বিষয়বস্তুতে চলুন

চোরকাঁটা/৯

উইকিসংকলন থেকে

◄  ৮
১০  ►
​

[ ৯ ]

 পশুপতির গল্প শুনিয়া মমতার মন সাধুর উপর একটু বিরক্ত হইয়া উঠিয়াছিল, কিন্তু দু-চার দিনেই তার সে ভাব কাটিয়া গেল, সে মনে করিল সাধু নিজের জিনিস নিজে যদি লইয়াই থাকে তাতে আমাদের রাগ করিবার কোনো কারণ নাই। তবে ঐরূপ চুরি অভ্যাসটাই খারাপ বটে, কিন্তু আবাল্যের অভ্যাস কি সহজে একদিনেই ছাড়া যায়! লোকের বাড়ীতে বাড়ীতে সিঁদ দিয়া না বেড়াইয়া নিজের জিনিস চুরি করা ঢের ভালো।

 মাধবের চুরি লইয়া একটু গোলমাল হওয়াতে সে একটু সংযম অবলম্বন করিয়া হাতটান কম করিয়াছিল। সুতরাং দোকানে ঐ রকম চুরির ব্যাপার আর না ঘটাতেও মমতার মন পরিষ্কার হইয়া আসিয়াছিল।

 সাধু তিন চার দিন লক্ষ্য করিতেছিল মমতার মন তেমন প্রসন্ন ও উৎফুল্ল নাই; মমতা মণ্টুকে লইয়া কেমন যেন একটু তফাৎ হইয়া থাকিতে চায়। সাধুর মনে পড়িল পশুপতির সতর্কতার কথা। তার মনে একটু অভিমান উকি মারিয়া কানে-কানে চুপিচুপি বলিল—বৌদিদি পর্যন্ত তাকে অবিশ্বাস ​করে। কিন্তু তখনই সে সেই অভিমান দূর করিয়া দিয়া মনে করিল—‘আরে অতিলোভী? যা পেয়েছিস্ তাই যে তোর যথেষ্টরও বেশী। আরো বেশীর আম্বা কেন?” সাধু নিজের মনকে এইরূপ প্রবোধ দিয়া দিব্য প্রসন্ন চিত্তে আপনার লেখা পড়া শিক্ষা ও দোকানদারি করিতে মনোনিবেশ করিল; সে মমতার কাছেও বেশী ঘেঁসে না, মণ্টুকেও তেমন আমল দেয় না।

 কিন্তু একদিকের দূরে যাওয়া ও অপর দিকের দূরে থাকা সত্ত্বেও আন্তরিক টানে এই দূরত্ব দিনকার দিন কমিয়াই গেল, বাড়িতে পাইল না। দিন চারেক পরে আবার যেমনকার সম্বন্ধ তেমনি সহজ ও মধুর হইয়া উঠিল।

 এর পরের শনিবার রাত্রে পশুপতি কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া যখন মমতার ঘরে গিয়া ঢুকিল তখন তার চোখে মুখে এমন আনন্দের হাসি জ্বলজ্বল করিতেছিল যে তাহাকে দেখিয়াই মমতা হাসিয়া জিজ্ঞাসা করিল—এত আনন্দ কিসের গো?

 পশুপতি এক তাড়া নোট মমতার কোলে ফেলিয়া দিয়া বলিল—সেই যে তোমার কাছ থেকে পাঁচশ টাকা নিয়েছিলাম তার সুদ সুদ্ধ শোধ কর্‌লাম।

 মমতা প্রফুল্ল মুখে নোটের তাড়া খুলিয়া গণিতে গণিতে জজ্ঞাসা করিল—কোথায় পেলে এত?

 পশুপতি উৎফুল্ল হইয়া বলিয়া উঠিল—রেস্ জিতেছি ...

