বিষয়বস্তুতে চলুন

গুরুদক্ষিণা/প্রথম পরিচ্ছেদ

উইকিসংকলন থেকে

​

গুরুদক্ষিণা

প্রথম পরিচ্ছেদ

 সেকালের অনেক ছাত্রই অধ্যয়নের জন্য ব্রহ্মচর্য্যাশ্রমে যাইত। আগেই বলিয়াছি ব্রহ্মচর্য্যাশ্রমগুলি তপোবনের মধ্যে স্থাপিত ছিল। ঋষিরা মনে করিতেন যেমন অনেক মানুষের একত্র হইয়া নানা কাণ্ড কারখানা করিয়া একেকটা সহর বাঁধিয়া তোলা আবশ্যক—তেমন আবার মানুষের আরও একটা প্রয়োজন আছে।

 কেবল লোকালয়ের মধ্যেই নিবিষ্ট থাকিলে কাজেকর্ম্মে গোলেমালে সমস্ত জগৎকে ভাল করিয়া দেখিবার ও বুঝিবার সময় পাওয়া যায় না। মন শান্ত হয় না—শান্ত না হইলে সকল জিনিষের প্রকৃত অর্থ বোঝা, প্রকৃত সৌন্দর্য্য দেখা যায় না।

 তা ছাড়া বনে থাকার আরও একটি উপকার ছিল ​এই যে উহাতে মানুষ একটা স্বাধীনতা অনুভব করিত—নিজের মূল্যটাও বুঝিতে পারিত। নিজের কাজকর্ম্ম নিজেই করিতে হইত,—অমুক লোক গরিব অতএব ছোট, অমুক লোক ধনী অতএব বড়—এসব মিথ্যা জ্ঞান জন্মিতে পারিত না। এই সব তপোবনের ঋষিরাই বাস্তবিক ভারতবর্ষের শান্তি তখন রক্ষা করিতেন। এই সব তপোবনের নির্জ্জন স্থানে গুরুরা শিষ্যদিগকে শিক্ষা দিতেন। সেই বনের সৌন্দর্য্যের মধ্যে, নির্জ্জনে শিক্ষা হইত বড় চমৎকার! তাই সেকালকার শিষ্যেরা পৃথিবীর এত সব আশ্চর্য্য মহিমা দেখিতে পাইত।

 যে গল্পটি বলিতে যাইতেছি উহাতেই দেখিতে পাইবে এইরূপে নির্জ্জনে সেই ব্রহ্মচর্য্যের কি আশ্চর্য্য ফল একটি শিষ্য লাভ করিয়াছিল। এইবার গল্প আরম্ভ করি।