বিষয়বস্তুতে চলুন

চোরকাঁটা/১

উইকিসংকলন থেকে

২  ►
​

চোরকাঁটা

[ ১ ]

 “ওগো শুন্‌ছ? ওঠ ত একবার। পাশের ঘরে কিসের শব্দ হচ্ছে। বোধ হয় বাড়ীতে আল্‌গা লোক এসেছে।”

 গভীর নিশীথ রাত্রি। পাশের ঘরে খট খট্ শব্দ শুনিয়া জাগিয়া উঠিয়া, মমতা স্বামীকে ঠেলা দিয়া ডাকিয়া জাগাইতে লাগিল।

 পশুপতি নাক-ডাকানো থামাইয়া পাশ ফিরিয়া শুইয়া নিদ্রাজড়িত স্বরে বলিল—ও ইঁদুর-টিঁদুর হবে। দোতলার ওপর চোর আস ছে!

 মমতা জোর দিয়া বলিল—না, আমি মানুষের চালা পেলাম! তুমি একবার উঠে দেখোই না।

 —আচ্ছা জ্বালাতন করলে এই শীতের রাত্রে। তুমি ঘুমোও দেখি, তোমাকে কেউ চুরি ক’রে নিয়ে যাবে না—বলিয়া পশুপতি নড়িয়া লেপখানা বেশ করিয়া চাপা দিয়া শুইল।

 মমতা বলিল―তোমার উঠতে ভয় করছে বুঝি, তাই ক্রমশ লেপের মধ্যে ঢুকছ। তুমি না উঠলে আমায় উঠতে হয়।

 —দুপুর রাত্রে আচ্ছা জ্বালাতন আরম্ভ করলে দেখছি। তোমাকে চুরি করতে কেউ আসেনি গো.......

 পশুপতি বিরক্ত হইয়া একট, চেঁচাইয়া কথা বলিতেছিল। তার কথা শেষ না হইতেই পাশের ঘরে ঝন্-ঝন্-ঝনাৎ করিয়া একটা কাচ ভাঙার শব্দ হইল। শব্দ শুনিয়াই পশুপতি লেপ ​ফেলিয়া লাফাইয়া উঠিল। সে তাড়াতাড়ি লণ্ঠনটা উস্কাইয়া তুলিয়া পাশের ঘরের দরজাটা খুলিতেই দেখিল একটা লোক জান্‌লা টপ্‌কাইয়া বাহির হইয়া গেল।

 সেই জান্‌লার ওপারে কোনো ছাদ বা পথ কিছু নাই। চোরটা জান্‌লার কাছেই কার্ণিশের উপর হয় মাথা ডুবাইয়া বসিয়া আছে, নয় কার্ণিশের উপর দিয়া ছাতে যাইবার চেষ্টা করিতেছে—এই স্থির করিয়া পশুপতি চেঁচাইতে লাগিল—ওরে ভূতো ভূতো, শিগ্‌গির ওঠ্ হতভাগা! বাড়ীতে চোর এসেছে আর বেটা পড়ে ঘুমুচ্ছে!... ওরে ভজা.....মালী, মালী.... ঠাকুর.....

 পশুপতি চীৎকার করিয়া চাকরদের ডাকিতে ডাকিতে আগাইয়া জান্‌লার কাছে যাইতেছিল; মমতা আসিয়া হাত ধরিয়া বলিল—শুধু-হাতে তুমি চোরের কাছে যেয়ো না, ওদের হাতে অস্তর থাকে।

 পশুপতি হাসিয়া বলিল—আরে অস্তর নিয়ে করবে কি? বেটা চোর ফাঁদে প’ড়ে গেছে।...ওরে ভজা, ভূতো, উঠ্‌লি? ...মালী, মালী...ও মালী.......ঠাকুর......

 পশুপতি অগ্রসর হইতেই তার পা পড়িল একটা বেঁটে মোটা ভারী সিঁদকাঠির উপর। সে সেইটা হাতে তূলিয়া লইয়া বলিয়া উঠিল—বেটা চোর সিঁদকাঠিটা ফেলে গেছে..... এই দিয়ে আল্‌মারির কাচ ভেঙে শাল বার কর্‌ছিল। বেটার যেমন বুদ্ধি!....

