কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/শিব স্তব
শিব স্তব।
গুরুর বচনে কল্কি ধ্যান করি মনে।
প্রণাম করিয়ে স্তব করে পঞ্চাননে॥
হে গৌরীবল্লভ! তুমি বিশ্বনাথ।
বেড়াও চড়িয়ে ষাঁড়ে ভূতগণে সাথ॥
তুমি হে আনন্দময় যোগীর ঈশ্বর।
পুরাণ পুরুষ আদি দেব মহেশ্বর॥
ত্রিনয়ন পঞ্চানন শোভে সর্প গলে।
তোমারে বন্দনা করি খেপা সবে বলে॥
তুমি হে মঙ্গল ময় শোভে শশি ভালে।
শিরে গুঙ্গা জটাধারী বেষ্টিত তোলে॥
তুমি হে শ্মশানবাসী কামের করাল।
নমস্কার করি আমি তুমি মহাকাল॥
অক্ষমালা শোভে বক্ষে অহে শূলপানি।
তর তেজে মেশে জীব লয় কালে জানি॥
পঞ্চভূতে কর সৃষ্টি ব্রহ্মানন্দে রত।
তোমাকেই নমস্কার করি অবিরত॥
পরম ঈশ্বর তুমি বিশ্ব সারাৎসার।
তোমার আশ্রয়ে থেকে সাধু হয় পার॥
তোমার আজ্ঞায় বায়ু হয় প্রবাহিত।
গ্রহ তারাগণে শশি স্বর্গে সমুদিত॥
হে দেব! আদেশে তব দিবানিশি হয়।
ধরণী ধারণ করে অহে দয়াময় ॥
তোমার আজ্ঞাতে প্রভো স্বর্গে দেবগণ।
দরকার হৈলে বারি করে বরিষণ॥
সুমেরু শিখর মাঝে করি অবস্থান।
ধারণ করেছে ধরা তব বিদ্যমান ॥
তোমার আদেশে প্রভো চলেছে সংসার।
মম স্তবে তুষ্ট হও করি নমস্কার॥