বিষয়বস্তুতে চলুন

গুরুদক্ষিণা/পঞ্চম পরিচ্ছেদ

উইকিসংকলন থেকে

​

পঞ্চম পরিচ্ছেদ

 উতঙ্ক পৌষ্যের বাড়ী পৌঁছিতে পৌঁছিতে সন্ধ্যা হইয়া আসিল। উতঙ্ক ভাবিলেন রাত্রেই কুণ্ডল লইয়া ফিরিবার চেষ্টা করিব। তিনি দেরী না করিয়া সোজাসুজি পৌষ্যের কাছে গিয়া তাঁহার ইচ্ছাটা জানাইলেন।

​ পৌষ্য সসম্ভ্রমে অভিবাদন করিয়া পা ধুইবার জল দিয়া বলিলেন “মহাত্মন্, হাত মুখ ধুইয়া আগে বিশ্রাম করুন—আপনি নিজেই অন্তঃপুরে গিয়া রাণীর কাছে আপনার যাহা চাহিবার চাহিয়া লইবেন—ব্যস্ত হইবার কি কারণ!”

 উতঙ্ক বলিলেন “রাজন্, দীর্ঘায়ু হউন—আপনার কল্যাণ হৌক! আপনার উদারতায় অত্যন্ত সন্তুষ্ট হইলাম। আজই কুণ্ডল লইয়া ফিরিতে পারিলে ভাল হইত! তাহা না হইলেও—আমি এখনই কুণ্ডল যাচ্ঞা করিব মনে করিয়াছি। বাস্তবিক যতক্ষণে জননীর প্রিয় দক্ষিণা না সংগ্রহ করিতে পারি ততক্ষণ আমার চিত্ত শান্ত হইবে না।”

 রাজা ঈষৎ হাসিয়া বলিলেন “তবে অন্তঃপুরে প্রবেশ করুন—প্রতিহারী এখনি আপনাকে পথ দেখাইয়া লইয়া যাইবে। মহাত্মন্, আমি এখন সন্ধ্যার কাজে নিযুক্ত হইব—আমার অপরাধ গ্রহণ করিবেন না।”

 এই বলিয়া পৌষ্য উতঙ্কের পায়ে মাথা ঠেকাইয়া ​প্রণাম করিয়া বিদায় লইলেন। উতঙ্ক আহ্লাদে দুই হাত তুলিয়া রাজাকে আশীর্ব্বাদ করিলেন এবং প্রতিহারীর পিছে পিছে অন্তঃপুরের দিকে অগ্রসর হইতে লাগিলেন।

 সন্ধ্যার অন্ধকারের মধ্যে চারিদিকে রাজবাড়ীর কক্ষে কক্ষে দীপ সকল জ্বলিয়া উঠিয়াছে। অগ্নিগৃহে বেদীর উপর রাঙামুকুট পরিয়া অগ্নিদেব জাগিয়া বসিয়াছেন—আরতির ঘণ্টা বাজাইয়া পৌষ্য সেখানে মন্ত্রপাঠ করিতেছেন।

 অন্তঃপুরে প্রবেশ করিয়া উতঙ্ক দেখিলেন উঠানে একটি বৃহৎ বকুলগাছ, তাহাতে অন্ধকার জমিয়া বসিয়াছে—চারিদিকে হর্ম্ম্যের জানালা হইতে আলো পড়িয়া তাহার পাতাগুলি দূর হইতে অত্যন্ত কালো এবং চক্‌চকে দেখাইতেছে। ঐ গাছটির মূলে একটি পুষ্ট গাভী দাঁড়াইয়া আছে। সুরভির শরীর পাটল কিন্তু সন্ধ্যায় কালো দেখাইতেছে—কপালের শ্বেত চন্দ্রকলাটি, পুচ্ছ ও ক্ষুরের কাছে শুভ্রতা গোধূলির মধ্যে বড়ই সুন্দর দেখাইতেছে। সুরভির শরীরে কেমন একটি সুগন্ধ যেন লাগিয়া রহিয়াছে—আঘ্রাণে শরীরে ​শান্তি বোধ হয়। সুরভির সম্মুখে লাল রঙের চেলী পরিয়া কয়েকটি কন্যা ধূপ দীপ লইয়া সুরভির সেবা করিতেছে।

 একটি কক্ষে প্রতিহারী উতঙ্ককে বলিল “ব্রহ্মচারিণ্, আপনি এই কক্ষে কিছুকাল অপেক্ষা করুন, আমি মহারাণীকে ডাকিয়া লইয়া আসিব—ঐ কাছের কক্ষটিতে তিনি আপনাকে অভিবাদন করিবেন।” এই বলিয়া প্রতিহারী সেই সুরভি গাভীর দিকে চলিয়া গেল। উতঙ্ক কাছের কক্ষটিতে গিয়া বসিলেন।

