গীতিগুঞ্জ/৪৯
অবয়ব
(পৃ. ৫৬)
৪৯
ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে,
যে পথে আসিবে তরুণ প্রভাত অরুণ-তিলক-মাথে।
যে পথে কাননে আসে ফুলদল,
যে পথে কমলে পশে পরিমল,
যে পথে মলয় আনে সৌরভ শিশিরসিক্ত প্রাতে।—
আমি সেই পথে যাব সাথে।
যে পথে বধুরা যমুনার কূলে
যায় ফুল হাতে প্রেমের দেউলে,
য পথে বন্ধু বন্ধুর দেশে চলে বন্ধুর সাথে।—
আমি সেই পথে যাব সাথে।
যে পথে পাখিরা যায় গো কুলায়,
যে পথে তপন যায় সন্ধ্যায়,
সে পথে মোদের হবে অভিসার শেষ তিমির-রাতে।
কীর্তন