বিষয়বস্তুতে চলুন

চোরকাঁটা/৩

উইকিসংকলন থেকে

◄  ২
৪  ►
​

[ ৩ ]

 সাধু মমতার যত্নে সুস্থ হইয়া উঠিয়াছে। সে এখন একটু একটু করিয়া হাঁটিতে পারে। সে উঠিয়া গিয়া গঙ্গার উপর ঝোলানো বারান্দায় বসিয়া আছে—মণ্টু তার কোলে। মণ্টু তার গলা ধরিয়া বলিল—কাকাবাবু, তোমার আর অছুক করবে না?

 সাধু শিশুর মমতায় দ্রব হইয়া বলিল—না বাবা।

 —কেন?

 —তোমার মা অসুখ হতে দেবেন না যে।

 —কেন?

 —তোমার মা যে আমাকে ভালোবাসেন।

 —আমার মা ছব্বাইকে ভালোবাসে। আমিও বাসি। তুমি বাস্‌বে?

 —বাস্‌ব বইকি বাবা।

 — তবে তুমি আমাকে নিয়ে বাগানে বেড়াতে চল না।

 সাধু খুশি হইয়া মণ্টুকে কোলে লইয়া উঠিয়া দাঁড়াইল। এমন সময় মমতা এক বাটি গরম দুধ আর ঘিয়ে ভাজা চিঁড়ে লইয়া সেখানে আসিল। সাধু মণ্টুকে কোলে করিয়া দাঁড়াইয়া আছে দেখিয়াই মমতা ব্যস্ত হইয়া বলিল—ওকি ঠাকুরপো! কাহিল শরীরে ওকে কোলে ক’রে দাঁড়িয়ে আছ! ওকে নামিয়ে দাও!

 সাধুর চোখ ছলছল করিয়া উঠিল। সে মণ্টুকে বুকের ​উপর চাপিয়া ধরিয়া সুখদুঃখমেশানো হাসিমুখে বলিল—আমি কাহিল বৌদিদি! আমার ঊনিশ বচ্ছর বয়সে এমন কথা এই প্রথম শুনলাম! ছেলেবেলা থেকে লোকের মুখে শুধু শুনে এসেছি আমি একটা গুণ্ডা ডাকাত!

 মমতা দুধ ও চিঁড়ে-ভাজা একটা টেবিলের উপর নামাইয়া রাখিয়া সাধুর দিকে তাকাইয়া হাসিল। বাস্তবিক এই ঊনিশ বছরের কিশোর কুমার বালক শালের কোঁড়ার মতন দীর্ঘ, ঋজু, পুষ্ট; কিন্তু তার মুখখানি ঐ মণ্টুর মুখের মতনই কচি, সরলতামাখা, একটু মমতার স্পর্শে তার বড় বড় ভাসা ভাসা চোখ দুটি ছলছল করিয়া উঠে। মমতা বলিল—তা হোক। তুমি সবে অসুখ থেকে উঠেছ। নেমে আয় বাবা, কাকাবাবুকে খেতে দে।

 সাধু কুণ্ঠিত হইয়া বলিল—এখন আর কিছু খাব না বৌদি, এখনো আমার খিদে পায়নি।

 —হ্যাঁঃ খিদে পায়নি! কোন্ সকালে দুটি মাগুর মাছের ঝোল আর পুরানো চালের ভাত খেয়েছ, তা ঐ ডাকাতের পেটে কতক্ষণ! এস, দুধ জুড়িয়ে জল হয়ে যাচ্ছে।

 এই স্নেহময়ীর যত্নের অজস্র দান গ্রহণ করিতে করিতে সাধু নিজের অযোগ্যতায় পদে পদে লজ্জিত হইয়া উঠিতেছিল, তার সমস্ত অন্তর কুণ্ঠিত হইয়া পড়িতেছিল। তার মনে কেবলই এই ধিক্কার ধ্বনিত হইতেছিল, যে লোক না চাহিতে এমন করিয়া বিলাইয়া দেয়, তারই ভাণ্ডারে সে চুরি করিতে ঢুকিয়াছিল!

 সাধু লজ্জায় কুণ্ঠায় জড়সড় হইয়া মণ্টুকে কোলে করিয়াই চেয়ারে বসিল এবং নীরবে খাইতে লাগিল।

 মণ্টু বলিল—কাকাবাবু, আমি খাব।

 সাধু অপ্রস্তুত হইয়া বলিল—আমার এঁটো খেতে নেই বাবা!

​ মণ্টু বলিয়া উঠিল—কেন? তুমি ত’ কাকাবাবু।

 সাধু বলিল—তা হলেও আমার এঁটো খেতে নেই।

 মমতা বলিল—কেন? তাতে দোষ কি? মণ্ট তোমার সঙ্গে খাক্।

 সাধু লজ্জিত ব্যথিত দৃষ্টি মমতার দিকে তুলিয়া বলিল―আমি কি জাতের ছেলে তা আমি জানিনে। তা ছাড়া আমি খ্রীস্টানদের কাছে মানুষ হয়েছি। আমাকে ছেলেবেলাতেই তারা খীস্টান ক’রে দিয়েছে। তা ছাড়া সবার বেশী বাধা—আমি চোর!

 —আবার ঐ কথা ঠাকুরপো! যাও, তা হলে আমি তোমার ওপর রাগ করব।—মমতা স্নেহকুপিত মুখে ফিরাইয়া চলিয়া যাইতে গিয়া থম্‌কিয়া দাঁড়াইল।

 মমতা দেখিল ঘর হইতে পশুপতি বারান্দায় আসিতে আসিতে মমতাকে বলিতেছিল―মানুষ সত্যি কথা বল্‌লে রাগ কর কেন? সত্য স্বীকার করতে বাধা দেওয়া উচিত নয়।

 পশুপতির আবির্ভাবে মমতার কৃত্রিম কোপ সত্য হইয়া উঠিল। পশুপতি যাহা বলিল তাহা যথার্থ, কিন্তু যেমন করিয়া বলিল তাহাতেই মমতার মন ব্যথিত হইল, সাধুও ব্যস্ত অপ্রতিভ হইয়া খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল।

 পশুপতি সাধুর দিকে চাহিয়া বলিল—খেতে খেতে উঠে দাঁড়ালে কেন? বস, খাও।

 সাধু পশুপতির এই অনরোধে কৃতার্থ হইয়া বলিল―আর আমি খেতে পার্‌ব না।

 পশুপতি সাধুকে দ্বিতীয় অনুরোধ না করিয়া পুত্রকে ডাকিল—আয় মণ্টু, বেড়াতে যাবি?

 —না, আমি কাকাবাবুর সঙ্গে যাব।

 পশুপতি সাধুর দিকে ফিরিয়া বলিল―তুমি কি বেড়াতে পারবে? একটু একটু ক’রে যদি সকাল-সন্ধ্যায় বেড়াও ত’ ​শিগ্‌গির সেরে উঠ্‌তে পার্‌বে?

 সাধু সঙ্কুচিত ভাবে বলিল—পার্‌ব।

 —তবে বেশী হিমটিম লাগিও না। সন্ধ্যা হবার আগেই ঘরে ঢুকো। আমি ঘুঁটেবাজারের দিকে একটা বেড়িয়ে আসি।

 পশুপতি চলিয়া গেল। সাধুর প্রতি পশুপতির দুটি সদয় কথায় মমতার ব্যথিত কুপিত মুখ প্রসন্ন হইতে হইতে একেবারে প্রফুল্ল হইয়া উঠিয়াছিল। কিন্তু ইহাতে সাধুর মন আরো কুণ্ঠিত সঙ্কুচিত লজ্জিত হইয়া পড়িতেছিল।

 মমতা উল্লসিত হইয়া বলিল—বাগানে যেতে পার্‌বে ঠাকুরপো? আস্তে আস্তে মণ্টুর হাত ধরে চল তবে। চল আমিও যাই।

 সাধু মণ্টুকে কোলে তুলিয়া বলিল—আপনি পথ দেখিয়ে চলুন। বাড়ীর পথ ত’ আমি চিনি না। একবার ঢুকেছিলাম নল বেয়ে, বেরিয়েছিলাম আছাড় খেয়ে, আর একবার ফিরে এসেছিলাম অচৈতন্য অবস্থায় লোকের কাঁধে চড়ে...

 সাধুর মনে যে কি পরিমাণ গ্লানি জমিয়া উঠিয়াছিল, তাহা তার বারবার চুরির কথার উল্লেখে মমতা বুঝিতে পারিয়া তাকে সান্ত্বনা দিবার জন্য বলিল—তুমি অভিমন্যু ঠাকুরপো। মায়ের গর্ভ থেকেই তুমি বাড়ীর ব্যূহ ভেদ করবার অধিকার লাভ করেছিলে, কিন্তু এ ব্যূহ ভেদ ক’রে বার হতে হবে না ব’লে-ই নির্গমের উপায় শিখবার দরকার হয়নি। পরে বুঝতে পার্‌বে আমার একথা সত্যি ঠাকুরপো।

 সাধু মমতাকে অনুসরণ করিয়া বাগানে যাইতে যাইতে বলিল—অভিমন্যু সপ্তরথীর কাছে ধরা পড়েছিল, কিন্তু আমার মতন ডাকাতকে আপনি একলাই বন্দী করেছেন।.....

 সাধু তারপর হঠাৎ বলিয়া উঠিল—দেখুন বৌদিদি, আপনাকে কেবলই আমার মা ব’লে ডাকতে ইচ্ছে করে; আপনি আমাকে ঠাকুরপো বলবেন না, মণ্টুর মতন আমারও ​নাম ধরে ডাকবেন।

 সাধুর চোখ ছল্‌ছল্ করিয়া উঠিল; মমতার চোখের কোণেও এক বিন্দু অশ্রু জমিয়া টল্‌টল্ করিতে লাগিল। মমতা নীরবে বাগানে গিয়া প্রবেশ করিল।

 সাধু দুর্বল শরীরে সিঁড়ি নামিয়া, মণ্টুকে বহিয়া ও হৃদয়াবেগে ক্লান্ত হইয়া পড়িয়াছিল, হাঁপাইতেছিল। তার গুরু নিশ্বাসপতনের শব্দে চমকিত হইয়া মমতা পিছন ফিরিয়া বলিল—ঠাকুরপো, মণ্টুকে এইবার নাবিয়ে দাও, তুমি হাঁপাচ্ছ, চল ঐ বেঞ্চিতে বস্‌বে।

 মমতা মণ্টুকে সাধুর কোল হইতে নামাইয়া দিল। সাধুর হাত ধরিয়া বেঞ্চির কাছে লইয়া গিয়া বলিল—বোসো।

 সাধু বসিয়া পড়িল। মমতাও তার পাশে বসিল। সাধ চুপ করিয়া থাকিতে থাকিতে বলিয়া উঠিল—আচ্ছা বৌদিদি, আপনারা আমাকে এত যত্ন করেন কেন? আমি ত’ আপনাদের বাড়ীতে চুরি করতে এসেছিলাম, অন্য লোক হলে ত’ আমাকে জেলে দিত। দু-দুবার ত’ জেল খেটেও এসেছি। মাকে কখনো জানিনি, জেল-খাটা চোর ছেলেকে মাও বোধ হয় এমন যত্ন করে না।

 মমতা চমকিয়া উঠিল—এই বয়সে সাধু দুবার জেলও খাটিয়াছে!

 মমতা তার দিকে ফিরিয়া সস্নেহে তার কাঁধে হাত রাখিয়া বলিল—তোমার ছেলেবেলা থেকে এ পর্যন্ত সমস্ত কথা আমাকে বলবে?