 বসিয়া বসিয়া উতঙ্ক দেখিতে লাগিলেন কি একটি মঙ্গলময় শোভায় চারিদিক শোভিত হইয়াছে! চারিদিকে কেমন একটি শান্তিময় গন্ধ! দেখিলেন রাণী শুভশুক্লার সখীগণ লাল চেলীর কাপড় পরিয়া দীপ হাতে করিয়া আঙিনার মধ্য দিয়া এদিক ওদিক আসা-যাওয়া করিতেছেন। তাহাদেরি হাতের দীপের আলোকে তাহাদের সুন্দর মুখগুলি কেমন উজ্জ্বল হইয়া উঠিয়াছে! তাহাদের মুখে কি একটি আনন্দময় শান্তিময় ভাব!

​ অবশেষে প্রতিহারী আসিয়া তাঁহাকে ডাকিল। উতঙ্ক ধীরে ধীরে অগ্রসর হইয়া একটি কক্ষে প্রবেশ করিলেন। কক্ষের মধ্যে পরিষ্কার একটি প্রদীপ জ্বলিতেছে। সুগন্ধ-তৈল পুড়িবার একটু মৃদু গন্ধ পাওয়া যাইতেছে। চারিদিকে একটি লঘু ধূপের ধোঁয়া উঠিতেছে—কক্ষটির মধ্যে কোন জিনিষ-পত্র নাই—পরিষ্কার!

 উতঙ্ক প্রবেশ করিয়া কাহাকেও দেখিতে পাইলেন না। প্রতিহারী তাঁহাকে বসিবার জন্য একটি শঙ্খনির্ম্মিত আসন দেখাইয়া দিলেন। তিনি বসিয়া প্রতিহারীকে জিজ্ঞাসা করিলেন “এখনো কি রাণী আসেন নাই? আমার বড়ই বিলম্ব হইতেছে!”

 প্রতিহারী আশ্চর্য্য হইয়া কহিল “ঐ যে শঙ্খনির্ম্মিত শুভ্র-আসনে রক্তবস্ত্র পরিয়া মা শুভশুক্লা বসিয়া আছেন, আপনি কি দেখিতে পাইতেছেন না?”

 উতঙ্ক বিশেষ দৃষ্টি করিয়াও কিছুই না দেখিয়া আশ্চর্য্য হইয়া কহিল “প্রতিহারী, তুমি ও কি বলিতেছ! তুমি কি আমাকে উপহাস করিতেছ? কোথায় রাণী বসিয়া আছেন? আমি ত কিছুই দেখিতে পাইতেছি না।”

​
কোথায় রাণী বসিয়া আছেন? আমি ত কিছুই দেখিতে পাইতেছি না।
​ বৃদ্ধা প্রতিহারী হাসিয়া কহিল, “ব্রহ্মচারী রাগ করিবেন না—আপনি বোধ হয় অশুচি আছেন, তাই সতীমাতা শুভশুক্লাকে দেখিতে পাইতেছেন না!”

 ব্রহ্মচারী স্মরণ করিয়া মনে মনে ভাবিলেন, “তবে কি সেই স্বপ্ন প্রকৃতই স্বপ্ন নহে? সেই যে গোময় ভক্ষণ করিয়াছিলাম, তাহার পর আর আচমন করি নাই বলিয়া অশুচি আছি বটে, কিন্তু সে ব্যাপারটাকে যে স্বপ্ন মনে করিয়াছিলাম। কি আশ্চর্য্য! সতীর এ কি মহিমা!” শীঘ্রই উতঙ্ক আচমন করিয়া আসিলেন।

 অনেক মহাযজ্ঞ যার তীরে প্রতিদিন অনুষ্ঠিত হইয়া থাকে, এমন সরস্বতীর পবিত্র-জলে হাতমুখ ধুইয়া, চক্ষু সেঁচিয়া, ব্রহ্মচারী ফিরিয়া আসিতেই সতীর মহিমা তাঁহার নয়নগোচর হইল। সুবিশদ-শঙ্খনির্ম্মিত আসনে রাঙা চেলীর কাপড় পরিয়া সতী বসিয়া রহিয়াছেন। তাঁহার মুখের এমনি একটি জ্যোতিঃ যে সোনার কুণ্ডল যেন মলিন বলিয়া বোধ হইতেছে। তাঁহার মুখে এমনি একটি হাস্য ফুটিয়া আছে যে কোন তারা, কোন ফুলের সঙ্গে উপমা দিয়া তার সৌন্দর্য্য বুঝাইতে পারি না। ​শিশিরে চক্ষু ভিজাইয়া দিলে যেমন হয় উতঙ্কের চক্ষে সেইরূপ বোধ হইতে লাগিল। উতঙ্ক চোখ না ফিরাইয়া দেখিতে লাগিলেন এবং ভাবিলেন, এই সতী যেখানে বাস করে, সেই গৃহে দেবতারা নিত্য বাস করিয়া থাকেন।

