চোরকাঁটা/৮
[ ৮ ]
সাধু সেই দিন দোকানে গিয়া খাতা দেখিতে দেখিতে ধরিতে পারিল মাধব অল্প দামে সোনা কিনিয়া বেশী দাম লিখিয়াছে। সাধু মাধবকে ডাকিয়া জিজ্ঞাসা করিল—এসব কি?
মাধব যেন কিছু জানে না এমনি ভান করিয়া বলিল—কি বল্ছেন?
সাধু ধীরভাবে বলিল—পরশু সোনার দাম ছিল চব্বিশ টাকা ছ’ আনা, আপনি খরচ লিখেছেন দশ আনা হিসাবে―ভরি-করা চার আনা ক’রে বেশী ধরেছেন; একশ’ ভরি সোনায় পঁচিশ টাকা বেশী নিয়েছেন। সেই টাকাটা ফেরত দেবেন, আর এমন কাজ কখনো করবেন না। রূপোতেও... ...
মাধব একটু ভয় পাইয়া বলিল—বাজার দর যেদিন যেমন থাকে তাতেই কিনতে হয়। তা আপনি যদি দণ্ড করেন বিনা দোষে.....
মাধবের মুখ দেখিয়া সাধুর মনে হইল হয়ত সে অতিসন্দেহে নির্দোষীর দণ্ড করিতেছে। তাই সে বলিল—আচ্ছা এবার আপনাকে দিতে হবে না। আর কখনো এমন করবেন না।
মাধব এত সহজে নিষ্কৃতি পাইয়া বাঁচিয়া গেল। সাধু তাকে নিষ্কৃতি দিল এই ভাবিয়া যে মানুষকে হঠাৎ চোর ভাবা উচিত নয়; আরো বিশেষ প্রমাণ পাওয়া আবশ্যক। হয়ত তার দাদার কথায় ও মাধবের অপমানে তার মন মাধবের উপর বিরূপ হইয়া আছে; যা মাধবের প্রকৃত দোষ নয়, তাও অপরাধ বলিয়া মনে লাগিতেছে। এরূপ অবস্থায় প্রচুর প্রমাণ না পাইয়া তাকে চোর সাব্যস্ত করা উচিত হইবে না, আর বাস্তবিকই যদি সে চোর হয়, তবে এই সতর্কতা হইতেই সে সাবধান হইয়া চলিবে।
বিকেল বেলা পশুপতি এ দোকানে আসিয়া মাধবকে একান্তে ডাকিয়া জিজ্ঞাসা করিল—সাধুর সঙ্গে তোমার কি হয়েছে হে?
মাধব প্রথমটা চম্কিয়া উঠিল, তার পর বলিল—ছোটবাবু কিছু বল্ছিলেন নাকি?
— না, সে কিছু বলে নি, ভাবে বোধ হল।
তখন সাহস পাইয়া মাধব বলিল—আমার হয়েছে বলে শাঁখের করাত—আমি আপনারও চাকর, ওঁরও চাকর। আপনি আদেশ করছেন, তাই বলছি—পরশু দিন একশ’ ভরি সোনা আর পাঁচ শ’ ভরি রূপো কেনা হয়েছিল, পরশু দর ছিল চব্বিশ টাকা ছ আনা আর চুয়াত্তর টাকা। ছোটবাবু হুকুম দিলেন খরচ লিখতে হবে দশ আনা আর আটাত্তর টাকা। আমি বললাম, ছোটবাবু, এ অভ্যাস ছাড়, বড়বাবু টের পেলে আমাকেই বা কি বলবেন আর তোমাকেই বা কি বলবেন। তাতে তিনি চ’টে বললেন—‘তুমি আমার চাকর, আমি যা হকুম করব তাই তোমাকে শুনতে হবে।’ তখন আমি অপমানের ভয়ে চুপ ক’রে গেলাম। আপনি খাতা তলব করলেই দেখতে পাবেন। আমি বলে রাখলাম, ছোটবাবুকে এ কথা বললেই তিনি কিন্তু এর মধ্যে আমাকে জড়াবেন।
পশুপতি দোকানের এটা-ওটা তদারক করিবার ছল করিয়া একবার খাতাটাও দেখিয়া সন্দেহ ভঞ্জন করিয়া লইল। তার মনে হইল নিশ্চয় এ সাধুর কাজ; মাধবের কাজ হইলে মাধব কখনো নিজে বলিতে আসিত না। এর আগে তার চুরি ধরা পড়িয়াছে, কিন্তু সে কবুল কিছুতেই করে নাই; আরও মাধবের চুরি হইলে সাধু মাধবকে দণ্ড দিত বা তাকে এ সম্বন্ধে কিছু বলিত। তা যখন কিছু করে নাই বা বলে নাই তখন এ কাণ্ড সাধুরই। মাধব চুরি করিয়াছে, অনভিজ্ঞ সাধু তাহা ধরিতে পারে নাই, এমন সম্ভাবনা পশুপতির মনেও হইল না —আবাল্য চোর সাধুর চুরি করা এমনই সম্ভব যে সেইটাই পশুপতির দৃঢ় ধারণা হইয়া গেল। সে হিসাব পরীক্ষা করিবার ছল করিয়া দোকানের খাতা বাড়ীতে লইয়া গেল।
বাড়ীতে গিয়া মমতার সামনে খাতা খুলিয়া ধরিয়া সেই জায়গাটায় আঙুল দিয়া বলিল—দেখ তোমার ভালোবাসা ঠাকুরপোর কীর্তি।
মমতা সমস্ত শুনিয়া বলিল—পরশু যে ঐ দর ছিল তা মাধবের কথা ছাড়া আর কি প্রমাণ তুমি পেয়েছ?
