গুরুদক্ষিণা/উপসংহার
উপসংহার
কল্যাণীয় শিষ্যগণ, এতক্ষণে আমাদের গল্প শেষ হইল। এই উতঙ্কের হৃদয়ে যে সর্ব্বদা মহত্ত্ব স্ফূর্ত্তিপ্রাপ্ত হইয়াছিল, সে কি আর বলিয়া দিতে হইবে? প্রার্থনা করি, তোমরাও ব্রহ্মচারী হইয়া বিশ্বের অতল রহস্য জানিতে পাও, সতীর সৌন্দর্য্য দেখিতে পাও, গুরুর আশীর্ব্বাদকে চিরসঙ্গী করিয়া রাখ। উপসংহারে আমিও বেদের মত বলিতেছি “আমাদের আশীর্ব্বাদ মেঘে মিশিয়া বৃষ্টিরূপে তোমাদের মাথায় পড়ুক, সূর্য্যকিরণে মিলিয়া প্রতিদিন প্রভাতে তোমাদের চক্ষে আসিয়া আবির্ভূত হৌক এবং তোমাদের হৃদয়ের মধ্যে নিবিড় শান্তি বহন করিয়া বায়ুর সহিত সঞ্চরিত হইতে থাকুক্!
“তোমাদেরো হৃদয়ে ব্রহ্মমন্ত্র নিবিষ্ট হৌক। জগতের আনন্দরসে সিক্ত হইয়া চিত্তমন প্রসন্ন হৌক। সংসারে জীবন সফল হৌক—প্রাণে সর্ব্বদা মহত্ত্ব প্রস্ফূর্ত্ত হৌক। তোমরাও সকলে কৃতী হও, শক্তিমান হও, নির্ভয় হও, নির্ম্মল হও, ব্রহ্মনিষ্ঠ হইয়া আত্মাকে সার্থক কর।”
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।