বিষয়বস্তুতে চলুন

কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/ভিক্ষুক রূপধারী সত্যযুগ

উইকিসংকলন থেকে

ভিক্ষুক রূপধারী সত্যযুগ।

বুড়ো ভিখারিরে কল্কি দেখিয়ে আগত।
উঠিয়ে সৎকার তাঁরে করে বিধি মত॥

আসনে বসায়ে প্রভু করে নিবেদন।
কে আপনি বল কেন? হেথা আগমন॥

আমি সত্যযুগ প্রভো! তব আজ্ঞাকারী।
দীননাথ দুই চোখে তোমারে নেহারি॥
তুমি দিন রাত্রি পক্ষ মাস সম্বৎসর।
তোমার আদেশে হয় যুগ যুগান্তর॥
তোমাতেই চৌদ্দ মনু নাম ভিন্ন তার।
বিভূতি স্বরূপ এঁরা হন্ আপনার॥

দ্বাদশ হাজার বর্ষে দেবে যুগ চার।
চেরে সত্য তিনে ত্রেতা দুয়েতে দ্বাপর
বৎসর হাজার এক কলির প্রমাণ।
তোমা হতে হয় প্রভো এ সব বিধান॥
তোমা বিনা সমুদায় হইলে প্রলয়।
সুরাসুর নর আদি ব্রহ্মা পান লয়॥
তব নাভিপদ্ম হতে, প্রলয়ের পর।
ব্রহ্ম আবির্ভূত হয়ে হন্ সৃষ্টিধর॥
আমি সেই সত্যযুগ নাম মাত্র ভেদ।
প্রভো হেরি দেখ সব কলির উচ্ছেদ॥

সত্যযুগ বাক্য কল্কি করিয়ে শ্রবণ।
কলি বিনাশিতে বলে চল সৈন্যগণ॥
চল হে বান্ধব ভাই বিলম্ব কোরো না।
রণসাজ সেজে সবে চল না চল না॥

ইতি সত্যযুগ কথা।