চোরকাঁটা/৬
[ ৬ ]
পরদিন প্রভাতে বিষ্ণুবাবুর কাছে নিয়মিত লেখাপড়া শিখিয়া আসিয়া সাধু মমতার ঘরে গিয়া দেখিল মমতা পাঁচ-ছ’খানা নূতন শাল কোলের কাছে রাখিয়া পরখ করিতেছে। সাধুকে দেখিয়াই মমতা বলিয়া উঠিল—দেখ ত’ ঠাকুরপো, এর কোন্খানার রং আর পাড় ভালো, আমি সেইখানা কিনব।
সাধু মমতার কোলের কাছে বসিয়া সব শালগুলি দেখিয়া একখানা গেরুয়া রঙের সুন্দর শাল তুলিয়া লইয়া দেখিয়া বলিল—এইখানা সবচেয়ে ভালো বৌদিদি।
মমতা হাসিয়া বলিল—এমন উজ্জ্বল নীল লাল সবুজ কমলা ছেড়ে গেরুয়ায় মন কেন ভাই? এখনো ছোট বৌ ঘরে এল না, এর মধ্যেই গেরুয়ার দিকে টান!
সাধু মমতার কথায় প্রীত ও লজ্জিত হইয়া বলিল—ও কি আমার জন্যে বললাম নাকি? বা রে! আপনি কিনবেন বললেন তাই.......
মমতা হাসিয়া বলিল—তোমার বৌদিদিরই কি গেরুয়া পছন্দ হবার মতন অবস্থা দেখলে ঠাকুরপো! আগে আমার মমতার পাত্র ছিল দুটি, এখন সেখানে আর-একজন যে ভাগ বসাচ্ছে, তার খবর কি রাখ না?
সাধুর চোখ ছলছল করিয়া উঠিল। সে বাষ্পরুদ্ধ গাঢ় স্বরে অপার আনন্দের হাসি লজ্জায় ঢাকিয়া বলিল—তার খবর আমি খুবই রাখি বৌদিদি।
মমতা গেরুয়া শালখানির ভাঁজ খুলিয়া সাধুর গায়ে জড়াইয়া দিয়া বলিল—ছাই রাখ তুমি সে খবর! যদি রাখতে তা হলে কি বুঝতে পারতে না যে কার জন্যে শাল পছন্দ করতে বলছি!
সাধুর প্রাণ স্নেহলাভের পুলকে একেবারে আতুর হইয়া পড়িল। সে মমতার পায়ের ধুলা লইয়া শুধু হাসিল, যে কথা সে বলিতে আসিয়াছিল তা আর বলা হইল না; সাধু সময়ান্তরের সুবিধার প্রতীক্ষা করিয়া রহিল।
পশুপতি ঘরে ঢুকিয়া হাসিয়া বলিল—কেবল দেওরটিকে সাজাতেই ব্যস্ত! আমায় একখানা বক্শিস কর।
মমতা ও পশুপতি হাসিমুখে পশুপতির দিকে চাহিল। পশুপতি বলিল—সাধু, আজ সকাল-সকাল খেয়ে নাও, আমার সঙ্গে দোকানে যাবে। এখন একবার বাইরে চল, চৈতন্যবাবু আর কেদারবাবু তোমায় দেখতে এসেছেন।
মমতা ঝাঁঝিয়া উঠিল—না, ঠাকুরপো যাবে না, তুমি তাদের বলগে।
পশুপতি জিভ কাটিয়া বলিল—আরে ছি ছি! ভদ্রলোকদের অপমান.......
মমতা রুক্ষ স্বরে বলিল—ভদ্রলোকেরা অপমান করতে চাইলে তাদেরও অপমানিত হতে হবে।
পশুপতি সাত্বনা দিয়া বলিল—আরে না না, বরং সকলের সঙ্গে চেনা-পরিচয় হয়ে গেলে লোকের কৌতূহল কমে যাবে; লুকিয়ে থাকলেই কৌতূহল বাড়বে; সাধুকে তুমি যেতে বল।
মমতা দেখিল পশপতির কথায় সত্য আছে। সে মাথা নীচু করিয়া চুপ করিয়া রহিল। মৌন সম্মতির লক্ষণ দেখিয়া পশুপতি বলিল—এস সাধু!
সাধু পশুপতির পিছনে পিছনে বাহিরে গেল।
সাধু লোকের কথায় ব্যথিত ও লজ্জিত হইয়া নিজের পরিচয়ের গ্লানি ও লজ্জা ঢাকিবার জন্য হুগলি ছাড়িয়া পলাইতে চাহিতেছিল, কিন্তু মমতার স্নেহ-বন্ধন ছিন্ন করিয়া পলাইতেও সে পারিতেছিল না। সে বাড়ী হইতে বাহির হইবে না স্থির করিয়াছিল, কিন্তু বাড়ীর ভিতরে লুকাইয়া থাকিয়াও তার নিস্তার ছিল না,—কত মেয়ে যে রোজ তাকে দেখিতে আসে তার আর ইয়ত্তা নাই; পরুষেরাও বাহিরে আসিয়া তাকে ডাকিয়া পাঠায়। ইহাতে মমতা যত ক্ষুণ্ণ হয় সাধু তত নিজের মনকে প্রবোধ দেয়, যে কাজ করিয়াছি লোকের কাছ হইতে তাহা লুকাইয়া বেড়াইলে কি হইবে? কোনো কাজ ভালো কি মন্দ তাহা ত’ লোকের প্রশংসা বা নিন্দা ও বাহরা বা ধিক্কার হইতেই জানা যাইবে এবং তাহাই কাজের পুরস্কার বা দণ্ড। অন্যায় যা কিছু করিয়াছি তার দণ্ড ত’ আমায় ভোগ করিতেই হইবে।
কিন্তু তাকে বেশীদিন দণ্ড ভোগ করিতে হইল না, পশুপতি তাকে দোকানে বাহির করিয়া শীঘ্র সকলের কৌতূহল নিবৃত্ত করিয়া ফেলিল। কিন্তু সাধু ডেলি-প্যাসেঞ্জার! সে সকল ডেলি-প্যাসেঞ্জারেরই পরিচিত হইয়া উঠিল, সে যেন এমনি অসাধারণ লোক। ডেলি-প্যাসেঞ্জার বাবুরা অনেকেই ভদ্র বাবু-চোর দেখিয়াছেন, কিন্তু ভদ্রলোকের সুশ্রী সুন্দর ছেলেকে সিঁদেল চোর হইতে এর আগে দেখেন নাই; তাই সাধু তাঁদের চক্ষে অসাধারণ। পশুপতির বাচাল মুখ হইতে কেউ বা সাধুর পরিচয় সংগ্রহ করিয়াছে, কেউ বা শোনার শোনা তার শোনা পরিচয় পাইয়াছে। অধিকন্তু সাধুর সুশ্রী সুন্দর সবল দীর্ঘ ঋজু চেহারা অথচ গম্ভীর কুণ্ঠিত ভাব সকলকারই দৃষ্টি আকর্ষণ করিয়া তার পরিচয় জানিবার ঔৎসুক্য জাগায়, এবং সেই ঔৎসুক্য খুব রসালো রকমেরই পরিচয় সংগ্রহ করিয়া পরিতৃপ্ত হয়।