বিষয়বস্তুতে চলুন

কালিদাস ও ভবভূতি (রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ)/হর্ষবর্দ্ধন ও বাণ

​ হর্ষবর্দ্ধন ও বাণ।—পূর্ব্বে থানেশ্বরের, পরে কনোজের অধিপতি, হর্ষবর্দ্ধন ৬০৭ খৃঃ অব্দে সিংহাসনে অধিরূঢ় হইয়া প্রায় ৪০ বৎসর কাল রাজত্ব করেন। কবিবর বাণ রাজা হর্ষবর্দ্ধনের ​একজন প্রধান সভাসদ ছিলেন। সুতরাং বাণের আবির্ভাবকাল ৬০৭ + ৪০ = ৬৪৭ খৃষ্টাব্দের মধ্যে বা ৭ম শতাব্দী। এই বাণ তদীয় হর্ষচরিত গ্রন্থের ভূমিকায় কালিদাসের এই প্রকারে প্রশংসাবাদ করিয়াছেন—

নির্গতাস্থ ন বা কস্য কালিদাসস্য সূক্তিষু।
প্রীতির্মধুরসার্দ্রাসু মঞ্জরীষ্বিব জায়তে॥

প্রত্নতত্ত্ববিদ্‌গণ বলেন যে, কালিদাস ৭ম শতাব্দীর পূর্ব্বে অন্ততঃ আবির্ভূত না হইলে আর ৭ম শতাব্দীর প্রাতঃকালে অর্থাৎ ৬০৭ হইতে আরম্ভ করিয়া কতিপয় বৎসরের মধ্যে হর্ষবর্দ্ধনের সভাসদ্‌ বাণ কখনও এত গুণ কীর্ত্তন করিতে পারিতেন না।