 ইতিমধ্যে শুভশুক্লা আসন হইতে নামিয়া আসিয়া উতঙ্ককে প্রণাম করিলেন। হাওয়ায় যেমন শালের ফুলমুকুল ঝরিয়া পড়ে, তেমনি উতঙ্কের হৃদয় হইতে যেন আশীর্ব্বাদ ঝরিয়া পড়িল। তিনি বলিয়া যাইতে লাগিলেন, “তোমার নিত্য কল্যাণ হৌক, নিত্য কল্যাণ হৌক। মাতঃ, তোমাকে আমি আর কি আশীর্ব্বাদ করিব? আজ আমার ব্রহ্মচর্য্য সার্থক হইল—আজ আমি সতীর অলৌকিক মহিমা দেখিতে পাইলাম। মাতঃ, আমি তোমার উদার হস্তের একটি দান প্রার্থনা করিব, তোমার কুণ্ডল দুটি আমাকে দাও।”

 সতী শুভশুক্লা একটিও কথা না বলিয়া, মৃদুমৃদু হাসিয়া, একটি সুমধুর ভঙ্গিতে ঘাড়টি এক এক দিকে বাঁকাইয়া, দুই হাতে এক এক কানের কুণ্ডল খুলিয়া ​ফেলিলেন। রাণীর এক সখী একটি থালায় মধু, দধি, চন্দন, শুক্লধান এবং একটি বকুলপাতার গুচ্ছ সাজাইয়া ওই ঘরে প্রবেশ করিল। শুভশুক্লা সখীর হাত হইতে থাল লইয়া তাহাতে কুণ্ডল দুটি রাখিয়া দিলেন। এবং দু’হাতে থালাটি ধরিয়া উতঙ্কের পদতলে রাখিয়া তাঁহাকে প্রণাম করিলেন। উতঙ্ক সেই মঙ্গল অর্ঘ্য গ্রহণ করিয়া কুণ্ডল দুটি তুলিয়া লইলেন। তখন সুমধুর-কণ্ঠে রাণী কহিলেন, “ব্রহ্মচারিণ্, সাবধানে এই কুণ্ডল রক্ষা করিবেন। নাগরাজ তক্ষক এই কুণ্ডলের প্রতি লোভ প্রকাশ করিয়াছেন।”

 “তাহাই হইবে” এই কথা বলিয়া উতঙ্ক উঠিয়া দাঁড়াইলেন এবং আনন্দে দুই হাত তুলিয়া রাণীকে আশীর্ব্বাদ করিলেন—“সতীমাতঃ, তুমি চিরদিন গৃহ মঙ্গলে পূর্ণ করিয়া রাখ। সীমন্তিনি, তোমার হৃদয়ের মধ্যে চিরদিন শান্তির পুষ্পবৃষ্টি হইতেছে—ভক্তি, দয়া, দাক্ষিণ্যের মাধুর্য্যে তোমার অন্তর পরিপূর্ণ—হ্রী এবং শ্রী সর্ব্বদা অদৃশ্যভাবে তোমার দেহে শ্বেত চামর বীজন করিতেছে। তুমি পৃথিবীতলে পুষ্প, স্বর্গবাসিগণ ​তোমার সুষমা দেখিতে স্বর্গ ছাড়িয়া চলিয়া আসেন, তপস্বিগণ তোমার বন্দনা গান করিয়া থাকেন—তোমার অক্ষয় কল্যাণ হৌক, অক্ষয় কল্যাণ হৌক।” এই বলিয়া উতঙ্ক আনন্দিত অন্তরে প্রস্থান করিলেন।

 উতঙ্ক ও প্রতিহারী চলিয়া গেলে, সখীর গলা ধরিয়া শুভশুক্লা হাসিতে হাসিতে বলিলেন, “সখি আজ আমার বড় আনন্দ হইল! তুচ্ছ সোনার কুণ্ডল আজি পবিত্র হইল।”

 সখী হাসিয়া বলিলেন “আমরাও তোমার আনন্দে আনন্দিত। কিন্তু সখি, পথে যে তক্ষক কোন বিপদ ঘটাইবে না এ ত আমার বোধ হয় না।”

 শুভশুক্লা বলিলেন, “বিপদ ঘটিলেও ব্রহ্মচারীকে কে প্রতিহত করিবে? দেবতাগণ মিলিয়া ব্রহ্মচারীর কুণ্ডল উদ্ধার করিয়া দিবেন। কিন্তু সে কথা যাক্,—সখি, সৎপাত্রে দান করিলে কি রকম হয়, বল দেখি?”