 সাধু মুখে তুলিয়া বলিল―আপনার কাছে আমার লুকোবার কিছু নেই।

 সাধু নিজের জীবনের ইতিহাস মনে করিয়া গুছাইয়া বলিবার জন্য চুপ করিল। মণ্টু তখন একটা প্রজাপতি ধরিবার ​জন্য বাগানময় ছটিয়া বেড়াইতেছে। শীতকালের মর্সুমী ফলের কেয়ারিতে বিচিত্র রঙের প্রজাপতির মতন কত রকম ফল ফুটিয়া রহিয়াছে, প্রজাপতিটা তার মধ্যে লুকাইয়া বসিল। মণ্টু তখন অন্য একটা প্রজাপতির পিছনে ছুটিল। বাগানের বাতাস ভরিয়া প্রজাপতি ও ঝিঁঝিঁ ফড়িং উড়িতেছিল—যেন বাগানের ফুলগাছগুলি শূন্যে পাতা ফুল লোফালাফি করিয়া খেলা করিতেছে। একটা ছোট গাঢ় সবুজ রঙের মৌচুষকী পাখী সরু লম্বা বাঁকা চক্‌চকে ঠোঁট ফুলের বুকে বসাইয়া বসাইয়া মধু ও পোকা খাইয়া বেড়াইতেছিল। আর, এক কোণে একটা কুকুর কাত হইয়া পড়িয়া অনেকগুলো বাচ্চাকে স্তন্যপান করাইতেছিল। সাধু আস্তে আস্তে মুখ তুলিয়া নিজের জীবন-কাহিনী বলিতে আরম্ভ করিল―

 আমার যখন বোঝ্‌বার মতন জ্ঞান হ’ল তখন আমি খীস্টানদের অনাথ-আশ্রমে থাকি। সেটা যত রাজ্যের মাওড়া ছেলের বাথান—আমাদের মধ্যে ফিরিঙ্গি কাফ্রি ধাঙড় সাঁওতাল উড়ে হিন্দুস্থানী সকল জাতের ছেলেই ছিল। আমি নাকি সেই আশ্রমে অতি শৈশব থেকেই আছি, আমাকে তারা একদিন রাত্রে দরজার গোড়ায় কুড়িয়ে পেয়েছিল। আমার বুকের উপর একখানা কাগজে লেখা ছিল এইটুকু মাত্র পরিচয়—

 সাধু।

 পিতার নাম শ্রীচন্দ্রকান্ত মল্লিক।

 হতভাগিনী মা।

 আমি ছেলেবেলা থেকেই খুব সুস্থ বলিষ্ঠ। কাজেই আমি খুব চঞ্চল আর দুষ্টু ছিলাম। আমাদের আশ্রমের যিনি অধিষ্ঠাত্রী ছিলেন, তাঁর নাম ছিল মিস্ সিংহ। তাঁর সাম্‌নে তাঁকে আমরা গুরুমা বল্‌তে বাধ্য হতাম, কারণ তাই হকুম; কিন্তু আড়ালে আমরা সবাই তাঁকে বলতাম সিংহী! সিংহীর মতনই ছিল তাঁর চেহারা আর মেজাজ। ভয়ানক কালো ​সাঁওতালী প্যাটার্ণের ঢিপ্‌লে মতন চেহারা, আর বিপুল বিপর্যয় মোটা; সেই শরীরের মধ্যে তাঁর যে মেজাজ ছিল তা আরো কুৎসিত, আরো উগ্র। এতগুলো পরের ছেলের ঝক্কি সয়ে তাঁর মনটা বেতর চটা হয়ে উঠেছিল। আমাদের তিনি নাওয়াতেন খাওয়াতেন খাতায় লেখা নিয়ম-মত আর ঘড়ি ধ’রে। খাতা খুলে দাঁড়িয়ে নাম ডাকতেন—আজ এদের নাইবার দিন; খাতায় যখন আজকের দিনে নাওয়া লেখা আছে, তখন নাইতেই হবে—ওজর-আপত্তি করলেই তার সে-বেলার খাওয়া বন্ধ—সকলে খাবে আর তাকে সামনে ব’সে তাই দেখতে হবে—তা সেই ছেলের বয়স যত কমই হোক না কেন! খাতার নাম অনুযায়ী পর পর সার দিয়ে নাইবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে—একজন ক’রে এ-দরজা দিয়ে ঢুকবে আর সিংহীর থাবার গোটা পাঁচ-সাত রগ্‌ড়ানি আর চুবানি খেয়ে ওদরজা দিয়ে বেরিয়ে যাবে। কেউ যদি সার ভেঙেছে কি গোলমাল করেছে তবে তার শাস্তি সেদিন যেটা সবচেয়ে উপাদেয় খাবার তৈরি হয়েছে সেইটি তাকে খেতে দিয়ে তার পাত থেকে তুলে নেওয়া। খাবার শোবার সব ব্যবস্থাই এম্‌নি খাতা-মাপা আর ঘড়ি-ধরা—ঘুম যার পায়নি তাকেও শোবার ঘণ্টা বাজলে চুপ ক’রে বিছানায় পড়ে থাকতেই হবে, ঘুম যার পেয়েছে তাকে ঘণ্টা না বাজা পর্যন্ত জেগে থাকতেই হবে—নইলে তার কান ধ’রে ছুটোছুটি করিয়ে ঘুম ভাঙানো হবে; শোবার ঘণ্টা বাজ্‌বার দশ মিনিট আগে কেউ ঘামে ঢুলে পড়ছে দেখলে অমনি ঘোড়দৌড়ের ব্যবস্থা; তার ঘুম যেই ভাঙ্‌ল আর শোবারও ঘণ্টা পড়্‌ল, তখন আর তার জেগে থাকা চলবে না, গিয়ে শুয়ে পড়তে হবে। খাবারও সময় বরাদ্দ-করা ছিল, তার আগে বা পরে খিদে পেলেও কিছু পাবার জো ছিল না, আর ঘণ্টা যখন বেজেছে তখন খিদে না থাক্‌লেও খেতেই হবে। কারো অসুখ হলে সিংহীর সাবধানতা রোগযন্ত্রণার চেয়ে উৎকট অসহ্য হয়ে ​উঠ্‌ত, যে রোগই হোক না কেন, উপোষ ফোমেণ্ট্ মালিশ বরাদ্দ হয়েই আছে। রোগে পড়ার শাস্তি ছাড়া আর সমস্ত নিয়ম-ভঙ্গের শাস্তি বেশী ক’রে ভোগ করতাম আমরা তিন জন—আমি, কাফ্রি জ্যাক, আর ফিরিঙ্গি ব্রুক। আমরা তিন জনেই বড়, সুস্থ সবল, প্রাণবান্ ছিলাম; তাই আমাদের চাঞ্চল্য আর দুষ্টুমির অন্ত ছিল না। অধিকন্তু অন্য ছোট ছোট ছেলেগুলো কেউ কোনো দোষ ক’রে ফেল্‌লে সেটা চট্ ক’রে আমাদের তিনজনের একজন নিজের উপর নিয়ে নিতাম। এইজন্যে ছেলেরা আমাদের যে পরিমাণে ভালোবাস্‌ত সিংহী আমাদের সেই পরিমাণে দেখ্‌তে পার্‌ত না, যত দোষ শুধু আমরা তিনজনেই করি দেখে সে আমাদের উপর হাড়ে চটা ছিল। আমাদের তিনজনের মধ্যে আমিই খুব লম্বা-চওড়া ছিলাম; আর আমি হাজার মার খেলেও কাঁদতাম না; এইজন্যে সিংহীর রাগ আমার উপরই সবচেয়ে বেশী ছিল।

 সিংহী আমাদের দেখতে পারত না ব’লে তার প্রাণে দয়া মমতা ছিল না এমন নয়। তার ভালোবাসা একটা টিয়াপাখী আর একটা সিংহীর নিজের মতনই কালো কুচ্‌কুচে মোটা কেঁদো বেরাল ছিল। সিংহী আমাদের পেট ভ’রে খেতে দিত না, তার বিশ্বাস ও ভয় ছিল যে পেট ভ’রে খেলেই অসুখ করবে। কিন্তু তার পোষা বেরাল আর টিয়াকে অষ্ট প্রহরই খাবার জোগাত। সে খাবার দিয়ে সরে গেলেই আমি বেরালটাকে তাড়া দিয়ে সরিয়ে তার দুধটুকু, মাছটুকু কোনো ছেলেকে খাইয়ে দিতাম; টিয়ার দাঁড় থেকে ছোলা, পাঁউরুটি, দুধের সর, কলা, আম যখন যা পেতাম তাই চুরি ক’রে ছেলেগুলোকে বেঁটে দিতাম। খাবার দিয়ে যেতে না যেতেই টিয়ার দাঁড়ে আর খাবার থাকে না, তার দাঁড়ের তলাতেও কিছু পড়ে না, ছড়ায় না; অত খাওয়ানো সত্ত্বেও তার সাধের বেরাল ছোঁচ্‌কা চোর হয়ে উঠ্‌ছে;—এতে সিংহীর কেমন সন্দেহ হতে লাগ্‌ল। সে একদিন আমাদের ​চুরি ধ’রে ফেল্‌লে। আর তার পর সে কী মার আর শাস্তি মাসখানেক ধ’রে চল্‌ল! সিংহী রোজ আমাদের দাঁড় করিয়ে যিশু খীস্টের দশ অননুশাসন মুখস্থ বলাত আর বাইবেল থেকে পড়ে শোনাত—“যীশু, কহিলেন, চুরি করিও না........ তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেল। দুই হস্তবিশিষ্ট হইয়া নরকে, সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বরং নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার পক্ষে ভালো।”

 যিশুখীস্টের এই উপদেশে ফল হ’ল এই যে ধরা পড়ার ভয়ে আমরা আর সমস্ত খাবার চুরি করতাম না, বেরাল আর পাখীর সঙ্গে আধাআধি বখ্‌রা রফা করা গেল—বেরালটা মাছের কাঁটাগুলো খেতো, আর টিয়াটার দাঁড়ের তলায় ছোলার খোসাগুলো ছড়ানো থাক্‌ত। এতে আমাদের একটু কাজ বেড়ে গেল—মাছের কাঁটাগুলো বেছে মাছটুকু নিতে হত, আর ছোলার খোসা ছাড়িয়ে দানাগুলি চুরি করতে হ’ত।

 আশ্রমের হাতায় কিছু ফলের বাগানও ছিল। শশার মাচায় শশা, কলাগাছে কলা, পেয়ারা গাছে পেয়ারা ফল্‌তে আরম্ভ করলেই জালি থেকে সমস্ত ফলই সিংহী গুণে রাখত! আমি ছেলেগুলোকে একে একে ঘাড়ে ক’রে তুলে ধর্‌তাম, তারা দাঁত দিয়ে কেটে কেটে শশা আর পেয়ারার বেশীর ভাগ খেয়ে নিত, কিন্তু বোঁটার নীচের খানিকটা গাছেই লেগে থাকত। সিংহী মনে করত ইঁদুরে আর বাদুড়ে শশা পেয়ারা খেয়ে যাচ্ছে।—সে মালীদের বক্‌ত তারা ইঁদুর বাদুড় তাড়াতে পারে না কেন?

