করে॥
এত বলি সুমতির গর্ভে ভগবন।
বৈশাখ দ্বাদশী শুক্লে অবতীর্ণ হন ॥
সুর নর দেখে তুষ্ট করে কত দান।
অপ্‌সরেরা নৃত্য করে গন্ধর্ব্বেরা গান ॥
ধাই কার্য্য করে ষষ্ঠী শুদ্ধ গঙ্গাজলে।
অম্বিকা কাটিল নাই জয় জয় বলে॥
মেনা দেন বসুমতী, সাবিত্রী আঁতুরে।
আর আর মেয়েগুলো মঙ্গলাদি করে॥
চার হাত দেখে ব্রহ্মা অনিলে পাঠায়
আঁতুরে যাইয়ে বায়ু, জানাইল তাঁয়॥
দেবের দুর্লভ মূর্ত্তি, চতুর্ভুজ হন।
দ্বিভুজ পবন বাক্যে হন নারায়ণ॥
দুই হাত দেখে সব হইল বিস্ময়।
এ দিকেতে বেদ পাঠ দান ধ্যান হয়॥
রাম কৃপ ব্যাস দ্রৌণি আদি মুনিগণ।
হরিরে দেখিতে সবে করে আগমন ॥
বিষ্ণুযশা মহানন্দে পূজে মুনিগণে।
বালকেরে দেখাইল হরষিত মনে॥

​

হরিরে দেখিয়ে সবে করে নমস্কার।
কলিরে নাশিতে প্রভু কল্কি অবতার॥
বিষ্ণু অংশে জন্মেছিল আর তিন ভাই।
কবি প্রাজ্ঞ সুমন্ত্রক বলিষ্ঠ সবাই॥
কল্কিরে হেরিয়ে সুখী বিশাখ নৃপতি।
উথলে মেদিনী হর্ষে অগতির গতি॥
পাঠে ব্যগ্র দেখে পুত্ত্রে বিষ্ণুযশা বলে।
পড়াব সাবিত্রী বেদ পৈতে দিয়ে গলে॥
বেদ কিবা পৈতে পিতা কহ মোরে ভেদ।
পিতা বলে শুন পুত্ত্র হরি বাক্য বেদ॥
সাবিত্রী বেদের মাতা পৈতেতে ব্রাহ্মণ।
বেদ তন্ত্রে তপ যজ্ঞে হরি তুষ্ট হন ॥
ব্রাহ্মণেরা ব্রহ্মবাদী বেদে অধিকার।
যাগ যজ্ঞে শ্রীবিষ্ণুরে তোষে অনিবার॥
সেই হেতু পৈতে দিব করিয়াছি মনে।
খাওয়াব ব্রাহ্মণ জ্ঞাতি তোমার মুণ্ডনে॥
পুত্ত্র বলে দ্বিজ কেন বিষ্ণু পূজা করে।
প্রকাশিয়ে বল পিতা ফল কি সংস্কারে॥
খুঁচে খুঁচে কেন বাপ এত কথা কও।
দশ সংস্কারেতে বাছা ব্রাহ্মণ ত হও॥

​

ব্রাহ্মণেরা করে পূজা সন্ধ্যা তিন বার।
বিষ্ণুর অর্চ্চনা করি তরায় সংসার॥
তপস্বী, সাবিত্রী পূজে, সদানন্দময়।
জপ পরায়ণ ধীর নিয়মেতে রয়॥
এ সব গিয়েছে বাছা কলি আগমনে।
দুরাচারী মহাপাপী যতেক ব্রাহ্মণে॥
মদ খায় বেশ্যাসক্ত পরনারী হরে।
বেদ মন্ত্র দূরে থাক সন্ধ্যা নাহি করে॥
মিথ্যা কথা পদে পদে করে নানা ভাণ
কলির ব্রাহ্মণে আর নাহি ধর্ম্মজ্ঞান॥
কলি কুল বিনাশিতে জন্মে ভগবান।
পিতৃ বাক্যে তুষ্টে কল্কি গুরুকুলে যান।
এই কথা পড়ে শোনে যেবা এক মনে।
অনায়াসে লভে সেই ধর্ম্মবিদ্যাধনে॥

ইতি কল্কির জন্ম কথা।