 মমতার প্রফল্ল মুখ তৎক্ষণাৎ গম্ভীর হইয়া গেল, যেন ঘরের প্রদীপটা দম্‌কা বাতাসে ফস্ করিয়া নিভিয়া অন্ধকার হইয়া গেল।

 কিন্তু পশুপতি সেদিকে লক্ষ্য না করিয়া অনর্গল বলিয়া যাইতে লাগিল—গার্ব্বে সাহেবের নতুন দেড় লাখ টাকা দামের ঘোড়া ডায়মণ্ড এ পর্যন্ত সতেরোটা রেস্ জিতে বাষট্টী হাজার ​টাকা এনেছে। সবাই তার ওপরেই ঝুঁকেছিল। আমি কিন্তু কপাল ঠুকে বাজি ধর্‌লাম যোধপুরের মহারাজার মে-ফ্লাওয়ার আর গল্‌ষ্টন সাহেবের বেগমের ওপরে—এরাও কম ঘোড়া নয়, ডায়মণ্ডের সঙ্গে উনিশ বিশ! তুমি আমায় যে পাঁচ শ টাকা দিয়েছিলে, তা থেকে খেল্‌তে খেল্‌তে মাত্র ত্রিশটি টাকায় এসে ঠেকেছিল—দশটাকা ধর্‌লাম মে-ফ্লাওয়ারের ওপর উইন-এ আর দশটাকা বেগমের ওপর প্লেস-এ, আর ডায়মণ্ডের ওপরও দশটাকা প্লেস-এ। লাগ্‌বি ত লাগ্ তিনটেই লেগে গেল—মে-ফাওয়ার হল ফার্স্ট, ডায়মণ্ড সেকেণ্ড হয়ে গেল, আর একটা কানের ডগা এগিয়ে দিয়ে বেগম থার্ড হয়ে প্লেস মেরে দিলে। একেবারে এক থোকে সাত শ টাকা মেরে দিলাম! তার পর সেই সাত শ টাকার পাঁচ শ বুকিদের কাছে একের চারে ধরে দিয়ে পরের দানে মেরে দিলাম দু-হাজার!

 এতখানি বকিয়া পশুপতি দম লইবার জন্য একটু থামিল, অমনি মমতা বলিল—তোমার আমি জুয়া খেল্‌তে আমার মাথার দিব্যি দিয়ে বারণ করেছিলাম না? আচ্ছা!

 পশুপতি মনে করিয়াছিল যে যখন এত টাকা জিতিয়াছে তখন মমতা তাকে এবার কিছুই বলিবে না। অত টাকা জেতার আনন্দে সে আর বিচার করিয়া দেখে নাই যে মমতার আদেশ অমান্য করিয়া তার কাছে প্রকাশ করা যুক্তিসঙ্গত হইবে কি না। সে এখন মমতার কথা শুনিয়া তার মুখের দিকে চাহিতেই তার সব উৎসাহ উবিয়া গেল। সে আম্‌তা আম্‌তা করিয়া বলিল—আর খেল্‌ব না—যে টাকাটা খুইয়ে ছিলাম সেটা ত’ ঘরে ফিরিয়ে এনেছি।

 মমতা নোটগুলো ছুড়িয়া সাধুর সামনে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল—ঠাকুরপো, এই টাকাগুলো গুজরাটের দুর্ভিক্ষ ফণ্ডে কালকে পাঠিয়ে দিও। জয়াচুরির টাকা আমি ঘরে রাখ্‌তে পার্‌ব না।

​ পশুপতি আম্‌তা আম্‌তা করিয়া বলিল—এতগুলো টাকা সব.......

 মমতা গম্ভীর স্বরে বলিল—হ্যাঁ সব।

 কুণ্ঠিত পশুপতি মাথা চুলকাইয়া বলিল—লাভের হাজার দিয়ে আসল পাঁচশো রাখ্‌লে........

 মমতা ঝাঁঝিয়া বলিয়া উঠিল—না না, ওর এক পয়সা রাখা হবে না। কাল্‌কেই আমি মনিঅর্ডারের রসিদ পাই যেন ঠাকুরপো।

 সাধু চোরের মতন ভয়ে ভয়ে নোটগুলো একে একে কুড়াইয়া লইয়া পশুপতির দিকে চাহিল। পশুপতি চোরের মতন সঙ্কুচিত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সে মনে মনে অত্যন্ত পস্তাইতেছিল যে কেন মরিতে সে টাকাগুলো স্ত্রীর হাতে লইয়া গিয়া দিল! এতগুলো টাকা নাহক হাতছাড়া হইয়া গেল—এত কষ্টের রোজ্‌গারের, ভাবনায়-বুকের-রক্ত-জল-করা টাকা!

 পরদিন কলিকাতা যাইবার সময় সাধু পশুপতিকে জিজ্ঞাসা করিল—দাদা টাকাগুলো কি করব?

