কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/ব্রহ্মসভায় ভক্তি দর্শন
ব্রহ্মসভায় ভক্তি প্রদর্শন।
ভক্তি কারে বলে রাজা, বলে নৃপগণ।
কারে ভক্ত বলা যায়, কি করে ভোজন॥
কি কাজ কোথায় বাস আলাপ কি করে।
তোমাকেই করেছেন জাতিস্মর হরে॥
জান সব মহারাজ প্রকাশিয়ে কও।
হাঁসি মুখে বলে শশি জয়যুক্ত হও॥
জিজ্ঞাসিলে সেই কথা সনক সেকালে।
ব্রহ্মসভা যারে আসি নারদেরে বলে॥
বোসেছিনু আমি সেথা শুনিয়াছি সব।
পরম পবিত্র কথা সমুদায় কব॥
সংসার হইতে মুক্ত কিসে হওয়া যায়।
কেমন সে হরি ভক্তি পাব কি উপায়॥
জিজ্ঞাসে সনক, দেবর্ষি নারদ কয়।
ভক্তি মুক্তি রূপঃ এই কথা সুধাময়॥
পঞ্চেন্দ্রিয় মন আগে সংযত করিয়ে।
গুরুকে অর্পিবে দেহ এক চিত্ত হয়ে॥
প্রসন্ন হইলে গুরু হরি তুষ্ট হন্।
এ কথা অন্যথা নয় নিজে হরি কন্ ॥
প্রণব স্বাহার মাঝে, মবর্ণ বিষ্ণুরে।
স্মরে বাসুদেবে পূজা কোরো উপচারে ॥
পাদ্য অর্ঘ্য আচমন বসন ভূষণ।
পুষ্প নৈবিদ্যাদি দিও পার যে যেমন ॥
বুকে কোরে তাঁর, রাঙা পদ দুই খানি।
সেই হরি-পাদ-পদ্মে দিও তব প্রাণি ॥
দিও আর বাক্য মন বুদ্ধীন্দ্রিয়গণ।
জানিবে দেবতা সব বিষ্ণু-অঙ্গ হন্ ॥
জগতে তিনি বিনা কেহ নাহি আর।
দেব দেবী আছে যত আত্মমূর্ত্তি তাঁর ॥
ভক্ত হয়ে মনে কোরো সেবক তাঁহার।
অজ্ঞানেতে বস্তু কার্য্য করেন স্বীকার॥
সেব্য সেবকতা ভাবে শুদ্ধ ভক্ত সনে।
দ্বৈত ভাব আছে তাঁর ঠিক জেনো মনে॥
তাঁর মূর্ত্তি বিনা দেখ কিছু নাই আর।
যথার্থ ভক্তেরা স্মরে রূপ অনিবার॥
নাম সঙ্কীর্ত্তনে সুখ অন্তরে পাইয়া।
হাঁসে কাঁদে নাচে গায় উম্মত্ত হইয়া॥
হইয়ে শিশুর মত ভূতলে লুটায়।
একেবারে আপনারে ভক্তে ভুলে যায়॥
এই অকপট ভক্তি এতে স্তব্ধ হয়।
সুরাসুর নর দেব যেবা যেথা রয়॥
ভক্তিই প্রকৃতি নিত্য লভে ব্রহ্ম-ধন।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভক্তিরূপ হন্॥
বেদ চেও ভক্তি বড় সত্ব-গুণে হয়।
রজ গুণ প্রভাবেতে ইন্দ্রিয় প্রস্রয়॥
তমোগুণে ভেদদর্শী বুদ্ধি লোপ পায়।
কুকাজেতে রত সদা নরকেতে যায়॥
সত্বগুণে নির্গুণতা লভে ভক্তগণ।
রজগুণে ঘর বাড়ী নারী রত্ন ধন॥
ভক্তেরা পবিত্র বস্তু বিষ্ণু নিবেদিয়ে।
ভোজন করিবে ভাই সন্তুষ্ট হইয়ে॥
এঁটো হলে ঘৃণা তাহে কোরো নাকখন।
বলেন সাধুরা এঁরে সাত্ত্বিক ভোজন॥
বীর্য্য রক্ত আয়ু ইন্দ্রী তুষ্ট যাতে হয়।
সেই দ্রব্য খেলে রাজস ভোজন কয়॥
কটু অম্ল উষ্ণ আদি করিলে আহার।
তামস ভোজন বলে সংসারের ছার॥
সাত্ত্বিকে রা বনে থাকে রাজসিক গ্রামে।
তামসের বাসভূমি দূত বেশ্যা স্থানে॥
সেবক কামনা হীন নাহি দেন হরি।
উভয়ের বাড়ে প্রেম ভক্তি-রসে পড়ি॥
সনক ঋষিরে পূজে শুনি বিষ্ণু গান।
শুদ্ধ মনে ইন্দ্রালয়ে করেন প্রস্থান॥
ইতি ব্রহ্মসভায় ভক্তি প্রদর্শন।