বিষয়বস্তুতে চলুন

চোরকাঁটা/১০

উইকিসংকলন থেকে

◄  ৯
১১  ►
​

[ ১০ ]

 গভীর রাত্রি। ঝন্‌ঝনে কন্‌কনে শীত পড়িয়াছে, তার উপর সমস্ত রাত্রি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে। সকলে জড়সড় হইয়া লেপের উপর লেপ চাপাইয়া গুটিসুটি হইয়া ​ঘুমাইতেছে।

 সেই অন্ধকার ঘর্‌ঘুট্টী দুর্যোগ রাত্রিতে শীতে সাধুর ঘুম বার বার ভাঙিয়া যাইতেছিল সে লেপের তলায় শাল মুড়ি দিয়াও কিছুতেই নিজকে গরম করিয়া তুলিতে পারিতেছিল না। এক-একবার একটু ঘুম ঘন হইয়া আসিতেছে আবার তাহা পাতলা হইয়া যাইতেছে। এইরূপ অর্ধচেতন অবস্থায় তার মনে হইল কে যেন চটিজুতা পায়ে দিয়া শব্দ চাপিয়া সন্তর্পণে চলিতেছে। চট করিয়া তাহার ঘুম ভাঙিয়া গেল; সে কান খাড়া করিয়া শুনিতে লাগিল। প্রথমে তার মনে হইল বোধ হয় পশুপতি বাহিরে যাইতেছে, অন্য লোকের ঘুম ভাঙিয়া যাইবার আশঙ্কায় পা টিপিয়া টিপিয়া যাইতেছে। কিন্তু একটু মনোযোগ দিতেই সাধুর মনে হইল এ চটির শব্দ পশুপতির জুতার শব্দের মত নহে, এ নিতান্ত অপরিচিত। সাধু ত্বরিত নিঃশব্দে লেপ ফেলিয়া উঠিয়া দাঁড়াইল, তার সেই নিজের সেদিনকার চুরি করিতে আসার কথা মনে হইল। সাধু আস্তে আস্তে দরজার খিল খুলিয়া পা টিপিয়া টিপিয়া দালানে বাহির হইয়া দাঁড়াইল। বাহিরের আবছায়া আলোতে সে চিনিতে পারিল পশুপতি দুই হাতে চটিজুতা পরিয়া খালি পায়ে হামাগুড়ি দিয়া ভাঁড়ার ঘরের দিকে যাইতেছে। পশুপতির এই অদ্ভুত কাণ্ড দেখিয়া কৌতুক অনুভব করিয়া সাধু থামের আড়ালে আড়ালে সরিয়া সরিয়া একেবারে তার কাছে গিয়া দাঁড়াইল; পশুপতি পকেট হইতে এক থোলো চাবি বাহির করিল এবং রিং হাতড়াইয়া হাতড়াইয়া কুপের চাবি ঠাহর করিয়া কুলপ খুলিয়া তার পর সন্তর্পণে শব্দ বাঁচাইয়া দরজা খুলিল; তখন আবার তেমনি করিয়া হাতে জুতা পরিয়া হামাগুড়ি দিয়া সে ঘরের মধ্যে গেল। আবার চাবির রিং হইতে চাবি বাছিয়া ঘরের মধ্যে গিয়া সে মমতার আয়রন্-চেষ্ট সন্তর্পণে খুলিয়া সেই দেওয়ালে-গাঁথা লোহার আলমারির ​তাক হাতড়াইতে লাগিল।

 সাধু দেখিল এ স্পষ্ট চুরি। পশুপতি নিত্য তাকে চোর বলিয়া যে টিট্‌কারি দেয়, তার সেই ব্যবহারের প্রতিশোধ লইয়া তার মুখ চির দিনের মত বন্ধ করিয়া দিবার এই সময় ও সুযোগ! এবং মমতার সম্পত্তিও রক্ষা পাইবে ও চুরির পর অনর্থক উদ্বেগ ও লোকের উপর সন্দেহ হইতেও বাড়ীর লোককে অব্যাহতি দেওয়া যাইরে। তখনি সাধুর মনে হইল ঝাড়ীতে মার্কা-মারা চোর ত’ সেই আছে—এ চুরির সন্দেহ সর্বাগ্রে তার উপরেই পড়িবে। এই কথা মনে হইতেই সাধু আত্মরক্ষার ও প্রতিশোধের আগ্রহে চোরের অভ্যস্ত লঘু পদে হাঁটিয়া নিজের ঘরে আসিল ও তাড়াতাড়ি একটা বাতি ও দেশলাই সংগ্রহ করিয়া আবার তেম্‌নি হাল্কা আল্‌গা পায়ে দৌড়িয়া ভাঁড়ার-ঘরের দরজায় গেল।