 রাতে আমাদের শুইয়ে রেখে সিংহী চ’লে গেলে আমরা বড় তিনজনে পালা ক’রে বিছানায় বালিসের উপর লেপ চাপা দিয়ে রেখে গভীর রাত্রে জান্‌লা টপ্‌কে বাইরে যেতাম, আর যেখানে যা কিছু খাবার পেতাম, সংগ্রহ ক’রে নিয়ে আসতাম; ​তারপর, তিনজনে মিলে ছোট ছোট ছেলেগুলোর ঘুম ভাঙাতে হত নীরবে। অন্ধকারে হাতড়ে তাদের খাবার বেঁটে দিতাম; তারাও খুব সাবধান হয়ে উঠেছিল, তারা হাত-মুখ চেটে চেটে আঁচানোর কাজ সেরে নিত; তখন তাদের আবার বিছানায় শুইয়ে দিতাম।

 একদিন অন্ধকারে টমির বিছানায় হাবাকে আর হাবার বিছানায় টমিকে শুইয়ে দিয়েছিলাম। সকালবেলা সিংহী এসে যখন এই পাঁচ-সাত বছরের দুটি ছেলের এই অন্যায় আচরণ দেখতে পেলে তখন তার চোখ দুটো গুলের আগুনের মতন লাল হয়ে উঠ্‌ল, সে তাদের চুল ধ’রে টেনে তুলে দুজনের মাথায় মাথায় ঠু্‌কতে লাগ্‌ল। এমন সময় তার বেরালটা লেজ উঁচু ক’রে আদর পাবার জন্যে ঘরর্ ঘরর্ শব্দ করতে করতে ঘরে এল। আামি সিংহীর রাগটা তার ভালোবাসা বেরালটার উপরে ঝাড়বার জন্যে ক’ষে দিলাম চোরা এক লাথি তার পেটে। বেরালটা আঁও ক’রে ডেকে ছিট্‌কে দূরে গিয়ে পড়ল। সিংহী অমনি ব্যাস্ত হয়ে টমি আর হাবাকে ছেড়ে এসে তাকে কোলে ক’রে নিয়ে গায়ে হাত বুলোতে লাগ্‌ল—কেন সানি, কি হয়েছে? খিদে পয়েছে? চল, চা খাবে, বিস্কুট খাবে—চল।

 সিংহী ঐ কালো ভূতভূতে বেরালটার নাম রেখেছিল—Sun-shine—সূর্যকিরণ! আর সিংহীর নিজের নাম ছিল উজ্জ্বলা! সানশাইন উজ্জ্বলা সিংহীর কোলে উঠে তখন এক-একবার চোখ পাকিয়ে আমার দিকে চাইছিল, আবার পরক্ষণেই সিংহীর আদরের স্পর্শে তার চোখ মিটমিট ক’রে বুজে আস্‌ছিল। সিংহীর রাগে আঙারের মতন ঢেলা ঢেলা চোখ দুটো পুষির স্নেহে কোমল হয়ে গিয়েছিল। ভাগ্যিস্ সিংহীর শাইন কথা কইতে পারত না, নইলে আমার সেদিন মার খেয়ে হাড় মাস আলাদা হয়ে যেত।

 আমাদের সঙ্গে একটি কচি ছেলে ছিল বছর পাঁচেকের। ​তার এক্‌লা শুতে বড় ভয় কর্‌ত। সিংহী তাকে শুইয়ে রেখে চলে গেলে সে কাঁদতে থাক্‌ত। কোনোদিন আমি তার কাছে গিয়ে ব’সে ঘুম পাড়িয়ে তবে শুতে আসতাম, কোনোদিন বা তাকে আমার বিছানাতেই নিয়ে আসতাম, ভোর হলে তার বিছানাতে রেখে আসতাম। এক-একদিন সিংহী আবার মাঝরাত্রে উঠে আমাদের তদারক করতে আসত। একদিন আমার বিছানায় তাকে দেখ্‌তে পেয়ে সেই রাত্রে সেই ঘুমন্ত কচি ছেলেকে সিংহী যা মারলে তা মনে হলে এখন আমার আশ্চর্য বোধ হয় যে আমি কেন সিংহীটাকে তখন খুন ক’রে ফেলিনি। সেই কচি ছেলের শাস্তির পরে আমার যে শাস্তি হল তা আমার কাছে অত্যন্ত লঘুই বোধ হল, তা আমার গায়েও লাগল না।

 আমাদের আশ্রমে একজন দাসী ছিল ঝরিয়া; সে আমাদের ভালোবাসত। সে চুরি ক’রে ক’রে আমাদের অনেক জিনিস দিত; আমরা কোনো অপকর্মের আয়োজন করলেই সে তাড়াতাড়ি সমস্ত ঢেকে-ঢুকে আমাদের সাবধান ক’রে দিত—“বাবা, এয়সা মৎ করো—সিংহী-বাবা খাপ্পা হোগী!” সে কাউকে আদর করছে দেখ লে সিংহীর গর্জন শোনা যেত—ঝরিয়া, তুই আদর দিয়ে দিয়ে ছেলেগুলোর মাথা খেলি।

 রবিবারে রবিবারে পাদ্রী টম্‌সন সাহেব উপাসনা করতে আসতেন। সেই একটি দিন মিস্ সিংহীর মুখে হাসি দেখা যেত; সেইদিন ছোট ছোট দু-একটা ছেলে তার কোলে একবার উঠতে পেত, দু-একটা ছেলেকে সে কোলের কাছে টেনে হাত দিয়ে জড়িয়ে ধরত। টম্‌সন সাহেবের সাম্‌নে লোকদেখানো এই আদর নাগপাশে বন্ধনের মতন ছেলেদের অত্যন্ত ভয়ঙ্কর রকমের খারাপই লাগ্‌ত। টম্‌সন সাহেব আমাদের জন্যে বই, ছবি, লজন্‌চূয, বিস্কুট, কমলালেবু, পেয়ারা, আম, খেলনা—নানান রকম বিলাস-সামগ্রী নিয়ে আসতেন। আমরা মনে করতাম টম্‌সন সাহেব নিশ্চয় যিশুখ্রীস্ট, আর এই ​সিংহীটা শয়তান।

 রবিবারের দিকে তাকিয়ে আমাদের ছ’দিন কাট্‌ত, কিন্তু রবিবারের উপহার টম্‌সন সাহেব থাকতেই খেয়ে না ফেলতে পারলে সিংহীর থাবা তা কেড়ে নিত, তার ভয় তাকে হঙ্কার ছাড়াত—খাওয়ার অনিয়ম হলে অসুখে পড়বে, তখন ভুগে মরবে কে?

 ছেলেবেলা থেকেই নানা রকমে আমাদের ছল-চুরি শিখতে হয়েছিল। তারপর আমাদের ভর্তি ক’রে দিলে এক স্কুলে, তার নাম—Naughty Training School—দুষ্টুশাসন স্কুল।

 যেহেতু স্কুলের নাম দুষ্টুশাসন ও সেখানকার পড়ুয়া মাত্রেই দুষ্ট, সুতরাং আমরা দুষ্টু, আমাদের শাসন করা অতি আবশ্যক। রোজ সকালে ঘুম থেকে উঠেই পাঁচ ঘা ক’রে বেত খেয়ে তবে আমরা অন্য কিছু খেতে পাই; রাত্রে শুতে যাবার আগেও বেত খেয়ে যাওয়া বরাদ্দ। লিখ্‌তে লিখ্‌তে শ্লেটের উপর পেন্সিলটা ক্যাঁ ক’রে যদি একটু ডাক্‌ল ত’ খাও বেত; পাশের ছেলের সঙ্গে একটা কথা কয়েছি কি হেসেছি, অমনি দুজনে দুজনের কান ধ’রে বেঞ্চির ওপর সমস্ত দিন খাড়া। টিফিনের সময় একটু ছুটে ঘর থেকে বেরিয়ে গেলে টিফিন বন্ধ, নিল-ডাউন। একটা কিছু ভুল গেলে গাধার টুপি মাথায় দিয়ে হয় সকল ক্লাশে ক্লাশে ঘুরিয়ে আন্‌বে, নয় হলে টুলের উপর দাঁড় করিয়ে রাখ্‌বে যেখানে সকলে যেতে আস্‌তে তাকে দেখ্‌তে পাবে। আর সকল ক্লাশের কৌতুক-বিদ্রূপের দৃষ্টির আঘাত তার উপরে গিয়ে পড়বে। এর চেয়ে অপরাধ বেশী মনে হলে অনাহারে ও নির্জন ঘরে বন্দী হওয়া স্কুলের পেনাল কোডের বরাদ্দ ছিল।

 এমনি দুঃখ অপমান স’য়ে স’য়ে আমি স্কুলের ফার্স্ট ক্লাস পর্যন্ত উঠলাম—কিন্তু তখন আমার বয়স সবে চোদ্দ বছর। ​সেই বয়সেই আমি বেশ বড়সড় শক্ত সমর্থ জোয়ান হয়ে উঠেছিলাম।

 একদিন আমাদের বাবুর্চির কাছ থেকে আমি একখানা বই সংগ্রহ করেছিলাম—তার নাম দিল্‌জানবিবির কেচ্ছা। সেদিন রবিবার, আমি সেই দিল্‌জান বিবির কেচ্ছাখানাকে খোলা বাইবেলের মধ্যে লুকিয়ে ধ’রে খুব মনোযোগ দিয়ে পড়ছিলাম। গির্জায় যাবার ঘণ্টা বাজ্‌ল; কিন্তু তখন কেচ্ছার রসে এমন মজে গিয়েছিলাম যে উঠি উঠি করেও উঠতে পারছিলাম না। খানিক পরে হঠাৎ মাথায় একটা গাঁট্টা খেয়ে মুখে তুলে চাইতে না চাইতে আমার হাত থেকে কেচ্ছাখানা ভয়পাওয়া পাখীর মতন ডানা মেলে ফর্‌র্ ক’রে উড়ে দূরে ঠিক্‌রে গিয়ে পড়ল। আর সেই সঙ্গে সঙ্গে কানের টানে মাথা তুলেই দেখ্‌তে পেলাম যমদূতের মতন কালো মাস্টার মশায় কসাইয়ের মতন লম্বা আলখাল্লা পোষাক পরে আমার উপর ঝুঁকে আছে—তার এক হাতে আমার কান ধরা আর অপর হাত মাথায় গটাগট গাঁট্টা বর্ষণ করছে। আচম্‌কা আক্রমণের ভ্যাবাচ্যাকা ভাবটা একটু সামলে নিয়ে আমি এক ঝট্‌কায় তার হাত থেকে কান ছাড়িয়ে নিলাম; আর উল্টে মাস্টারের ফ্রেঞ্চকাট দাড়ি ধরে মারলাম তার গালে বিরাশি-সিক্কা ওজনের এক চড়।

 চড় মেরেই মনে হল ভয়ানক অন্যায় হঠাৎ রাগের মাথায় ক’রে ফেলেছি। কিন্তু আর চারা নেই। আমি প্রাণভয়ে দিলাম দৌড়। মাস্টার আমার পিছনে পিছনে চেঁচাতে চেঁচাতে দৌড়চ্ছিল। অন্যান্য মাস্টারেরা আর দারোয়ান চাকরেরাও ছুটে আসছিল। আমি একপাল লোকের দ্বারা তাড়িত হয়ে আগে ছুটে যাচ্ছি দেখেই ব্রুক মনে করলে একটা কিছু বিষম কাণ্ড হয়েছে। সে হাতার উঁচু পাঁচিলের কাছে দাঁড়িয়েছিল; সে পকেট থেকে গোটা কতক পয়সা মাটিতে ছড়িয়ে ফেলে ​যেন কুড়োতে যাচ্ছে এমনি ভাবে নীচু হল আর আমি তার কাছ দিয়ে ছুটে যেতেই সে চাপা গলায় চট্ ক’রে বললে—Get up man on my back and leap over the wall. তার পরামর্শ শনে টপ্ ক’রে আমি তার পিঠে উঠে এক লাফে পাঁচিল ডিঙিয়ে বাইরে গিয়ে পড়লাম। তারপর গলির গোলকধাঁধার মধ্যে নিজেই হারিয়ে গেলাম, আমায় আর পায় কে?