 সিঁদকাঠিটা সামনের দিকে আগাইয়া বেয়নেট-চার্জের মতন ধরিয়া পশুপতি জান্‌লার কাছে গিয়া সন্তর্পণে উঁকি মারিয়া দেখিতে গেল চোরটা কি করিতেছে। পশুপতি দেখিল চোরটা নর্দমার লোহার গা-নল বাহিয়া নীচে নামিতেছে। অম্‌নি পশুপতি লণ্ঠনটা তুলিয়া ধরিয়া তাক করিয়া সিঁদকাঠিটা ছুঁড়িয়া চোরকে মারিল। চোর একবার মাত্র ​“বাবা রে!” বলিয়া ডাক ছাড়িয়া, হাত-পা এলাইয়া নীচে পাথর-বাঁধানো উঠানে আছাড় খাইয়া পড়িল।

 মমতা চোরের আর্তনাদে ব্যথিত হইয়া করণ কাতর স্বরে বলিয়া উঠিল—আহাহা! লোকটাকে একেবারে মেরে ফেল্‌লে!

 পশুপতি হাসিয়া বলিল—তোমার সকল অনাছিষ্টি, চোরের ওপরও দরদ!

 পশুপতি জান্‌লা হইতে ফিরিয়া দেখিল তার তিরস্কার শুনিবার জন্য মমতা সেখানে দাঁড়াইয়া নাই।

 মমতা ছুটিয়া বাহিরে গিয়া দেখিল ভূতো ও ভজা মাথায় খুব বড় বড় পাগ্‌ড়ী বাঁধিয়া এক হাতে এক-একটা লণ্ঠন ও অন্য হাতে বড় বড় এক-এক গাছা লাঠি লইয়া সন্তর্পণে চারিদিকে দৃষ্টি ফেলিতে আস্তে আস্তে আসিতেছে—পাছে কোনো গুপ্তস্থান হইতে চোর আচম্‌কা এক ঘা লাগাইয়া দেয়। মমতা ছুটিয়া যাইতে যাইতে তাদের বলিল—ওরে তোরা শিগ্‌গির আমার সঙ্গে আয়, লোকটা দোতলা থেকে বার-বাড়ীর উঠোনে আছাড় খেয়ে পড়েছে.........

 মাকে একাকিনী সাহস করিয়া ছুটিয়া যাইতে দেখিয়া ভূতো ও ভজার সাহস সঞ্চার হইল, তারা একজন মমতার আগে আগে ও অন্যজন পিছে পিছে ছুটিয়া চলিল।

 মমতা উঠানে গিয়া ডবল লণ্ঠনের আলোতে দেখিল লোকটা নিস্পন্দ নিঃসাড় হইয়া হাত-পা ছড়াইয়া পড়িয়া আছে। ভজা আগে ছিল, সে বলিল—ও হয়ে গেছে বোধ হয়!

 মমতা তার হাত হইতে আলোটা কাড়িয়া লইয়া বলিল—যা যা ছুটে এক ঘটী জল আর একখানা পাখা নিয়ে আয়..... আর মালীকে পাঠিয়ে দে ডাক্তার মল্লিককে ডেকে আনুক...

 —তুমি যে হাসালে! তোমার নাম মমতা বটে, কিন্তু যে তোমার সর্বস্ব চুরি করতে এসেছিল, তার ওপর এমন মমতা ​নিতান্তই বে-মানান।......ওরে ভজা, ডাক্তার ডাকতে হবে না, হরা চৌকিদারকে ডেকে আনগে, তারা যা হয় করবে।— পশুপতি পিছন হইতে বলিয়া উঠিল।

 মমতা চোরের কাছে যাইতে যাইতে বলিল—তুমি মানুষ, না কসাই!

 পশুপতি হাসিয়া বলিল—কসাইরাও মানুষ কিন্তু।

 মমতা বিরক্ত হইয়া বলিয়া উঠিল—একটা লোক মরে যাচ্ছে; তোমার হাসতে লজ্জা করে না! চোর হোক, মানুষ ত।

 মস্ত বড় উঠান দ্রুতপদে পার হইয়া গিয়া মমতা চোরের পাশে বসিয়াই তার গায়ে হাত দিল। চোর “মা-আঃ!” বলিয়া যন্ত্রণাসূচক নিশ্বাস ছাড়িল।

 মমতা আনন্দিত হইয়া বলিয়া উঠিল—বেঁচে আছে! জ্ঞান হচ্ছে!

