বিষয়বস্তুতে চলুন

কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/কল্কির লেখা পড়া

উইকিসংকলন থেকে

কল্কির লেখা পড়া।

সুত বলে যবে কল্কি গুরুকুলে যান।
ঘরে লয়ে গেল যমদগ্নি পুত্ত্র রাম॥

অছে ব্রাহ্মণ তনয় জান না আমায়।
ভৃগুবংশে জন্ম মম পড়াব তোমায় ॥
বেদ শাস্ত্র ধনুর্ব্বেদ ভাল আমি জানি।
পড়িলে আমার কাছে হবে বড় জ্ঞানী॥
ক্ষেত্রি শূন্য করে ধরা দ্বিজে করি দান।
আসিয়ে মহেন্দ্র শৃঙ্গে করি অবস্থান॥
আমি যমদগ্নি পুত্ত্র গুরু বোলে মান।
পড়ায় অনেক শাস্ত্র দিব্য দিব্য জ্ঞান॥

নমি কল্কি মহানন্দে করে অধ্যয়ন।
চারি বেদ ধনুর্ব্বিদ্যা আর ব্যাকরণ॥
শুনে মাত্র শিখে সব পড়া সাঙ্গ করি।
কি দিব দক্ষিণা দেব! বলেন শ্রীহরি॥
শুনে রাম বলে প্রভো! হে কলি নাশন।
অবশ্য দক্ষিণা গুরু করিবে গ্রহণ॥
ব্রহ্মার বিনয়ে তব জনম শম্ভলে॥
পড়া শুন মোর কাছে বিবাহ সিংহলে॥
শঙ্করের কাছে অস্ত্র বেদরূপী শুক।
লয়ৈ হয় রেখো ধর্ম্ম কর সত্য যুগ॥

দুরাত্মা কলির প্রিয় বৌদ্ধগণে নাশী।
দেবাপি মরুরে রাজ্য দিও অবিনাশী॥
আমার দক্ষিণা এই করিবে প্রদান।
সদা সুখে করি আমি তপ যজ্ঞ ধ্যান॥