 সাধুর গল্পের জমাট জায়গায় পশুপতি বেড়াইয়া ফিরিয়া আসিল। তাকে দেখিয়াই সাধু চুপ করিল। এতক্ষণ সে পরম উৎসাহে অনর্গল বকিয়া চলিয়াছিল; পশুপতির আগমনে আবার তার মনে পড়িল এ বাড়ীর সঙ্গে তার সম্বন্ধ চুরি করিতে আসার সম্পর্কে।

 মমতা এতক্ষণ একমনে সাধুর গল্প শুনিতেছিল; পশুপতির আগমনে সেও তটস্থ হইয়া দাঁড়াইয়া বলিল—হিম পড়ছে ঠাকুরপো, চল ঘরে চল।

 পশুপতি আগাইয়া আসিয়া বলিল—হিমে বসে এতক্ষণ তোমাদের কিসের গল্প হচ্ছে গো?

 সাধু উঠিয়া কুণ্ঠিত মুখ লজ্জায় অবনত করিয়া দাঁড়াইল। মমতা বলিল—ঠাকুরপোর ছেলেবেলার গল্প শুন্‌ছিলাম।

 পশুপতি বলিল—বেশ লোক ত’ তোমরা? আমায় বাদ দিয়ে গল্প—সে হবে না। চল, গোড়া থেকে আমাকে বলতে হবে। ওরে মণ্টু অন্ধকারে বাগানে কি ছুটোছুটি করছিস্? বাড়ী আয়......

 পশপতি মণ্টুর হাত ধরিয়া আগে আগে বাড়ীর মধ্যে প্রবেশ করিল, তার পিছনে মমতা ও সাধু।

 পশুপতি খুব মুড়িসুড়ি দিয়া বসিয়া সাধুকে বলিল—এইবার তোমার গল্প বল, শুনি।

 মমতা সাধুকে বলিল―তুমি কাহিল মানুষ ঠাকুরপো, অনেকক্ষণ ব’সে আছ, তুমি শুয়ে শুয়ে বল।

​ পশুপতির সামনে মমতার এই স্নেহ প্রকাশে কুণ্ঠিত হইয়া সাধু বলিল—না, আমার কিছু কষ্ট হয়নি, আমি বেশ আছি। পশুপতি বলিল—তা তোমার যখন ইচ্ছে হবে তখনি শুয়ো। আচ্ছা বল।

 সাধু মুখ নত করিয়া কুণ্ঠিত ভাবে বলিতে লাগিল—

 আমি ছেলেবেলা থেকেই এক অনাথ-আশ্রমে প্রতিপালিত হয়েছিলাম। আমি আমার মা কি বাবাকে কখনো দেখিনি; তাঁদের পরিচয়ও কিছু জানি না।.......

 পশুপতি উৎফুল্ল হইয়া বলিয়া উঠিল—কিছু জানো না তা হলে?

 সাধু মুখ অল্প তুলিয়া বলিল—সে না-জানার মধ্যে। অনাথ-আশ্রমের গুরুমার কাছে একখানা কাগজে আমার পরিচয় শুধু এইটাকু লেখা ছিল—

সাধু।

পিতার নাম শ্রীচন্দ্রকান্ত মল্লিক।

হতভাগিনী মা।

 ইহা শুনিয়া পশুপতি মুখ একটু বিকৃত করিয়া বলিল—ওঃ।

 সাধু বলিয়া যাইতে লাগিল—অনাথ-আশ্রমের লোকেরা হাতার বাইরে আমায় যেদিন কুড়িয়ে পায়, তখন ঐ কাগজটুকরা নাকি আমার গলায় বাঁধা ছিল।

 একটু বড় হলে আমাকে একটা ট্রেনিং স্কুলে ভর্তি ক’রে দিলে। সেখানে যাবার সময় আমি মার হাতের লেখা আমার সেই পরিচয়পত্রখানি চুরি ক’রে নিয়ে যাই.......

 পশুপতি বলিয়া উঠিল—এঃ! ছেলেবেলা থেকেই চুরি! ছি ছি ছি!

 সাধু অপ্রস্তুত হইয়া চুপ করিল। মমতা স্বামীকে বলিল―তুমি একটু মুখ বুজে চুপ ক’রে শোনো দেখি, অমন ​কথায় কথায় বাধা দিলে ত’ সাত বছরেও কথা শেষ হবে না।... তুমি বল ঠাকুরপো।

 পশুপতি গম্ভীর হইয়া বলিল―আচ্ছা, ব’লে যাও তুমি। সাধুর কিন্তু আর মুখ খুলিতেছিল না। সে চেষ্টা করিয়া বলিতে লাগিল—স্কুলে বড় অত্যাচার করত ব’লে আমি একদিন সেখান থেকে পালিয়ে গেলাম.......

 মমতা দেখিল পশুপতির সাম্‌নে ও তার বাধা পাইয়া সাধুর মন খুলিতেছে না, সে নিজের ইতিহাস সংক্ষেপে সারিতেছে। সে সাধুকে বলিল―অমন সংক্ষেপে সেরো না ঠাকুরপো, বেশ বিস্তারিত ক’রে সব কথা বল।

 সাধু আড়চোখে একবার পশুপতির দিকে চাহিল, পশুপতি বালাপোষ মুড়ি দিয়া ঢুলিতেছে। তখন সে সাহস পাইয়া নিজের কাহিনী বলিতে সুরু করিল―

 চোদ্দ বছরের বন্দী দশার পর স্কুলের পাঁচিল ডিঙিয়ে বাইরে বেরিয়ে গা মেলে আরামের নিঃশ্বাস ফেলে বাঁচলুম। গায়ে আমার মুক্তির হাওয়া লাগ্‌ল; প্রাণে স্বাধীনতার স্ফূর্তি চঞ্চল হয়ে সর্ব শরীরে সঞ্চারিত হয়ে উঠ ল। পৃথিবী যে এত বড়, এত বিচিত্র, এমন শোভন তা জান্‌তে পেরে মনটা ভারী খুশি হয়ে গেল। তখন আমি গলির পর গলি পার হয়ে চলেছি, কোনো লোক বাধা দেয় না, বারণ করে না, কৈফিয়ৎ চায় না। পাঁচিল টপ্‌কে পালাবার সময় ব্রুক গোটাকতক পয়সা আমার পকেটে ফেলে দিয়েছিল, সেদিন রবিবার ছিল ব’লে গোটাকতক পয়সা আমার পকেটেও ছিল; তাই দিয়ে কখনো চানাচুর, কখনো গেলাপী গাণ্ডেরী, কখনো বা খাবার কিনে খেতে খেতেই পথ হাঁট্‌তে লাগ্‌লাম! আমাদের স্কুল ছিল শুনেছিলাম নোনাপুকুরে। পথের লোককে জিজ্ঞাসা করতাম নোনাপকুর কোন্ দিক দিয়ে যাওয়া যায়। তারা যেদিক দেখিয়ে দিত আমি তার উল্টো দিকে চল্‌তে থাক্‌তাম।

​ এমনি ক্রমাগত হাঁটতে হাঁটতে রাত্রি হয়ে গেল। খিদেয় আর শ্রান্তিতে শরীর অবশ অবসন্ন বোধ হতে লাগ্‌ল। একটা বাড়ীর সাম্‌নে একটা রক দেখে তারই ওপর শুয়ে ঘুমিয়ে পড়লাম।

 তখন অনেক রাত্রি। একটা ঠেলা খেয়ে ধড়মড় করে উঠে বস্‌লাম। ঘুমের ঘোরে চোখ চাইতেই মনে হল আমাদের স্কুলের সেই মাস্টার কালো আল্‌খাল্লা পরে জহ্লাদের মতন আমায় এসে ধরেছে।

 “এই! তোম্ কোন্ হায়?” প্রশ্নের সঙ্গে আবার এক ধাক্কা খেয়ে আর ভয়ের চোটে আমার ঘুম ভেঙে গেল। দেখ্‌লাম সে লোকটা স্কুলের মাস্টার নয়, শীতকালের কালো লম্বা কোট পরা পাহারাওলা! কিন্তু তার মূর্তি দেখেও আমার বিশেষ আনন্দ বা আশ্বাস বোধ হল না।

 সে আবার জিজ্ঞাসা করল—তোম্ হিঁয়া পর শোয়া হ্যায় কাহে? কোন্ হ্যায় তোম?

 আমার গায়ে তখনো স্কুলের ইউনিফর্ম পরা ছিল, তাই আমাকে নেহাৎ হতচ্ছাড়া দেখাচ্ছিল না। আমি তাকে একটা যা-তা ব’লে সেখান থেকে সরে পড়লাম। কিন্তু আমি বুঝে নিলাম যে, এরা আমাকে পথের ধারে প’ড়ে একটু বিশ্রাম করতেও দেবে না।

 সমস্ত রাত হেঁটেহেঁটেই কেটে গেল। এক-একবার এক জায়গায় একটু বসি, আবার দূরে পাহারাওয়ালা দেখলেই হাঁটতে শুরু করি। অনাহারে অনিদ্রায় তার পরের দিনটাও কাটল। কিন্তু সন্ধ্যাবেলা আর যে আমি পারি না। কেউ একবার ডেকেও ত’ জিজ্ঞাসা করে না, কারো কাছে আমিও কিছু বলতে পারি না। তখন মুক্তি পাওয়ার আনন্দ আমার ভয় ও বিষাদে পরিণত হল। আমি এক-একবার ভাবতে লাগলাম আবার সেই স্কুলেই ফিরে যাই। কিন্তু সেই-সব কশাই মাস্টারের ​মূর্তি মনে হলেই এত দুঃখের মধ্যেও সে প্রবৃত্তি আর থাকছিল না। একে মাস্টারকে মেরে এসেছি, তার ওপর দুদিন পলাতক—ফিরে গেলে কি আর রক্ষা থাকবে? পঁচিশ ঘা বেত, শুকনো রুটি আর জল, আর এক হপ্তা নির্জন ঘরে বন্দী হওয়া স্কুলের পেনাল কোডের ধারায় আমার শাস্তি নির্দিষ্ট হয়েই আছে! ভেবে-চিন্তে স্থির করলাম, অনাহারে মরি সেও ভালো, কিন্তু সেই যমের বাড়ীতে কিছুতেই ফিরব না। কিন্তু অনাহারে মরার সঙ্কল্প করা যত সহজ মরার প্রণালীটা তেমন সহজও নয়, সুখকরও নয়। বিকেল বেলার দিকে খিদে একেবারে অসহ্য হয়ে উঠল। আমি রাস্তার ধারে বসে পড়ে কেঁদে ফেললাম।

 আমি কোলের মধ্যে মুখে লুকিয়ে কাঁদছি। হঠাৎ আবার এক ঠেলা খাওয়ার সঙ্গে সঙ্গে শুনলাম—এই! কে তুই? কাঁদছিস কেন?

 বুকের রক্ত শুকিয়ে গেল—আবার পাহারাওলা! কোলের কাপড়ে চট ক’রে মুখটা ঘসে চোখের জল মুছে মুখ তুলে ঝাপ্‌সা চোখে দেখলাম—না, লোকটা পাহারাওলা নয়, একটা সাধারণ নিম্ন-শ্রেণীর লোক—তার গায়ে একটা লালের ওপর শাদা চৌখুপি ডোরা-কাটা চেক র‍্যাপার, খালি পা। সে আবার জিজ্ঞাসা করল—কাঁদছিস কেন রে?

 আমি বললাম—খিদে পেয়েছে।

 —তোর কে আছে?

 —কেউ নাই।

 —কোথায় বাড়ী?

 —কোথাও না।

 —বাড়ী থেকে পালিয়েছিস বুঝি?

 —বাড়ীই নেই ত বাড়ী থেকে পালাব কি?

 —বসে বসে কাঁদলে কি পেট ভরবে?

​ —তবে কি করব?