 ভাঁড়ার-ঘরের দরজায় দাঁড়াইয়া সাধু ফ্যাঁশ করিয়া দেশলাই জ্বালিতেই পশুপতি চম্‌কিয়া সাধুর দিকে ভয়বিহ্বল পাংশু মুখে চাহিল, সাধু দেখিল পশুপতি লোহার গা-আলমারির নীচে হাঁটু গাড়িয়া বসিয়া আছে, তার সাম্‌নে মমতার গহনার বাক্‌স খোলা, তার হাতে মমতার গলার তোলা হার! ঘৃণার ধিক্কারে সাধু চাপা গলায় তিরস্কার ভরিয়া ডাকিল—দাদা!

 পশুপতি তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। সাধু বাতি বালিয়া লইয়া ঘরে ঢুকিল।

 সাধু ঘরে ঢুকিয়াই দেখিল পশুপতি যে চটি জোড়া হাতে পরিয়া হামাগুড়ি দিয়া আসিয়াছিল সে জোড়া তারই। কাল সন্ধ্যার পর দোকান হইতে বাড়ীতে ফিরিয়া সাধু তার চটি জাড়া খুঁজিয়া পাইতেছিল না; পশুপতি বলিল—‘মণ্টু বোধ হয় কোথাও ঘুঁস্‌টে রেখেছে, কাল সকালে খুঁজলেই হবে। আমার ত’ দুজোড়া চটি আছে, এক জোড়া তুমি পায়ে দাওগে খন।’ চটি জোড়া চুরি করিয়া তার দাদা তাতে কাদা মাখাইয়া ​হাতে পরিয়া আসিয়াছে—যাতে লোকে ঐ জুতার দাগ ও জুতা দেখিয়া দাগী চোরকেই এ চুরিরও চোর বলিয়া নিশ্চয় ধারণা করে; পায়ে পরিয়া আসিলে পাছে পা ফেলার ফাঁক হইতেও কোনো ডিটেক্‌টিভ পশুপতিকে সন্দেহ করে তাই বাঁচাইবার জন্য হাতে জুতা পরিয়া চলিয়া আসিয়াছে। পশুপতির সতর্কতার দুষ্টবুদ্ধি দেখিয়া সাধুর হাসিও পাইল, রাগও ধরিল। সে বাতিদানটাকে একটা বাক্‌সর উপর রাখিতে গিয়া দেখিল তার একখানা রুমাল সেখানে পড়িয়া আছে।

 সাধু দুঃখ ক্ষোভ ক্রোধ দুই চোখের দৃষ্টিতে ভরিয়া পশুপতির দিকে চাহিল, কোনো কথা সে বলিতে পারিল না। পশুপতির চুরির মাল সেই হার ছড়া হাতে করিয়া সেই দারুণ শীতে পিলপিল করিয়া ঘামিতেছিল, তার মাথা লজ্জায় ঘৃণায় ধিক্কারে বুকের উপর ঝুঁকিয়া পড়িয়াছিল।

 সাধরে দুবার ছুটিয়া যাওয়া-আসার শব্দে মমতার ঘুম ভাঙিয়া গিয়াছিল। সে শঙ্কিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া ঘরের আলোটা উস্কাইয়া দেখিল তার স্বামী তার শয্যায় নাই, ঘরের দরজার খিল খোলা, কিন্তু দরজা ভেজান আছে। মমতা তাড়াতাড়ি গিয়া দরজা খুলিতেই দেখিল—ভাঁড়ার-ঘরে আলো জ্বলিতেছে। এমন অসময়ে ভাঁড়ার ঘরে আলো জ্বলিতে দেখিয়া মমতা আশ্চর্য হইয়া গেল। ভাঁড়ার-ঘরের চাবি থাকে তার আঁচলে। সে আঁচল টানিয়া দেখিল, তার আঁচলে চাবির রিং বাঁধা নাই, বাঁধা যে ছিল তার চিহ্ন আঁচলের খুঁটে তখনো আছে। ঘুমন্ত অবস্থায় তার আঁচল হইতে চাবি খুলিয়া এই রাত্রে ভাঁড়ার-ঘরে কে যেন ঢুকিয়াছে! পশুপতিই কি! দেখিবার জন্য মমতা লণ্ঠন লইয়া দ্রুতপদে ভাঁড়ার-ঘরের সাম্‌নে গিয়া দাঁড়াইল—তার হাতের লণ্ঠনের শিখার চেয়েও উজ্জ্বল ও তীক্ষ্ণ দুই চোখের দৃষ্টি দেখিয়া পশুপতির অবনত মাথা আরো ঝুলিয়া গেল, সাধুও লজ্জায় ভয়ে মাথা হেঁট করিয়া দাঁড়াইল।