 সখী বলিলেন, “যে দান করিয়াছে, সেই দানের শান্তি বুঝিতে পারে—আমরা কি বুঝিব?”

 লজ্জিত হইয়া রাণী বলিলেন, “সখি, তোমরা ​আমাকে ভাল না বাসিলে, আমি কি দান করিতে পারিতাম? তোমরা আমাকে হৃদয় দান করিয়াছ, সেই বলে আমি আমার সর্ব্বস্ব দান করিতে পারি।”

 তখন সখী হাসিয়া, কোন কথা না বলিয়া, সম্মুখের অর্ঘ্যথালা হইতে চন্দন লইয়া শুভশুক্লার কপালে একটি ফোঁটা আঁকিয়া দিলেন। শুভশুক্লাও নীরবে হাসিয়া সেইরূপ ভঙ্গিতে চন্দন লইয়া সখীর কপালে ফোঁটা পরাইলেন। দুই শঙ্খাসনে বসিয়া, দুই সখীতে পরস্পরের দিকে চাহিয়া নীরবে হাসিতে লাগিলেন।

 এদিকে উতঙ্ক কুণ্ডল লইয়া বাহির হইয়া যাইতে যাইতে গৃহের সৌন্দর্য্য ও মঙ্গলের কথা ভাবিতে লাগিলেন। শীঘ্রই পৌষ্যের সঙ্গে তাঁহার দেখা হইল। পৌষ্য তখন সন্ধ্যাবন্দনা সারিয়া কতকগুলি ফুল লইয়া আসিতেছিলেন। ব্রহ্মচারীকে দেখিয়াই ফুল মাটিতে ফেলিয়া তাঁহাকে অভিবাদন করিলেন।

 ব্রহ্মচারী বলিলেন, “আমার প্রার্থনা পূর্ণ হইয়াছে। পৌষ্য, তোমরা গৃহস্থ, তোমরাই সংসারকে পালন করিতেছ। তাই তোমরা প্রতিদিন সতীর কল্যাণ​নির্ঝরধারায় স্নান করিতেছ। তোমাদের হৃদয় উদার—সর্ব্বজীবে তোমাদের দান। তোমার অক্ষয় কল্যাণ হৌক।”

 পৌষ্য বলিলেন, “আপনার আশীর্ব্বাদ মাথায় ধরিলাম। আপনি কি আজ রাত্রেই যাত্রা করিবেন? কাল প্রাতে গেলেই আমার ইচ্ছা পূর্ণ হয়।” উতঙ্ক সে রাত্রে সেখানে বাস করিলেন।

 সমস্ত জনমানব-পশুপক্ষীর কোলাহল নীরব হইয়া গেল। গভীর রাত্রি পর্য্যন্ত বসিয়া, উতঙ্ক গৃহের মঙ্গলশোভার কথা ভাবিতে লাগিলেন। তাঁহার বোধ হইতে লাগিল, যেন সেই অনন্ত জ্যোৎস্নার উপর দিয়া, শত শত শুভ্রবেশধারী দেবতা সুমধুর বীণা বাজাইয়া নামিয়া আসিতেছে এবং গৃহের চারিদিকে দাঁড়াইয়া সুমধুর ছন্দের নানা মন্ত্রে আশীর্ব্বাদ করিতেছে। তখন আবার উতঙ্কের সেই বৃষভের কথা মনে পড়িল। মা ঋষিপত্নীর স্নেহের কথা মনে পড়িল, ছাত্রগুলির কথা মনে পড়িল,—সে সমস্তই যে ছাড়িয়া যাইতে হইবে! সেই তপোবনে শৈশব হইতে কতশত ঘটনা ঘটিয়াছে—সব ​উতঙ্কের মনে পড়িতে লাগিল। ভাবিতে ভাবিতে দুপ্রহর রাত্রির ঘণ্টা পড়িল। উতঙ্ক কুণ্ডল সাবধানে রক্ষা করিয়া, ইষ্টদেবের নাম জপিতে জপিতে ঘুমাইয়া পড়িলেন।