 —রোজগার কর্ না।

 আমি যেন হাতে স্বর্গ পেয়ে উৎফুল্ল হয়ে ব’লে উঠলাম—কেমন ক’রে রোজগার করতে হয় তা ত জানিনে। কেউ কাজ দেখিয়ে দিলে আমি করতে পারি।

 সে বললে—তবে আয় আমার সঙ্গে।

 সে আমাকে সঙ্গে ক’রে নিয়ে গিয়ে একটা খাবারের দোকান থেকে চার আনার খাবার কিনে ঠোঙাটা আমার হাতে দিয়ে বল্‌লে—নে আগে খেয়ে নে।

 আমার মন সেই ছোটলোকটার দয়াতে একেবারে মুগ্ধ হয়ে গেল; কৃতজ্ঞতায় তাকে পরম বন্ধু ও আত্মীয় ব’লে মনে হতে লাগল। এই যে রাস্তা কাঁপিয়ে পথিকের বুক কাঁপিয়ে ধূলোর ঝড় উড়িয়ে কত বড়লোক মোটর হাঁকিয়ে চলেছে, কত গাড়ীতে ট্রামে হেঁটে কত বাবু ভদ্রলোক কাতারে কাতারে চলেছে, কেউ ত’ আমার দিকে তাকিয়ে দেখেনি। আমার কান্না থামিয়ে ক্ষুধা মেটালে এই ছোটলোকটা! তার মুখের ওপর খোঁচা খোঁচা খাড়া গোঁফদাড়ির চুলগুলো গাছি গাছি যেখান থেকে উঠেছে সব খাড়া পারপেণ্ডিকুলার হয়ে আছে, কেউ একট, নোয়নি; সেই সজারু-মূর্তি লোকটাকে দেখেই আমার পিলে চমকে উঠেছিল; কিন্তু যখন দেখলাম তার বাহিরটা যতই কর্কশ খোঁচা-তোলা হোক, ভিতরটায় কোমলতা আছে, তার মনটা দুঃখ দেখে নুয়ে পড়ে, তখন তাকে আর কুশ্রী মনে হল না।

 আমার খাওয়া হলে সে রাস্তার একটা কল টিপে ধ’রে আমায় জল খাওয়ালে। তার পর একটা বিড়ি আর দেশলাই বার ক’রে বললে—নে, বিড়ি খেয়ে নে। আমি বললাম—আমি বিড়ি খাই না। তখন সে বিড়িটা নিজের মুখে দিয়ে ধরিয়ে নিয়ে ধোঁয়া ছেড়ে বললে’আয় তবে রোজগার করতে শিখবি।

 আমি হৃষ্ট মনে তার সঙ্গে সঙ্গে চললাম। সে চৌথামায় ​এসে আস্তে আস্তে এদিক ওদিক টহলাতে লাগল। কি ক’রে যে কোথায় রোজগার করব কিছুই বুঝতে না পেরে আমিও তার সঙ্গে সঙ্গে ফিরতে লাগলাম। খানিকক্ষণ পরে একজন বাবু এসে ফুটপাথের ধারে দাঁড়াল। তাকে দেখিয়ে সেই লোকটা বললে—ঐ বাবুটিকে দেখছিস?

 আমি দেখলাম বাবুটি খুব ফিটফাট; পায়ে পাম্প-শু, রেশমী সবুজ মোজা―প্যারিস গার্টার দিয়ে টানা; পরণে মিহি গান-পেড়ে ফরাশডাঙার কোঁচানো ধুতি, গায়ে কালো সার্জের কোট, গলায় পাটকরা শাল সামনের দিক থেকে পিঠের দিকে ফেলা; তার ডান হাতে আংটি আর সরু একগাছা ছড়ি, বাঁ হাতে একটা চামড়ার ছোট ব্যাগ। তাকে দেখে আমি বললাম―হ্যাঁ।

 লোকটা বললে—ওর বুক-পকেট থেকে মনিব্যাগটা উঁচু হয়ে আছে দেখ্‌ছিস?

 —হ্যাঁ।

 —যা, টপ করে ওটা তুলে নিয়ে ঐ যে সরু গলি দেখ্‌ছিস ওর মধ্যে ঢুকে বরাবর ছুটে যাবি; ওর পরেই দেখবি একটা খোলার ঘরের বস্তি, এক এক সার ঘরের মাঝে মাঝে গলি আছে, তার মধ্যে ঢুকে পড়বি, তোকে আর কেউ দেখতে পাবে না। আমি সেখানে থাকব। যদি আমায় খুঁজে না পাস, গেঁড়াতলায় গিয়ে খোঁজ করবি মাহাঙ্গু সর্দার―আমার নাম মাহাঙ্গু সর্দার আমি আসমানী বাড়ীওয়ালীর বাড়ীতে থাকি―বুঝ লি? মনে থাকবে ত—গেঁড়াতলার আস্‌মানী বাড়ীওয়ালীর ভাড়াটে মাহাঙ্গু সর্দার! যা।

 মাহাঙ্গু আমায় ঠেলা দিয়ে আগিয়ে দিলে। আমি ফিরে দাঁড়িয়ে বললাম—আমি চুরি করতে পারব না।

 মাহাঙ্গুর সজারু মুখখানা অকস্মাৎ ভয়ঙ্কর হয়ে উঠল, সে বললে—তবে দে আমার চার আনা ফিরিয়ে, নইলে তোকে পুলিশে দেবো!

​ তার মুখ দেখে আর কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি কেঁদে ফেললাম! সে আমার কাঁধ চাপ্‌ড়ে বললে আচ্ছা, আচ্ছা, কাঁদতে হবে না, চুরি না হয় আজই না করলি। যা বাবুর কাছ থেকে কিছু পয়সা ভিক্ষে করে নিয়ে আয়।

 আমি ভয়ে ভয়ে বললাম—ভিক্ষে করাও তো ভালো নয়।

 মাহাঙ্গু মুখ খিঁচিয়ে বললে—তবে না খেয়ে রাস্তায় প’ড়ে মরা ভালো, না? রাত্তিরে খাবি কি রে ছোঁড়া? যা বলছি, নইলে দে আমার পয়সা ফিরিয়ে আমি চোলে যাই। তোর সঙ্গে বকে আমার লাভ?

 তার ধমক খেয়ে আমি অগত্যা ভিক্ষে করতেই গেলাম। বাবুটির কাছে আমার দুঃখের কথা জানিয়ে তার দয়া উদ্রেক করবার চেষ্টা করছি, ইতিমধ্যে মাহাঙ্গু এসে সাফাই হাতে তার পকেট মেরে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমার চোখের সামনে এই চুরি দেখে স্তম্ভিত হয়ে আমি হঠাৎ থেমে গেলাম। বাবুটি আমার ব্যাকুল মুখের দিকে তাকিয়ে আমায় দেবার জনো বুক পকেটে হাত দিয়েই চম্‌কে উঠল। তখনই দেখলাম মাহাঙ্গু দূরে দাঁড়িয়ে চোখ পাকিয়ে আমায় চলে যেতে ইসারা করছে। আমি তার ভয়ে বাবুটিকে কিছু না বলে চলে যাচ্ছিলাম, বাবুটি আমাকে হতাশ হয়ে ফিরে যেতে দেখে বললে―ওহে ছোক্‌রা যেও না, আমার ট্রেনভাড়ার পয়সা ব্যাগে আছে তাই থেকে তোমায় কিছু দিচ্ছি।

 আমি তার দয়ায় মুগ্ধ হয়ে বললাম―আপনি তা হলে কি ক’রে যাবেন?

 বাবুটি বললে সেকেণ্ড ক্লাসে যেতাম, না হয় থার্ড ক্লাসে যাব। তোমার অভাবের চেয়ে ত’ আমার অসুবিধা বড় নয়।

 আমি বাবুটির সহৃদয়তার পরিচয় পেয়ে কেঁদে ফেললাম। আমি মাহাঙ্গুর নাম ঠিকানা বলে দেবো স্থির ক’রে যেই বলতে গেলাম—বাবু......

​ অমনি বাবুটি আমার হাতে একটা টাকা গুঁজে দিয়ে একটা চলন্ত ট্রামে উঠে পড়ল আর ঠিক সেই সময়ে মাহাঙ্গু এসে আমার হাত ধরলে। আমার আর বাবুকে কিছু বলা হল না। পশুপতি হঠাৎ বলিয়া উঠিল—ও! সেই বাবু ত’ আমিই। আমার মনে হয়েছে, আমি তখন বাড়ী আসছিলাম, হাবড়ায় এসে একজনের কাছে পয়সা ধার ক’রে তবে বাড়ী ফিরি।

 সাধু বলিল—সে বাবুটি ত’ শেয়ালদার ট্রামে চড়েছিল।

 পশুপতি বলিয়া উঠিল—ও হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন নৈহাটি দিয়ে ঘরে এসেছিলাম বটে।

 সাধু কুণ্ঠিত হইয়া বলিল—কিন্তু আমার মনে হচ্ছে সে বাবুটির ফ্রেঞ্চ-কাট্ দাড়ি ছিল।

 পশুপতি তাড়াতাড়ি বলিল―আমার বিয়ে হবার আগে পর্যন্ত ত’ দাড়িই ছিল—বিয়ে করতে যাবার দিন সেই যে কামিয়ে ফেলেছিলাম, আর রাখিনি।

 মমতা মধ্য হইতে স্থির স্বরে বলিল—হ্যাঁ সে বাবুটি তুমিই। তার পর ঠাকুরপো?

 মমতার অপ্রতিবাদে তার উক্তি স্বীকার করার মধ্যে একটা প্রচ্ছন্ন বিদ্রুপ ও তিরস্কার অনুভব করিয়া পশুপতি গম্ভীর হইয়া বলিল—তোমাদের চুরির গল্প আর ভাল লাগে না যাই দু দান তাস খেলে আসি।

 পশুপতি উঠিয়া চলিয়া গেলে মমতা লজ্জিত সাধুকে বালিল—তুমি বল ঠাকুরপো।

 সাধ, অত্যন্ত সঙ্কুচিত হইয়া বলিতে লাগিল—মাহাঙ্গু আমাকে টেনে নিয়ে যেতে যেতে তার সেই শজারুর কাঁটার মতন খাড়া খাড়া দাড়ি গোঁপ আনন্দের হাসিতে প্রতিমার চালচিত্রের মতন ছড়িয়ে বললে তোর আজকের প্রথম দিনের রোজগার বেশ ভালোই হয়েছে। তুই আমার কাছে যে চার আনা পয়সা ধারিস্ তা আর তোকে দিতে হবে না, যা?

​ আমি বললাম—বাবুর পকেট থেকে যা নিলে তার বখ্‌রা আমায় দেবে না?

 মাহাঙ্গু আমার পিঠ চাপ্‌ড়ে বললে—বা রে ছোক্‌রা। উড়তে পারে না ফুরফুর করে! তুই ছোঁড়া থাক্‌বি কোথায়, আমার কাছেই ত’? খাবি কি শুনি?

 আমি তার কথার সত্য বুঝতে পেরে চুপ ক’রে গেলাম।

 অল্প দূর এগিয়ে মাহাঙ্গু আমাকে হঠাৎ বলে উঠল—ঐ যে লোকটা দু হাতে খাবারের চাঙারি ধ’রে যাচ্ছে, দেখছিস?

 —হ্যাঁ।

 ও কেমন ক’রে হাঁটছে দেখছিস?

 হ্যাঁ, কেমন আড়ষ্ট হয়ে নেংচে নেংচে হাঁটছে।

 —ও পাড়াগেঁয়ে ভূত! নতুন শহরে এসে নতুন জুতো কিনে পায়ে দিয়ে বাড়ী যাচ্ছে। নতুন কড়া জুতো ওর পায়ে লাগছে, জুতো পরা অভ্যাস ত’ নেই, তাই নেংড়াচ্ছে। ওর কাঁধে আন্‌লায় রাখার মতন নতুন আলোয়ানখানা আছে দেখছিস?―যা, টপ ক’রে তুলে নিয়ে ঐ গলিটার মধ্যে ঢুকে পড়বি।

 আমি ভয় পেয়ে বললাম—ও যদি আমার ধ’রে ফেলে?

