বিষয়বস্তুতে চলুন

কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/মরু ও দেবাপির যুদ্ধ-যাত্রা

উইকিসংকলন থেকে

মরু ও দেবাপির যুদ্ধ যাত্রা।

কল্কির আদেশে মরু দেবাপি রাজন্।
অসংখ্য সেনার সনে উপস্থিত হন্॥
নৃপতি বিশাখযূপ রুচিরাশ্ব আর।
এলো রাজা সেনা সনে ছিল যত যার॥
ভাই পুত্ত্র নৃপ বন্ধু আর সেনা চয়।
বাহির হইল কল্কি কর্ত্তে দিগ্বিজয়॥

কলি-দাপে দ্বিজরূপে ধর্ম্ম আসি কয়।
লয়ে সঙ্গে সুখ মুদ প্রসাদ অভয়॥
অদর্শ, স্মরণ, ক্ষেম, অর্থ, প্রতিশ্রয়।
নর নারায়ণ এঁরা ধর্ম্মের তনয়॥
তুষ্টি পুষ্টি মেধা বুদ্ধি শ্রদ্ধা মৈত্রী দয়া।
ক্রিয়া শান্তি মূর্ত্তি তৃষ্ণা এঁরা ধর্ম্ম-জায়া॥

সাথে কোরে ধর্ম্ম নিজ পুত্ত্র পরিবার।
কল্কি-কাছে নিবেদিল দশা আপনার॥
দেখে কল্কি দ্বিজে বলে করিয়া সৎকার।
এখানেতে এস কেন লয়ে পরিবার॥
সত্য বল কোথা থাক রাজ্য সেই কার।
শক্তি হীন দীন দেখি মলিন আকার॥
কল্কি কথা শুনে ধর্ম্ম স্তব করি বলে।
আমার আখ্যান, জন্ম তব বক্ষঃস্থলে॥
ধর্ম্ম মোর নাম আমি হব্য কব্য ভাগী।
দেবের প্রধান তব পদ অনুরাগী॥
দুরাত্মা কলির দাপে হে অখিলাধার!।
কাম্বোজ শবর শকে পীড়িত সংসার॥
তারা পাপী দুরাচারী ধর্ম্ম কারে বলে।
বদনে আনে না হরি জানে না সকলে॥
শুনে হর্ষে বলে কল্কি দেখে সত্যযুগে।
সূর্য্যবংশে সমুৎপন্ন দেখ এ মরুকে॥
আমি বিধাতার আজ্ঞে জন্ম মর্ত্ত্যে লই।
বিনাশী কীট-বাসী বৌদ্ধগণে এই॥
শুনে তুমি সুখী হবে ফের চল যাই।
অবৈষ্ণবগণে নাশী আসিয়াছি তাই॥

শুনে ধর্ম্ম রেখে সিদ্ধাশ্রমে পরিবার।
চলে রণে শত্রুগণে করিতে সংহার॥
ও সময়ে কর্ম্ম তাঁর সাধুর সৎকার।
ক্রিয়া ভেদ উগ্র বল শাস্ত্র বাণ তাঁর॥
অগ্নি আগে যম তপ সঙ্গে যজ্ঞ দান।
শবর কাম্বোজ খসে করেন প্রয়াণ॥
সাত ঘোঁড়া রথে চড়ে সারথী ব্রাহ্মণ।
কল্কি সনে রণ যাত্রা করেন তখন॥
কলির আবাস স্থান অতি ভয়ঙ্কর।
শিয়াল উলুক কাকে ভূতে ভরা ঘর॥
গোমাংস বিষ্ঠার গন্ধে আঁত উড়ে যায়।
কলির নারীরা সদা কোন্দলে কাটায়॥
যুদ্ধ কথা শুনে কলি মহারাগ কোরে।
স্বজনে আইল রণে পেঁচা রথ চড়ে॥
কল্কি বলে মার ধর্ম্ম কলি দুরাচারে।
আজ্ঞা পেয়ে ধর্ম্ম তারে দুহাতেতে মারে॥
এ দিকেতে ৠত দম্ভে, প্রসাদ লোভেরে।
জরা স্মৃতে, ভয় সুখে, ক্রোধ অভয়েরে॥
নিরয় মদের সনে, আধি যোগ রণে।
ব্যাধি ক্ষেমে, গ্লানি প্রশ্রয়ের সনে॥

এই রূপে একে বারে তুমুল সমর।
দেখিতে এলেন ব্রহ্মা দেবতা কিন্নর॥
কাম্বোজ ও খসে মরু দেবাপি বর্ব্বরে।
পুলিন্দ বিশাখযূপে মহারণ করে॥
কল্কি স্বয়ং ভগবান্ অস্ত্র শস্ত্র ধরে।
কোক ও বিকোক সনে মহাযুদ্ধ করে॥
ব্রহ্মা-বরে মহাদর্শী দুই সহোদর।
একরূপী মহাবলী যুদ্ধেতে তৎপর॥
ওরা দুটো ভাই যদি শুম্ভ সনে মেলে।
রণে পরাজয় করে মৃত্যুকেও ফেলে॥
যুদ্ধস্থলে পেয়ে ভয় দেবতা পলায়।
জন্তুর শব্দেতে কানে তালা লেগে যায়॥
কোটী কোটী যোদ্ধা পড়ে জীবে লাগে ভয়।
হস্ত পদ কাটে মুণ্ডু গড়াগড়ি যায়॥

ইতি মরু ও দেবাপির যুদ্ধ-যাত্রা।