 পশুপতি বলিল—তবে ডাক্তার ডাকার দরকার নেই...... যা ভূতো, চৌকিদার ডেকে আন্‌.........

 চোর মুখটা গুঁজিয়া পড়িয়া ছিল। মমতা আস্তে সন্তর্পণে তার মাথাটা ঘুরাইয়া চিৎ করিয়া দিয়াই চমকিয়া উঠিল। ভূতো চৌকিদারকে ডাকিতে যাইতেছিল, মমতা তাহাকে ফিরাইয়া বলিল— চৌকিদারকে ডাকতে হবে না ভূতো। একে ধরাধরি ক’রে ওপরে নিয়ে চল্।

 পশুপতি বিরক্ত ও আশ্চর্য হইয়া বলিল—ওকে ওপরে নিয়ে যাবে কি? ও নাকি তোমার ভাই?

 স্বামীর অসাময়িক রসিকতার উত্তরে মমতা দৃঢ়স্বরে বলিল—হ্যাঁ, তুমি দেখে যাও।

 মমতা লণ্ঠন তুলিয়া ধরিয়া মূর্ছিত চোরের কপাল আঙুল দিয়া দেখাইল। পশুপতি দেখিল চোর নিতান্ত ছেলেমানুষ, বয়স আঠারো-ঊনিশ বৎসরের বেশী হইবে না; তার মুখ কোমল কমনীয় সুশ্রী, ভদ্রলোকের ছেলের মতন; অথচ ​এই অল্প বয়সেই তার দেহ বেশ লম্বা-চওড়া জোয়ান বলিষ্ঠ; তার গায়ের রং বেশ ফর্সা। চোরের মাথা ফাটিয়া সুগৌর কপালের উপর দিয়া রক্ত গড়াইয়া পড়িতেছে। সেই রক্তের ধারা যেন অঙ্গুলির ইঙ্গিতে পশুপতিকে দেখাইয়া দিল, দুই ভ্রূর মাঝখানে একটি ত্রিপত্র দাগ। তাহা দেখিয়া পশুপতি মুখ বিকৃত করিয়া সোজা হইয়া দাঁড়াইল। সে আর একটা কথাও কহিল না।

 তখন মমতার আদেশে ভূতো, ভজা, ঠাকুর ও মালী চোরকে ধরাধরি করিয়া উপরে লইয়া গেল; শীতল জলে কপালের রক্ত ধোয়াইয়া তার ময়লা ছেঁড়া কাপড়-জামা বদলাইয়া, তারা তাকে পশুপতির ফরাসডাঙার ধুতি ও ভায়েলা ফ্লানেলের জামা পরাইল; তারপর তাকে পালঙ্কের কোমল শুভ্র বিছানার উপর শোয়াইয়া দিল। মল্লিক ডাক্তার আসিল; প্রেস্‌কৃপ্‌সন করিল, ব্যাণ্ডেজ বাঁধিল। ভজা সেই অত রাত্রে ব্যাণ্ডেল স্টেশনে বরফ আনিতে ছুটিল, ভূতো ঔষধ আনিতে গেল; মালী ঘরের বাহিরে বসিয়া ঝিমাইতে লাগিল—কখন কি দরকার হয় বলিয়া মমতার হুকুম তাকে বসিয়া থাকিতে হইবে। মমতা মূর্চ্ছিত, আহত চোরের মুখের উপর দৃষ্টি রাখিয়া তার শিয়রে বসিয়া রহিল। আর পশুপতি—অনেকক্ষণ আগেই আগাগোড়া লেপ মুড়ি দিয়া শু‍ইয়া পড়িয়াছিল; কিন্তু তারও চোখে আর ঘুম ছিল না, চোরটাকে পুলিশে দিবার আগ্রহও তার আর ছিল না; তখন তার মনের মধ্যে কেবলি এই অনুতাপ হইতেছিল—কেন সে মারিয়া চোরটাকে ফেলিয়া দিয়া জখম করিল, সে পলাইয়া গেলেই ভালো হইত। চোরকে ধরিতে গিয়া এ যে হিতে বিপরীত হইয়া দাঁড়াইল!