 —কি ক’রে ধরবে রে বোকা? ওর দুহাতে খাবারের চাঙারি, পায়ে কড়া নতুন জুতো—ছুটবেই বা কেমন ক’রে, ধরবেই বা কি ক’রে।

 আমার ভারি কৌতুক মনে হল। জিজ্ঞাসা করলাম—খাবারের ঠোঙা ফেলে দিয়ে আমায় ধরবে না?

 —না, খাবার মাটিতে প’ড়ে নষ্ট হয়ে যাবে যে?

 —তা গেলই বা? দু-এক টাকার খাবার নষ্ট হবার ভয়ে পনেরো কুড়ি টাকার আলোয়ানটা বাঁচাবে না?

 —না। তুই বরং পরখ ক’রে দ্যাখ্।

 আমার ভারি মজা বোধ হল। শুধু লোকটার বোকামির বহর পরখ করবার জন্যে আমি গিয়ে তার কাঁধ থেকে ​আলোয়ানখানা ছোঁ-দিয়ে তুলে নিয়ে এলাম। সে লোকটা দুই হাতে চ্যাঙারি ধ’রে ফ্যাল ফ্যাল ক’রে আমার দিকে তাকিয়ে রইল। আমি যখন অদৃশ্য হয়ে গেলাম তখন শুনলাম রাস্তায় অনেকে চেঁচাচ্ছে,―চোর চোর।

 —সেই—চোর চোর—চীৎকার আমার কানের ভিতর দিয়ে প্রাণে গিয়ে বিঁধল। কিন্তু ছেলেবেলা থেকে চুরি ক’রে ক’রে ও-কাজটার গ্লানি গা-সওয়া হয়ে গিয়েছিল; তার ওপর ঐ লোকটার বোকামি আর অসহায় রকম দেখে এমন কৌতুক জন্মেছিল, আর তার ওপর মাহাঙ্গুর বাহবা পেয়ে মনটা এমন প্রফুল্ল হয়ে উঠল যে, আমার আর কিছুমাত্র গ্লানি রইল না।

 সেইদিন থেকে মাহাঙ্গুর সাক্‌রেদ হয়ে তার আশ্রয়েই থেকে গেলাম। মাহাঙ্গু আমাকে রোজ শেখাতে লাগল কোটের নীচেকার পকেট থেকে দু আঙুলে কেমন ক’রে জিনিস তুলে নিতে হয়; পকেটটা খুব গহেরা ও ঝোলা হলে কাঁচি দিয়ে কেমন ক’রে কাটতে হয়; ছোট ছেলে-মেয়ের গায়ের গহনা কেমন ক’রে চট ক’রে খুলতে হয় বা কাঁচি দিয়ে কেটে নিতে হয়; কারো বুক-পকেটে জিনিস থাকলে লোকটার বাঁ-পাশে দাঁড়িয়ে নিজের গায়ের কাপড়ের তলা দিয়ে বাঁ হাতটা ডান হাতের বগলের ভিতর দিয়ে চালিয়ে কেমন ক’রে জিনিস তুলে নিতে হয়।

 আমি চট ক’রে হাতের কসরৎ শিখে চুরিবিদ্যায় তালিম হয়ে উঠলাম! রোজ পকেট মেরে, গাঁট কেটে, ট্রামের যাত্রীদের হাত থেকে মনিব্যাগ ছাতা লাঠি আর কাঁধ থেকে আলোয়ান ছিনিয়ে নিয়ে বেশ রোজগার হতে লাগল। মাহাঙ্গু দাগী চোর, তাই সে নিজে হাতে আর চুরি করত না, আমি হলাম তার যন্ত্র—ইংরাজীতে যাকে বলে—ক্যাট্‌স্ প। আমি যা চুরি ক’রে আনতাম তার সমস্তই মাহাঙ্গু নিয়ে আমায় সিকিটা দুয়ানিটা ছুঁড়ে ফেলে দিত। তাই আমার পরম লাভ মনে ​হত। নিরুপদ্রব আশ্রয়ে, নিশ্চিত আহার, সম্পূর্ণ স্বাধীনতা ও স্বেচ্ছাচার আমার জুটেছিল, আর আমার মনে কোনো অভাব বোধ ছিল না। তার উপর, যেদিন মাহাঙ্গু আমায় একটা ভাঙা ছাতা, কি পুরোনো আলোয়ান বা ছেঁড়া একটা মনিব্যাগ বখশিশ দিত, সেদিন ত’ আমার আনন্দ আর ধরত না! মনে হত আমি রাজার চেয়েও ঐশ্বর্যশালী! কিন্তু থেকে থেকে আমার মনে হত যেন মিস সিংহী তার কালো মুখ অন্ধকার ক’রে কুঁচের মতন লাল চোখ দুটো পাক্‌লে আমার কানের কাছে গম্ভীর স্বরে বাইবেল প’ড়ে শোনাচ্ছে “চোর আর চুরি না করুক, বরং দীনহীনকে কিছু দান করিতে সক্ষম হইবার নিমিত্ত স্বহস্তে সদ্‌ব্যাপারে পরিশ্রম করুক!” তখন আমার মনের শান্তি একেবারে উবে যেত।

 মাস ছয়েক যেতে না যেতে আমি একদিন ধরা প’ড়ে গেলাম। যে পুলিশকে ছেলেবেলা থেকে ভয় করি তারই হাতে পড়লাম। মাহাঙ্গু বললে—তোর কিচ্ছু ভয় নেই, বলিস্ যে আর করব না, তা হলেই হাকিম ছেড়ে দেবে! কিন্তু খবরদার খিরিস্টান্‌দের স্কুল থেকে পালিয়ে এসেছিস বলিস না যেন, তা হলেই তোকে সেখানে পাঠিয়ে দেবে।

 এই কথা শুনে আমার বুক কেঁপে উঠ্‌ল—সেই স্কুলে ফিরে যাওয়ার চেয়ে জেলখানায় বন্দী হওয়াও ঢের ভালো আর সুখের মনে হতে লাগ্‌ল।

 আমার বয়স অল্প আর এই প্রথম অপরাধ দেখে হাকিম আমাকে ছেড়ে দিলে, কিন্তু বল্‌লে একশো টাকার একটা জামিন দিতে হবে।

 মাহাঙ্গুর বাড়ীওয়ালী আসমানী আমার জামিন হল।

 মাহাঙ্গুর বাড়ীতে আবার আমি সুখে স্বচ্ছন্দে থাক্‌তে লাগ্‌লাম, কিন্তু আস্‌মানী আমায় বড় জ্বালাতে লাগ্‌ল। ​মাহাঙ্গু তার বাড়ীর ভাড়াটে, কিন্তু সে তার গোলামের মতন হয়ে থাক্‌ত। প্রথমে আমি মনে করেছিলাম ওরা স্বামী স্ত্রী! আস্‌মানী প্রকাণ্ড লম্বা আর তেমনি মোটা,—একজন পালোয়ানের মতন; তার যেমন মোটা শরীর তেম্‌নি মোটা গলা, তেম্‌নি দজ্জাল স্বভাব আর তেম্‌নি তার বিকট মেজাজ। আমি সেই বাড়ীতে আসা অবধি আমাকে সে খুব যত্ন কর্‌ত, কিন্তু তবু তাকে দেখ্‌লেই আর তার হাঁকডাক শুন্‌লেই আমার মনের ভিতরটা কেমন ছম্‌ছম্ করত। এখন সে আমার জামিন হয়ে আমাকে কেবলই বল্‌তে লাগ্‌ল—আমি তোকে শও রূপেয়া দিয়ে কিনে লিয়েছি তুই ত’ আমার!

 এই নিয়ে মাহাঙ্গুর সঙ্গে তার প্রায়ই তুমুল ঝগ্‌ড়া হত, আর তার ফলে মাহাঙ্গু আমার ওপর বিষ হয়ে উঠ্‌ছিল। সে ছুতোয় নাতায় আস্‌মানীর অসাক্ষাতে আমায় মারে, বকে, এখন ভালো কিছু চুরি ক’রে আন্‌লেও খুশি হয়ে সে আর বখ্‌শিশ দেয় না।

 আমার মনটা সেদিন আস্‌মানীর আদরে আর মাহাঙ্গুর তিরস্কারে অত্যন্ত অন্যমনস্ক হয়ে ছিল; একজনের পকেট কাট্‌তে গিয়ে মায় হাতিয়ার ধরা পড়ে গেলাম। অম্‌নি কাঁচির ডগা দিয়ে লোকটার হাতে মখ্‌খম খোঁচা মেরে দিলাম ছুট, কিন্তু একজন আমায় পেছন থেকে দু হাত গায়ের সঙ্গে ছেঁদে জাপ্‌টে ধরে ফেললে। আস্‌মানীর একশো টাকা ত’ গেলই, আমাকেও ছোক্‌রা-জেলে যেতে হল।

 ছোক্‌রা-জেলে মাসখানেক থেকে, গেলাম রিফর্মেনারীতে। এ আমার শাপে বর মনে হতে লাগ্‌ল! এখানে আমার সেই ট্রেণিং স্কুলের মতন নিয়মের কড়াকড়ি বাঁধাবাঁধি আাছে সত্য, কিন্তু এখানে মিস্ সিংহীও নেই, মাহাঙ্গুও নেই, আসমানীও নেই, এই একটা বড় আরাম বোধ হচ্ছিল। তা ছাড়া, এখানে এরা আমাতে পড়াত, আমরা কবিতা আবৃত্তি কর্‌তাম, ​গান গাইতাম, আর ঝুড়ি বোনা শিখ্‌তাম। কিন্তু চারিদিকে কেবল পুলিশ দেখে দেখে মনটা বেশ গা মেলে ফুর্তি কর্‌বার সাহস পেত না।

 আমি ওরই মধ্যে একটা লেখাপড়া শিখেছিলাম, এখানে আবার সেটা ঝালানো হল; আমার চটপট্ শেখ্‌বার ক্ষমতা দেখে মাস্টাররা আমাকে ভালোবাস্‌ল, আমি যাতে ভবিষ্যতে আর অকর্ম কাজ না করি তাই আমায় ঝুড়ি বোনা শেখাতে লাগ্‌ল।

 ছ মাস পরে আমায় ঝুড়ি চেয়ার বোনা শিখিয়ে ছেড়ে দিলে। কিন্তু আমি যে কোথায় কোন্ পুঁজি নিয়ে ঝুড়ি চেয়ার বুন্‌ব তার জন্যে কারো এতটুকু মাথা ঘামানো দর্‌কার বোধ হল না। সুতরাং আমি প্রকাণ্ড দুনিয়ায় সুপথ খুঁজে না পেয়ে আবার সেই মাহাঙ্গুর আড্ডাতেই ফিরে এলাম। এসে দেখলাম মাহাঙ্গু জেলে গেছে বছর তিনেকের জন্যে, আর আসমানী প্লেগ হয়ে মারা গেছে। আরামের নিঃশ্বাস ফেলে বাঁচ্‌লাম।

 এখন বাড়ীওয়ালী আস্‌মানীর মেয়ে বাতাসী। সে আমারই সমবয়সী। তার মা যতদিন ছিল ততদিন তার মার আদরের পাহারায় সে আমার কাছে ঘেঁস্‌বার অবকাশ পায় নি। এখন মা না থাকাতে দেখি সেও আমার উপর অত্যন্ত সদয়। আমিই এখন সেই গৃহস্থালির মালিক হয়ে গেলাম। বাতাসী বাড়ীওয়ালীকে হাত ক’রে সুখে থাক্‌বার কল্পনা যাদের ভেস্তে গেল তারা আমার ওপর ভারী চটে গেল। কিন্তু এখন আমার জ্ঞান বৃদ্ধি সাহস তাকত ঢের বেড়েছিল, তার ওপর বাতাসী আমার সহায়, আমি সকলের উপর সর্দারীই করতে লাগ্‌লাম!