পশুপতি সেই তারিখের খবরের কাগজখানা আনিয়া মমতাকে দর দেখাইল।
মমতার মনে একটা সন্দেহের ছায়া পড়িল; তবু সে বলিল—এসব যে মাধবের কারসাজি নয় তা কে বলবে। হয়ত ঠাকুরপোকে বোকা পেয়ে দুহাতে চুরি করছে আর এখন তারই ঘাড়ে পাল্টে চাপাচ্ছে।
—এও সম্ভব।
মমতা আশ্বস্ত হইয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল—তবে তাই! ঠাকুরপো নিজের দোকান থেকে নিজে এমন ক’রে নিতে যাবে কেন? এ দোকানের সবই ত’ তার।
পশুপতি হাসিয়া বলিল—ওগো ওটা চোরের স্বভাব। একজন চোরের ছেলেরা ডেপটি মুন্সেফ হয়ে উঠে বাবাকে বললে—বাবা আমরা এখন লায়েক মাতব্বর গণ্যমান্য হয়েছি; তুমি আর সিঁদকাঠি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়িও না, ওতে আমাদের মুখ হেঁট হয়। তার পর তারা দরজায় পাহারা বসিয়ে বাপের বাইরে যাওয়া বন্ধ ক’রে দিলে। কিন্তু এদিকে চোরের হাত-নিস্পিসিনিতে রাত্রে ঘুম হয় না। তখন সে নিজেরই বাড়ীতে ছেলে বৌ নাতি নাতনিদের জিনিস চুরি ক’রে নিজের ঘরে এনে লুকিয়ে রাখতে লাগল। কোনো জিনিস খুঁজে না পেলেই বৌএরা শ্বশুরের ঘর খুঁজে সেটা ঊদ্ধার ক’রে আনত। রোজ রাত্রে সে এক ঘরে না এক ঘরে সিঁদ কাটত, আবার সকাল বেলা মিস্ত্রী ডেকে সেই ফুটো বোজাতে হত। চুরির অভ্যাস এমনি বিষম? নিজের জিনিসও চুরি করতে সাধ যায়। জানো ত’, আমাদের জাতের অনেকে নিজের আয়রণ চেষ্টের কাছে তমসুক খৎ হ্যাণ্ডনোট লিখে টাকা ধার নেয়; এও তেমনি আর কি।
পশুপতি অনর্গল বকিয়া যাইতেছিল, মমতা চুপ করিয়া বসিয়া ভাবিতেছিল—এও কি সম্ভব? যতই সে অস্বীকার করিতে চাহিতেছিল, তার মনের মধ্যে সন্দেহের ছায়া ততই ঘন হইয়া উঠিতেছিল।
সন্ধ্যার সময় সাধউ আসিয়া বই লইয়া মমতার কাছে বসিল। মমতা তার দিকে না চাহিয়াই বলিল—আজকে আমার শরীরটা ভালো নেই ঠাকুরপো।
সাধু বই বন্ধ করিয়া মণ্টুকে ডাকিল—আয় মণ্টু, গল্প শুনবি আয়।
মমতা বলিল—মণ্টু এখন খাবে।
মণ্টু বলিয়া উঠিল—আমার এখনো খিদে পায়নি।
মণ্টু চলিয়া যায় দেখিয়া মমতা ঝুঁকিয়া খপ্ করিয়া তার হাত ধরিয়া বলিল—না খেয়ে ঘুমিয়ে পড়বি, চ খাইয়ে আনি।
মমতা মণ্টুর হাত ধরিয়া ঘর হইতে বাহির হইয়া চলিয়া গেল।
সাধু একটু আশ্চর্য হইয়া নিজের ঘরে গিয়া পড়িতে বসিল। মনে করিল বৌদিদির শরীর ভালো নাই, তার উপর হয়ত দাদার সঙ্গে কিছু ঝগ্ড়া হইয়া থাকিবে। সে নিজের দুর্ভাগ্যের দিক দিয়াও গেল না।
পরদিন যখন সাধু দোকানে যাইবার জন্য হুগলি-ঘাট স্টেশনে নটা ছত্রিশের ট্রেন ধরিতে তাড়াতাড়ি বাহির হইতেছে, তখন মমতা আসিয়া বলিল—দেখ ঠাকুরপো, রাধাবাজারের ও-দোকানটা তোমার একলার। তোমার যা দরকার হবে খাতায় খরচ লিখে নিতে তুমি সঙ্কোচ কোরো না—তুমি মাসে মাসে আয় বুঝে ব্যয় কোরো, আমাদের হাত-তোলা দেওয়ার ভরসায় থেকো না।
সাধু হাসিয়া বলিয়া গেল—অন্নপূর্ণার অজস্র দান পেয়ে আমার আর কিছুর অভাব নেই বৌদিদি।
সাধু ট্রেন ধরিবার ত্বরায় তাড়াতাড়ি চলিয়া গেল, মমতার গম্ভীর অপ্রফল্ল মুখে লক্ষ্য করিয়া সে দেখিল না।