​ মমতা ঘরের মধ্যে দৃঢ় পদে গিয়া বিচারকের মতন গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিল—আমার আয়রন্‌চেষ্ট খুলে আমার গহনা কে চুরি করছিল?

 পশুপতি চোর ভাই-এর কাছে ধরা পড়িয়াই লজ্জায় আধমরা হইয়া গিয়াছিল, এখন স্ত্রীর সম্মুখে আসামী হইয়া বিচারের প্রতীক্ষায় দাঁড়াইয়া সে একেবারে মৃতকল্প হইয়া পড়িল। সাধুর মুখেও ভয়ে লজ্জায় ভাবনায় কথা সরিতেছিল না।

 মমতা আবার তীব্র স্বরে আদেশ করিল—আমার আঁচল থেকে চাবি চুরি ক’রে আমার গহনা কে চুরি কর্‌ছিল আমি শুন্‌তে চাই।

 সাধু মুখ তুলিয়া একবার পশুপতির দিকে চাহিল―তার অবস্থা দেখিয়া সাধুর মনে অত্যন্ত দয়া হইল। তারপর সে মমতার দিকে চাহিল, বিচারকের উদ্যত দণ্ডের ন্যায় তার সেই দৃপ্ত কঠোর মূর্তি দেখিয়া সাধুর মন শ্রদ্ধায় সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল।—এই মহীয়সী রমণীকে সে রমণীয় মাতৃমূর্তিতে জগদ্ধাত্রী অন্নপূর্ণারূপে দেখিয়াছে, আবার এমন রুদ্র ঈশানের সংহারশক্তির রূপে দেখিতেছে। এই উদ্যত রোষ কালিকার তৃতীয়-নেত্র-নির্গত বজ্রাগ্নির মতন অপক্ষপাতে পরমাত্মীয় অপরাধীকেও দণ্ড দিতে ব্যগ্র হইয়াছে—এ রোষাগ্নি যার উপর পড়িবে সে ভস্মাবশেষ হইয়া যাইবে।

 মমতা আবার জিজ্ঞাসা করিল—তোমরা দুইজনেই বোবা নাকি? কে চুরি কর্‌ছিলে তোমাদের মধ্যে—না, দুই ভাই-এর সড় এ?

 সাধু মাথা নত করিয়া ধীর স্বরে বলিল―আমিই চুরি করতে এসেছিলাম বৌদিদি!

 এর চেয়ে ঘরে বাজ পড়িলেও মমতা ও পশুপতি বেশী আশ্চর্য হইত না। পশুপতি নিষ্কৃতির নিঃশ্বাস ফেলিয়া মাথা ​তুলিয়া সসম্ভ্রমে চোর ভাই-এর দিকে তাকাইল। মমতা সেইখানে একখানা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল—তুমি আমার জিনিস চুরি কর্‌ছিলে ঠাকুরপো! তুমি আমার কাছে চাইলে না কেন? আমি সিন্দুক উজাড় ক’রে তোমায় যে দিতে পার্‌তাম—আমার এতখানি বিশ্বাস তুমি কেন এমন ক’রে চুরি কর্‌লে?

 সাধু পশুপতির দিকে চাহিয়া বলিল—চোর কি কখনো সাধু হয় বৌদিদি? যে একবার চোর সে চিরজন্মই চোর!