 বাতাসীর চোরাই কোকেনের ব্যবসা ছিল। একদিন পুলিশ হঠাৎ বাড়ী তল্লাস ক’রে কোকেন পেলে। বাতাসীর বদলে আমি এক বছরের জন্যে চালান হয়ে গেলাম।

​জেলখানা থেকে ফিরে এসে দেখ্‌লাম মাহাঙ্গু ফিরে এসে বাতাসীর ঘরকন্না বেদখল ক’রে বসেছে। বাতাসী আমাকেও সেখানে আগের মতন থাক্‌তে বললে, কিন্তু আমার আর প্রবৃত্তি হল না। আমি কল্‌কাতা ছেড়ে বাইরে বেরিয়ে পড়্‌লাম—একবার কল্‌কাতার বাইরে দুনিয়ার চেহারাটা আর হালচাল দেখে নেবার জন্যে।

 এই ভবঘুরে যাত্রায় হুগলি এসে আপনাদের বাড়ীতে চুরি করতে ঢুক্‌লাম। তারপর আপনার কাছে এখনো ধরা পড়েই আছি। আর আমাকে ছেড়ে দেবেন না বৌদিদি―আমি আপনার বাড়ীতে ভূতোভজার সঙ্গে কাজ ক’রে শুধু পেটভাতায় থাক্‌ব।

 মমতা তাড়াতাড়ি বলিল—তোমাকে কোথায় ছেড়ে দোবো ভাই, তুমি যে আমাদের আপনার, এ বাড়ীতে আমাদেরও যে অধিকার তোমারও তাই। ভগবান তোমাকে সুমতি দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন।...... তোমার মার হাতের লেখা কাগজটকু কোথায় আছে?

 —সে আমার সঙ্গে-সঙ্গেই থাকে বৌদিদি।—বলিয়া সাধু জামার ভিতর হইতে একছড়া সোনার হার বাহির করিল ও তার খামি খুলিয়া গলা হইতে খুলিয়া আনিল।

 মমতা দেখিল একগাছি সুন্দর সরু হার, তার নীচে একটি বড় লকেট পদক, তার উপর মিনার কাজ করা। সাধু সেই লকেটের ডালা খুলিয়া মমতার দিকে আগাইয়া ধরিল। সেই লকেটের খোলে এক টুক্‌রা ভাঁজে ভাঁজে চিড়-খাওয়া ময়লা কাগজ পাট করা আছে, আর সেই লকেটের ডালায় একটি নয় দশ বছরের মেয়ের ঢলঢলে মুখের ছবি!

 সেই ছবি দেখিয়াই মমতা ব্যস্ত হইয়া সাধুর হাত হইতে লকেটটি তুলিয়া লইল ও আবার ভালো করিয়া দেখিয়া উৎসুক হইয়া বলিয়া উঠিল—এ হার তুমি কোথায় পেলে?

​ মমতার ব্যস্ততা ও আগ্রহান্বিত ঔৎসক্য দেখিয়া সাধু আশ্চর্য হইল। অপ্রতিভের হাসি হাসিয়া বলিল—মাহাঙ্গু আমাকে যে রোজ্‌গারের উপায় শিখিয়েছিল, সেই উপায়েই এও রোজ্‌গার করা বৌদিদি।

 মমতা নিবিষ্ট মনে সেই ছবির দিকেই চাহিয়া ছিল, সাধু বলিতে লাগিল—কার্তিক পূজোর ভাসানের দিন আমি ভিড়ের সুযোগে রোজ্‌গার কর্‌তে বেরিয়েছিলাম। রামবাগানের মোড়ের কাছে ভিড়ের মধ্যে একটি সুন্দর ফুট ফুটে মেয়ে ঝিয়ের সঙ্গে দাঁড়িয়ে ঠাকুর দেখ্‌ছিল, তারই গলায় ছিল এই হার। আমি তার পেছনে দাঁড়িয়ে হারের খামি খুলে আস্তে আস্তে হারগাছি টেনে নিলাম, সেই মেয়েটি বা তার ঝি টেরও পেলে না। তার পর ভিড়ের মধ্যে সরে পড়্‌লাম। বাড়ী নিয়ে এসে দেখ্‌লাম হারের সঙ্গে একটা কৌটা আছে। তখন মনে হল আমার অতি যত্নের মার হাতের লেখা কাগজটুকু এর মধ্যে রেখে বুকে ঝুলিয়ে রাখ্‌ব। সেই অবধি এই হার আমার বুকেই আছে, আমি এটা বেচে ফেল্‌তে পারিনি।

 সাধু কথা শেষ করিয়া মুখ তুলিয়া দেখিল মমতার দু চোখ দিয়া জল ঝরিয়া গাল বহিয়া গড়াইয়া পড়িতেছে। সাধুর চোখ বিস্ময় ও কৌতূহলে বিস্ফারিত হইয়া উঠিল। তার উত্তরে মমতা রুদ্ধ স্বরে বলিল—এ আমার ছোট বোন নম্রতার ছবি, তারই গলার এ হার।

 সাধু অত্যন্ত অপ্রস্তুত হইয়া তাড়াতাড়ি বলিল—তবে আপনি তাকে এটা ফিরিয়ে দেবেন। আপনাদের মাজনের কৌটো খালি হলে—আমায় একটা দেবেন, আমি তাতেই মার লেখা রেখে দেবো।

 মমতা চোখের জল ফেলিতে ফেলিতে বলিল—তাকে আর দেবার সাধ্য আমাদের নেই। চার বচ্ছর হল আমার মা ভাই বোন সব একসঙ্গে নৌকোডুবি হয়ে মারা গেছেন—সিরাজগঞ্জের ​কাছে যমুনা-নদীতে স্টিমারের সঙ্গে নৌকোর ধাক্কা লেগেছিল, কারো আর কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি।

 সাধু মমতাকে সান্ত্বনা দিবার জন্য বলিল—আপনার বোনের এ চিহ্ন তবে আপনার কাছেই রেখে দিন্ বৌদিদি।

 মমতা চোখের জল মুছিয়া বলিল—আমার কাছে থাকাও যা, তোমার কাছে থাকাও তা। এখন থাক্ তোমারই কাছে। এর পর তোমার দাদার দোকান থেকে একটা খুব ভালো সোনার কৌটা গড়িয়ে এনে তোমায় দেবো—তাতেই মার সব চিহ্ন তুমি একত্র ক’রে রেখে দিয়ো।

 সাধু ক্ষুণ্ণ স্বরে বলিল—মার আর কোনো চিহ্ন ত’ আমার কাছে নেই।

 মমতা সাধুর দিকে না চাহিয়া একটা দেরাজ খুলিতে খুলিতে বলিল—তোমার কাছে নেই, কিন্তু আমার কাছে আছে।

 সাধু অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল―আপনি আমার মাকে চিন্‌তেন?

 মমতা দেরাজ হইতে কতকগুলি কাগজপত্র বাহির করিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল—তাঁকে কখনো দেখিনি, তাঁর ছবি দেখেছি, পরিচয় জেনেছি, তিনি আমাদেরও মা ছিলেন।

 সাধু বিস্ময়ের আবেগে উঠিয়া দাঁড়াইয়া অবাক্ হইয়া মমতার মুখের দিকে চাহিয়া রহিল।

 মমতা কাগজের ভিতর হইতে একখানা ফটোগ্রাফ বাহির করিয়া সাধুর হাতে দিয়া বলিল—ইনিই আমাদের মা।

 সাধু পরম আগ্রহে হাত বাড়াইয়া ফটোগ্রাফ লইয়া দেখিল একটি সুন্দরী মা একটি শিশু কোলে করিয়া একখানি সোফার উপর আধশোওয়া হইয়া বসিয়া আছেন স্বচ্ছ সরোবরের নির্মল জলের কোলে যেন অম্লান কমল সদ্য প্রস্ফুটিত হইয়াছে।

 মমতা কহিল—মার কোলে তুমি।

 সাধু সমস্ত মন প্রাণ দেহ দিয়া মার স্পর্শ স্নেহ অনুভব ​করিতে করিতে বলিল—আমার ছবি আপনি কেমন ক’রে পেলেন!

 মমতা সাধুর হাতে একখানি চিঠি দিল।

 সাধু চিঠি হাতে লইয়াই খামের উপরের লেখা দেখিয়াই বলিয়া উঠিল—এ যে মার হাতের লেখা! আমার বাবাকে লিখেছেন।

 মমতা ঘাড় কাত করিয়া বলিল—হ্যাঁ।

 সাধু খাম হইতে চিঠি বাহির করিয়া পড়িতে লাগিল—

শ্রীশ্রীদুর্গা সহায়

২২।১এ, সারদা চাটুর্জের গলি,

ইট্‌লি পদ্মপুকুর, কলিকাতা

১৯এ চৈত্র, ১২৯৯ সাল।

 শ্রীশ্রীচরণকমলেষু

অসংখ্য প্রণামপূর্বক নিবেদন,

 তুমি আমাকে কুলত্যাগিনী ক’রে আমাকে অকূলে ভাসিয়ে ত্যাগ কর্‌লে, একবার ছেলের দিকেও তাকালে না। কুলটার কোলে হলেও সে ত’ তোমারই ছেলে। আমায় তুমি কুলটা বলে গাল দিয়ে অপমান ক’রে গেলে, কিন্তু আমায় কুলটা করেছিল কে? না না কেউ না, সে আমার দূরদৃষ্ট; নইলে কত লোকের সঙ্গেই ত’ আমার দেখা হত, শুধু তোমায় অত ভালোবেসেছিলাম কেন? আমি পাপী নারকী, কিন্তু তোমার ছেলের ত’ কোনো অপরাধ নেই—তাকে তুমি অক্লেশে পথে বসিয়ে গেলে। এক-একবার মনে হচ্ছিল নিজে গিয়ে তোমার ছেলে তোমাকে দিয়ে আসি। কিন্তু এই কুলটার সঙ্গে তোমার সম্পর্ক আছে জান্‌লে সমাজে তোমার উঁচু মাথা হেঁট হবে, সেই অপরাধে তুমি ছেলেকে কখনো ক্ষমা বা স্বীকার কর্‌তে পার্‌বে না, ভেবে নিরস্ত হয়েছি। আমি আছি জেনেই তুমি নিশ্চিন্ত হয়ে ছেলেকে ত্যাগ কর্‌তে পেরেছ। তাই আমি ​ছেলের উপর তোমার স্নেহ-মমতার ফিরে আস্‌বার পথ ছেড়ে দিয়ে মর্‌ব ঠিক করেছি। আমাদের বাসার ধারেই খীস্টানদের অনাথ-আশ্রম; সেখানে ছেলেকে রেখে আমি মর্‌ব। এই চিঠি পেয়ে তোমার ধর্মে হয়, দয়ায় বলে ত’ যা হয় একটা ব্যবস্থা কোরো। ছেলের সঙ্গে তার এইটুকু পরিচয় রেখে যাব—তার নাম সাধু, তার বাবার নাম শ্রীচন্দ্রকান্ত মল্লিক, আর তার একজন নামগোত্র-কুলহীনা হতভাগিনী মা ছিল—যে তার জন্মের লজ্জা, জীবনের ধিক্কার। আমার পরিচয় এর বেশী তাকে কিছু দিয়ে যাব না, ভয় নেই। এই পরিচয় থেকেই তুমি তাকে চিন্‌তে পারবে, আরো চিন্‌তে পার্‌বে তার কপাল দেখে—আঁতুড়ঘরেই তার কপাল বিধাতা পুড়িয়ে দিয়েছিলেন, সে জন্মদাগী হয়ে গেছে—তার কপালে অদৃষ্ট ত্রিশূল দেগে দিয়েছে। আমার সর্বনাশ বা মৃত্যুর জন্য সকল দায় থেকে তোমায় অব্যাহতি দিয়ে যাচ্ছি―তার সমস্ত দণ্ড আমি বিধাতার হাত থেকে নেবো। কিন্তু তোমার ছেলের মঙ্গল-অমঙ্গলের সকল দায় তোমার—তার অকল্যাণ ঘট্‌তে দিলে আমি নরকে থেকে তোমায় অভিসম্পাত করব, প্রেতমূর্তিতে আমি তোমায় তোমার কর্তব্য স্মরণ করিয়ে দিতে আস্‌ব। ভগবান্ তোমাকে সুমতি দেন। যদি আমি আমার কায়-মন-বাক্যে ভালোবেসে তোমায় একদিনও আনন্দ তৃপ্তি দিতে পেরে থাকি তবে সেইটুকু স্মরণ ক’রে, আমার সাধুকে তুমি দেখো, আর গয়ায় আমার পিণ্ডি দিয়ে আমাকে নরক থেকে উদ্ধার কোরো।―

