বিষয়বস্তুতে চলুন

কালিদাস ও ভবভূতি (রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ)/মাতৃগুপ্ত, কালিদাস

​ মাতৃগুপ্ত—কালিদাস।—কথিত আছে—এই দ্বিতীয় প্রবরসেন রাজ্যপ্রাপ্তির পূর্ব্বেই তীর্থ যাত্রার জন্য কাশ্মীর ত্যাগ করিলে, বিক্রমাদিত্য তদীয় প্রিয়সুহৃৎ মাতৃগুপ্তকে দ্বিতীয় প্রবরসেনের ​পিতৃব্য হিরণ্য মহারাজের মৃত্যুর পর, কাশ্মীর সিংহাসনে প্রতিষ্ঠাপিত করেন। বিক্রমাদিত্যের পরলোকপ্রাপ্তির পর বন্ধু-শোকার্ত্ত মাতৃগুপ্ত কাশ্মীর পরিত্যাগ পূর্ব্বক বারাণসীতে কিছু দিনের জন্য তীর্থবাস করেন। এই সময়ে পূর্ব্বোক্ত তীর্থকাম প্রবরসেনও তথায় বাস করিতেছিলেন। উভয়ে যথেষ্ট মৈত্রীও জন্মে। মাতৃগুপ্ত নিজে এক জন তৎকালবর্ত্তী কবিকুলের শীর্ষস্থানীয় ছিলেন। ‘কালিদাস’ তাঁহারই নামান্তর। প্রবরসেনের সহিত মিত্রতা-সংঘটনের পর কালিদাস ওরফে মাতৃগুপ্ত নিজে অতিযত্নে ‘সেতুবন্ধ’ কাব্য প্রণীত করিয়া, বন্ধুর নামে প্রচার করেন।