 মমতা দুই হাতে চোখে আঁচল চাপা দিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। সে প্রথমেই সন্দেহ করিয়াছিল সাধুই নিশ্চয় এই চুরি করিতে আসিয়াছিল; সেই সন্দেহ হইয়াছিল বলিয়াই সে আকাঙ্ক্ষা করিতেছিল উহারা বলুক সেই চোর সাধু নয়! এমন কি নিজের স্বামী চুরি করিতে আসিয়াছে জানিতে পারিলেও সে যেন আশ্বস্ত হইত। সাধুকে স্নেহ দিয়া বিশ্বাস করিয়া সচ্চরিত্র করিয়া তুলিবার তার আগ্রহ ও চেষ্টা এবং সাধুর নিজের প্রতিজ্ঞা ও শপথ সব কি ব্যর্থ মিথ্যা হইয়া গেল সামান্য জিনিসের তুচ্ছ লোভের কাছে! মমতা নিজের স্নেহের পরাজয়ে ও সাধুর অকৃতজ্ঞতায় মর্মাহত হইয়া ক্রন্দন সম্বরণ করিতে পারিল না।

 সাধু পশুপতিকে ভীত নির্বাক দেখিয়া বলিতে পারিল না যে এ কাজ তার দাদারই। দাদার জুয়া খেলার বাতিকের জন্যই তাদের পতিপত্নীর মধ্যে যে অসন্তোষ ও অবিশ্বাস আড়াল হইয়া উঠিতেছিল, তার উপর এই চুরির অপবাদ চাপিলে মমতার মন যে কতখানি বেদনা ও লজ্জা অনুভব করিবে, তার সমস্ত জীবনের সুখ শান্তি আনন্দ কতখানি যে ম্লান কলঙ্কিত হইয়া যাইবে, তাহা চকিতে অনুভব করিয়া সাধু পরের চুরির সমস্ত গ্লানি নিজের মাথায় পাতিয়া গ্রহণ করিল, এ ত্যাগ যে কতখানি ত্যাগ তা সে বুঝিতে পারিল না এই আনন্দে যে সে ​মমতার স্বামীপ্রীতিকে অক্ষুণ্ণ রাখিয়া তার জীবনকে তিক্ত বিষাক্ত হইয়া উঠিতে দিল না। কিন্তু সাধুর তখনি ইহাও মনে হইল এই চুরির দারুণ গ্লানি বহিয়া মমতার কঠোর নির্মম দৃষ্টির সাম্‌নে, মণ্টু হইতে পৃথক হইয়া, চাকরদাসীর কাছে কুণ্ঠিত ধিক্কৃত হইয়া, অপরাধী দাদাকে নিত্য নিরন্তর সঙ্কুচিত রাখিয়া এ বাড়ীতে থাকা তার আর উচিত ও সুখকর হইবে না। সাধু নীরবে নিঃশব্দে মমতার পায়ের কাছে মাথা ঠেকাইয়া প্রণাম করিল, তারপর আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া গেল। সে যেদিন প্রথম এ বাড়ীতে পরের বিত্ত চুরি করিতে আসিয়াছিল তখনও যেমন একটা কাল-পেঁচা চ্যার্‌র্ চ্যার্‌র্ করিয়া ডাকিতেছিল; তেমনি আজও যখন সে পরের অপরাধ ও নিজের সুখ চুরি করিয়া এ বাড়ী ছাড়িয়া বাহির হইল তখনও সেই কাল-পেঁচাটা থাকিয়া থাকিয়া ডাকিয়া উঠিতেছিল।

 মমতা পেঁচার কর্কশ ডাকে সচেতন হইয়া মুখ তুলিয়া দেখিল ঘরে সাধু নাই, পশুপতি তেমনি ভাবে হার হাতে করিয়া আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া আছে। মমতা চোখ মুছিয়া উঠিয়া দাঁড়াইয়া ঘৃণাভরা তাচ্ছিল্যের স্বরে বলিল—চোর যে সে ভাইই হোক আর ছেলেই হোক সে চোর! ভাই চুরি করেছে, তাতে তোমার এত লজ্জা কি? তুমি গহনাগুলো তুলে রেখে আল্‌মারি ঘর বন্ধ ক’রে শোবে এস।

 মমতা ঘর হইতে বাহির হইয়া আসিল—তখন ইমামবাড়ীর ঘড়িতে ঢং ঢং ডং করিয়া তিনটা বাজিল।