—নরকের যাত্রী হতভাগিনী সাবিত্রী।

 চিঠি পড়িতে পড়িতে সাধুর চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিতেছিল। সে কুণ্ঠিত দৃষ্টিতে মমতার দিকে নীরবে চাহিল। মমতা আবার একখানি চিঠি সাধুর হাতে দিল, খামের উপরে পশুপতির নাম সাধুর অচেনা অক্ষরে লেখা। সাধু খাম হইতে চিঠি বাহির করিয়া পড়িতে লাগিল।

​

শ্রীশ্রীদুর্গা শরণং

হগলি বাবুগঞ্জ

১৫ই আশ্বিন, ১৩১৭ সাল

পরম শুভাশীর্বাদ বিজ্ঞাপনঞ্চ বিশেষ,

 পশুপতি, এই পত্র যখন তুমি পড়িবে তখন আমি পরলোকে। তোমার ও বৌমার উপর আমার অসম্পূর্ণ একটি কর্তব্যের ভার অর্পণ করিয়া যাইতেছি, তোমরা এই কর্তব্য ধর্মত পালন করিতে বাধ্য, ধর্মের ও পরলোকগত পিতার আদেশ বলিয়া তাহা যথাসাধ্য পালন করিবে আশা করি।

 তোমার একটি ভ্রাতা আছে। তার মাতা ছিলেন কেবলগঞ্জের জমিদারের বিধবা কন্যা শ্রীমতী সাবিত্রী দেবী। আমি যখন সেই জমিদারের ম্যানেজার ছিলাম, তখন তাঁর কন্যার সহিত আমার প্রণয় হয় এবং আমাকে যখন সেইজন্য সেখানকার কাজ ছাড়িয়া আসিতে হইল তখন তিনি আমার সঙ্গে গৃহত্যাগ করিয়া আসিয়াছিলেন। কিছু দিন পরে তাঁর একটি পুত্র হইল। সেই সময় হইতে আমি তাঁর সম্পর্ক একরকম ত্যাগ করি। এই দুঃখে তিনি পুত্রকে ইট্‌লী পদ্মপুকুরের মিস সিংহীর অনাথ-আশ্রমের দরজায় রাখিয়া আত্মহত্যা করিয়াছেন। এই পত্রের সঙ্গে রক্ষিত তাঁর শেষ পত্রে আমি এই সংবাদ পাই। তার পর আমি অনাথ-আশ্রমে সন্ধান লইয়া জানিলাম তারা শিশুদের যত্ন ও রক্ষণাবেক্ষণ করে, লেখা-পড়া শিখায়। ইহাতে আমি দায়িত্ব হইতে নিজেকে মুক্ত মনে করিয়া নিশ্চিন্ত থাকিবার চেষ্টা করিতেছিলাম। কিন্তু অকস্মাৎ কঠিন রোগে পীড়িত হইয়া মৃত্যুর যত সন্নিহিত হইতে লাগিলাম ততই আমার উদ্বেগ অশান্তি বৃদ্ধি পাইতে লাগিল—একটা মহৎ কর্তব্য অসম্পন্ন রাখিয়া পরলোকে জবাবদিহি করিবার ভয় আমাকে নিরন্তর উৎপীড়ন করিতে লাগিল। পনেরো বৎসর ​পরে আবার অনাথ-আশ্রমে আমার অজ্ঞাত অস্বীকৃত পুত্রের সন্ধান করিলাম। শুনিলাম, সে স্কুলের মাস্টারকে মারিয়া স্কুল হইতে পলাইয়াছে, আর তাকে খুঁজিয়া পাওয়া যায় নাই। আমি সমস্ত সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়া তার তল্লাস করিলাম, কিন্তু কোনোই সন্ধান পাইলাম না; এখন আমার মৃত্যুর আর অধিক বিলম্ব নাই, তাই আমার অসমাপ্ত কর্মের ভার আমার সমস্ত বিষয়ের উত্তরাধিকারী তোমাকে ও বৌমাকে দিয়া যাইতেছি—তুমি তোমার ভাইকে ও বধূমাতা তাঁর দেবরকে সন্ধান করিয়া বাহির করিতে যথাসাধ্য চেষ্টা করিবে, ইহা আমার মৃত্যুকালের আদেশ ও অনুরোধ এবং ধর্ম ভাবিয়া তোমরা ইহা পালন করিবে।

 তোমার ভাই-এর নাম সাধু, তার জন্ম ১২৯৯ সালের ২৫শে আশ্বিন। তাকে আমি বড় হওয়ার পর দেখি নাই, তবে ছেলে যদি মা-বাপের মতন হইয়া থাকে তবে সে খুব লম্বাচওড়া জোয়ান ও ফর্সা সুশ্রী হইবে। আর তার কপালে দুই ভ্রূর মধ্যস্থলে একটি ত্রিশূল বা ত্রিপত্র চিহ্ন পোড়া দাগ আছে।— আঁতুড়ঘরে আমি একটা আঁধারে-লণ্ঠন তুলিয়া তার মুখ দেখিতেছিলাম; সেই লণ্ঠনের চূড়াকৃতি পল তোলা মাথাটা তার কপালে হঠাৎ ঠেকিয়া তার কপাল পুড়িয়া ঘা হইয়া যায় তারই চিহ্ন।

 যদি কখনো তাকে তোমরা খুঁজিয়া পাও এবং সে যদি নামের অনুযায়ী সাধু সচ্চরিত্র হয় এবং যদি তাকে তোমরা উপযুক্ত বিবেচনা কর, তাহা হইলে তাকে আমার কলিকাতার চাঁপাতলার বাড়ী, রাধাবাজারের জয়েলারির ব্রাঞ্চ্ দোকান ও দশ হাজার টাকার কোম্পানির কাগজ দিবে। এই-সমস্ত দিয়াও তোমাদের অংশে যাহা থাকিবে তাহা উহার চতুর্গুণ। সুতরাং সর্বপ্রকারে বঞ্চিত দুঃখী ভাইকে ঐ সামান্য বিষয় ছাড়িয়া দিতে তোমাদের মমতা বা আপত্তি বা বিরাগ হওয়া উচিত নয় এবং হইবে না আশা করি। আমি পরলোক হইতে ​এই কর্ম সু-সম্পন্ন দেখিবার জন্য প্রতীক্ষা করিয়া থাকিব। ভগবানের আশীর্বাদে তুমি তোমার পিতৃতর্পণ করিয়া ঋণমুক্ত হইবে আশা করি।

 আমার অবিবাহিতা পত্নী সাবিত্রী দেবীর আত্মার সদ্‌গতি ও কল্যাণের জন্য গয়ায় পিণ্ড দিতে হইবে। যদি তাঁর পুত্রকে খুঁজিয়া পাওয়া যায় তবে তাকে দিয়াই দেওয়াইবে। নতুবা আমার মৃত্যুর এক বৎসর পরে তুমি যখন গয়ায় পিতৃপিণ্ড দিতে যাইবে তখন তোমার দুই মার পিণ্ড তুমিই দিবে।

 ঈশ্বর না করুন, বধূমাতা বর্তমানে যদি তোমার মৃত্যু হয়, তবে আমার এই ভার বধূমাতার উপরে বর্তিবে। তিনি তাঁর দেবরকে সাধ্যমত সন্ধান করিয়া তার যোগ্যতা সম্বন্ধে স্থিরনিশ্চয় হইয়া তাকে উক্ত সম্পত্তি ছাড়িয়া দিবেন। এই আমার মৃত্যুকালের উইল ইচ্ছা ও আদেশ।

নিত্য আশীর্বাদক

শ্রীচন্দ্রকান্ত মল্লিক।


 সাধু পিতার পত্র ও উইল পড়িয়া নীরবে আনন্দদীপ্ত মুখে মমতার হাতে তাহা ফিরাইয়া দিল। মমতা হাসিয়া বলিল—দেখ্‌লে ঠাকুর-পো, তুমি আমাদের কত আপনার। এইবার তুমি তোমার বিষয়-সম্পত্তি বুঝে নিয়ে বিয়ে-থা ক’রে সংসারী হও।

 সাধু কুণ্ঠিত হইয়া বলিল―বৌদিদি, আমি সাধু সচ্চরিত্র যোগ্য হলে না বিষয় পাব? তা ত’ আমি নই।

 মমতা স্নোহার্দ্র স্বরে বলিল―তুমি সাধু সচ্চরিত্র যোগ্য হবে ভাই। তোমার বাবার এই কামনা, তোমার মার এই আশা, তুমি ত’ কখনো আর ভুলেও সেসব মিথ্যা কর্‌তে পার্‌বে না।

 সাধু সজল নেত্রে মমতার দিকে চাহিয়া বলিল―মা বাবা কাউকে জানি না বৌদিদি, কিন্তু আপনাকে আমি জেনেছি―আপনিই আমার মা বাবা দিদি সব। আপনি আমাকে আশীর্বাদ ​করুন আমি যেন আপনার স্নেহের উপযুক্ত হই। আমাকে কোঠা বাড়ী আর সোনারূপার লোভ দেখিয়ে আপনার স্নেহস্বর্গ থেকে নির্বাসিত কর্‌বেন না। চোরকাঁটার মতন আমি পায়ের কাপড়ে লেগেছি বলে আমায় তুলে ফেলে দেবেন না।

 সাধু মমতার দুই পায়ের উপর মাথা লুটাইয়া দুই পা জড়াইয়া ধরিল।

 মমতা চোখ মুছিয়া সাধুকে টানিয়া তুলিয়া বলিল—তাই হবে ভাই, তাই হবে। তুমি চোরকাঁটা ত’ নও, তুমি যে আমাদেরই ভাই!

 সাধু মাথা নত করিয়া বলিল—তবে বৌদি, আমাকে আপনাদের ভাইএর উপযুক্ত ক’রে গড়ে তুলন আপনি। আমি যেন ভুল ক’রে কি লোভে পড়ে আপনার এই স্নেহমমতাকে কখনো অপমান ক’রে না বসি।

 পশুপতির চটাপট চটিজুতোর শব্দের সঙ্গে তার গলা শোনা গেল—ওগো! তোমাদের গল্প কি আজ আর ফুরোবে না? খেতে-টেতে দেবে এস—রাত যে এগারোটা বেজে গেছে।

 মমতা বলিল—যাই। এস ঠাকুরপো, তুমি কাহিল মানুষ, অনেক রাত হয়ে গেল।