 —তোমার বৌদিদির টাকা, বৌদিদি জানে, আর তুমি জানো।

 পশুপতি চোর ভাইয়ের কাছে অপ্রস্তুত হইয়া মনে মনে অত্যন্ত অস্বস্তি বোধ করিতেছিল। মমতার হকুম রদ করিবার সাধ্য যে তার নাই এ কথাও সে ভাইয়ের কাছে স্বীকার করিতে লজ্জা পাইতেছিল। তাই যেন সাধুই অপরাধী এমনি ভাবে ঝাঁঝিয়া কথা কয়টা বলিয়া সেখান হইতে চটিজুতা ফটফট করিয়া বেগে চলিয়া গেল।

 সাধু মমতার কাছে গিয়া জিজ্ঞাসা করিল—বৌদিদি, টাকাগুলো কি হবে?

 মমতা তীব্র দৃষ্টিতে তার দিকে চাহিয়া রুষ্ট অথচ শান্ত​ভাবে বলিল—এক কথা তোমাকে ক’বার বল্‌তে হবে?

 সাধু মমতার কঠিন মুখভাব দেখিয়া সেখান হইতে পলাইল। মমতা সাধুকে ডাকিয়া ফিরাইয়া বলিল—আজ থেকে দু দোকানের টাকা তুমি আন্‌বে ঠাকুরপো।

 সাধু হাঁ কি না কিছু না বলিয়া পলায়ন করিল। মমতা পশুপতিকে বলিল—বড় দোকানের টাকাও আজ থেকে আমি ঠাকুরপোকে আন্‌তে বলেছি। তুমি মাসে কুড়ি টাকা ক’রে হাত খরচের জন্য পাবে। আর কোন টাকা তুমি ছুঁতে পাবে না।

 পশুপতি অন্তরে রুষ্ট হইয়াও স্বাভাবিক শান্ত স্বরেই বলিল—আমাকে এত অবিশ্বাস কেন?

 —জোচ্চোরকে আর বিশ্বাস নেই।

 —জোচ্চোরের চেয়ে শুধু চোরকে তা হলে বেশী বিশ্বাস করা যায়!

 মমতা অকস্মাৎ একেবারে পরাজিত হইয়া সেখান হইতে হঠাৎ ফিরিয়া চলিয়া গেল। মমতার ভয়ানক রাগ হইল সাধুর উপর—কেন সে চোর হইয়া তার কাছে আসিল, কেন সে তার নামের মতন চরিত্রকেও সাধু প্রতিপন্ন করিতে পারিতেছে না। মমতা সাধুর উপর রাগে অভিমানে স্নেহে কাঁদিয়া ফেলিল।

 মমতাকে নির্বাক হইয়া চলিয়া যাইতে দেখিয়াই পশুপতি বিজয়োল্লাসে হাসিয়া ফেলিল। তার পর বাড়ী হইতে বাহির হইবার সময় যখন মমতার ঘরে উঁকি মারিয়া দেখিল মমতা আঁচল দিয়া চোখ মুছিতেছে, তখন পশপতি আরো খুশি হইল। তাদের সখের থিয়েটারে রিহার্সালে মুখস্থ-করা রাজা ও রাণী নাটকের রেবতীর শেষ কথা তার মনে পড়িল—“এ রোষ রবে না চিরদিন!”

 বাস্তবিক পশুপতির অনুমানই ঠিক হইল। সাধু দাদাকে অবিশ্বাস দেখাইয়া তার দোকানের তহবিল আনিতে ​যাইতে পারিল না। মমতা জোচ্চোর বলিয়া স্বামীকে অবিশ্বাস করিতেছে, আর চোর জানিয়াও বিশ্বাস করিতেছে তাকে! এই স্নেহের নিদর্শনে সাধুর মন যেমন আনন্দে অভিষিক্ত হইয়া উঠিয়াছিল, তেমনি আবার নিজের অবিশ্বাস্য চরিত্রের লজ্জায় নিজেই কুণ্ঠিত হইতেছিল। তার দাদাকে অবিশ্বাস দেখাইবার অধিকার তার কিছুমাত্র নাই। তাই সে তহবিল আনিতে গেল না বটে, কিন্তু মমতার আদেশ পালন না করিয়া তার ভয় হইতে লাগিল। কিন্তু সে বাড়ী ফিরিয়া যখন দেখিল মমতা সে সম্বন্ধে প্রশ্ন মাত্র করিল না, তখন সে আরামের নিশ্বাস ফেলিয়া বাঁচিল। তার ভরসা হইল সংসার যেমন আনন্দে চলিতেছিল আবার তেম্‌নি চলিবে।

 পশুপতি সেই রাত্রে বাড়ী ফিরিয়াই হঠাৎ বলিয়া উঠিল—আজকে মাধব বেচারার সর্বনাশ হয়ে গেছে!

 মমতা উৎকণ্ঠিত হইয়া স্বামীর উপর সমস্ত রাগ ভুলিয়া জিজ্ঞাসা করিল—কি গো কি হল?

 সাধুও উৎসুক হইয়া পশুপতির মুখের দিকে চাহিল। সে ত’ এই দোকান হইতে আসিতেছে, সে ত’ কিছু জানে না!

 পশুপতি বলিতে লাগিল—মাধব তার মেয়ের বিয়ে দেবে ব’লে এক-একখানা ক’রে গয়না গড়িয়ে রাখ্‌ছিল—একজোড়া দুতারের ফারফোর বালা আর এ মাসের মাইনের টাকা রুমালে বেঁধে পকেটে নিয়ে আস্‌ছিল। হাবড়ার পুলের মুখে রুমাল সুদ্ধ লোপাট!

 মমতা শুনিয়া বলিয়া উঠিল—আহাহা! ছাঁপোষা মানুষ। চোরকে ধরতে পার্‌লে না?

 পশুপতি বলিল—টেরই পায় নি, কখন নিয়েছে!

 মমতার মুখ দুঃখে ম্লান হইয়া গেল। সাধুর মুখ লজ্জায় লাল হইয়া উঠিল—তার মনে পড়িল তার নিজের অতীত পেশার কথা এবং তার মনে হইল তার দাদার ও বৌদিদিরও ​নিশ্চয় সে কথা মনে পড়িয়াছে। এই যে চোর মাধবের পকেট মারিয়াছে, মাস খানেক আগে সেও ত’ উহারই অনুরূপ ছিল।

 পশুপতি সাধুর লজ্জিত মুখের দিকে চাইয়াই হাসিয়া বলিয়া উঠিল—তোমারই পরোনো দোস্তদের কাজ সাধু! তুমি একটা চেষ্টা ক’রে দেখ না, যদি বেচারার টাকা ক’টা উদ্ধার ক’রে দিতে পার।

 পশুপতির কথা শুনিয়াই মমতাও সাধুর দিকে চাহিল। সাধু তখন চেষ্টা করিয়া লজ্জাতে হেঁট মাথা উঁচু করিয়া তুলিয়া বলিল—হাবড়ার পালের কাছটা ছোট আবদুলির হুদ্দো। তার সঙ্গে বেশী জানাশোনা ছিল না আমার। তবু আমি চেষ্টা ক’রে দেখ্‌ব।

 পশুপতি আর কিছু না বলিয়া মমতার মুখের দিকে তাকাইয়া হাসিল। মমতা মাথা নীচু করিয়া বসিল। সাধু ঘর হইতে বাহির হইয়া গেল।

 সাধু পরদিন সকাল-সকাল কলিকাতায় গিয়াই মাধবের নষ্ট ধন উদ্ধার করিয়া আনিয়া দিল। মাধব হাসিয়া বলিল—বড় বাঁচালেন ছোটবাবু—আমি ত’ ভাবিনি যে আবার ফিরে পাব।

 কিন্তু মাধব কারিকরদের কাছে গিয়া মুখ বাঁকাইয়া বলিল—আমি একটুও ভাবনা করিনি, জানি মনে যে গাঁটকাটাদের সর্দার আমাদের ছোটবাবু রয়েছেন!—নিজের কাটা কান চুল দিয়ে ঢাক্‌বার জন্যে সে আমার জিনিস উদ্ধার ক’রে আন্‌বেই!

 ডেলি-প্যাসেঞ্জার মহলে পশুপতি ও মাধব সাধুর অসাধারণ ক্ষমতার পরিচয় প্রচার করিয়া দিল। সেইদিন হইতে সাধুর লজ্জা ও কাজ বাড়িয়া গেল—যেখানে যার পকেট মারা যায়, সেই আসিয়া সাধুকে ধরে নষ্ট ধন উদ্ধার করিয়া দিতে হইবে। ডেলি-প্যাসেঞ্জারের দল যে পরিমাণে সাধুর নিকট ​কৃতজ্ঞ হইতেছিল, সেই পরিমাণে তাকে প্রচ্ছন্ন ঘৃণা ও উপহাসের চক্ষে দেখিতেছিল।—ডেলি- প্যাসেঞ্জারের দল যে পরিমাণে উপকৃত হইয়া আনন্দিত হইতেছিল, গাঁটকাটার দল সেই পরিমাণে ক্ষতিগ্রস্ত হইয়া সাধুর কাছে অসন্তোষ প্রকাশ করিতেছিল—বাবু বোনে গিয়ে সর্দার তুমি আমাদের ব্যবসা মাটি কর্‌তে বসেছ। এবার থেকে তোমায় কিছু ক’রে কমিশন দিতে হবে, নইলে তোমার দোস্তদের টাকা আমরা পুরো ফেরত দেবো না। এক মাসের মধ্যে তুমি দোস্ত জুটিয়েছও ত’ কম না!

 সাধুকে এখন নিজের পকেট হইতে শতকরা দশ টাকা কমিশন দিয়া লোকের পকেট মারা টাকা ফিরাইয়া দিতে হয়। যখন সে নিজের পকেট থেকে দিয়া কুলাইয়া উঠিতে পারে না, তখনই বাধ্য হইয়া সে কম টাকা ফেরত দেয়। ডেলি-প্যাসেঞ্জারের দল হাসি টিপিয়া কানাকানি করে—‘সর্দারচোরের সেলামী-কমিশন কাটা হয়েছে!’ সাধু শুনিয়াও কথা কানে তোলে না।

 এই সময়ে কলিকাতায় রাস্তায় রাস্তায় তুলোর খেলার আডডা খুলিল ও তাতে অন্তঃপুরের মেয়েরা পর্যন্ত সংসার খরচের টাকা চুরি করিয়া গহনা বন্ধক দিয়া ঝিয়ের হাতে জুয়া খেলিতে লাগিল। যারা পেশাদার জুয়াড়ি তারা ত’ মাতিয়া উঠিল বলিলেও হয়।

 একদিন পশুপতি আসিয়া মুখে কাঁচুমাচু করিয়া খবর দিল দোকানের তহবিল সাড়ে চার শ টাকা পকেট হইতে খোয়া গেছে।

 মমতা সাধুর মুখের দিকে তাকাইল। সাধু কুণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিল—কোন্ জায়গায় নিয়েছে বল্‌তে পারেন কি?

 পশুপতি বলিল—“ঐ ধর্মতলার মোড়েই হবে বোধ হয়। ওটা তোমার কার হুদ্দো হ্যা?” বলিয়া পশুপতি হাসিতে লাগিল।

​ সাধু মুখচোখ লাল করিয়া মাথা নীচু করিয়া বলিল—বেঁটে গুর্‌গনের।

 পশুপতি হো হো করিয়া হাসিয়া বলিয়া উঠিল—তোমার দেখছি কল্‌কাতা সুদ্ধ সব কটা চোরের সঙ্গেই পরিচয় আছে! তোমার কাছ থেকে ফস্কাবার জো নেই।

 সাধু মমতার সাম্‌নে এই অপমানে মর্মাহত হইলেও সে নিজের মনকে বার বার এই বলিয়া প্রবোধ দিল—এ তার ন্যায় প্রাপ্য, এ ত’ তার কৃতকর্মের ফল, এ তার পূর্ব পাপের প্রায়শ্চিত্ত। স্বকৃত দুঃখের আঘাত তাকে সহ্য করিতেই হইবে। সাধু জোর করিয়া মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল—টাকা কিসে ছিল?

 পশুপতি টপ্ করিয়া বলিল―মনিব্যাগে।

 সাধু জিজ্ঞাসা করিল, সাড়ে চার শ টাকা ছিল মনিব্যাগে?

 পশুপতি থতমত খাইয়া বলিল—না না, ভুলে বলেছি—একখানা রুমালে বাঁধা ছিল।

 সাধু জিজ্ঞাসা করিল—রুমালখানা কি রকম ছিল, কোন চিহ্ন-টিহ্ন ছিল মনে আছে কি?

 পশুপতি সে কথার উত্তর না দিয়া বলিয়া উঠিল—সাড়ে চার শ টাকা মনিব্যাগে থাক্‌বে না কেন? চারখানা এক শো টাকার আর একখানা পঞ্চাশ টাকার নোট মনিব্যাগে ধরে না?

 সাধু বলিল—নম্বরী নোট যদি হয় তবে ত ভাবনাই নেই—আফিসের খাতা দেখলেই নম্বর পাওয়া যাবে।

 পশুপতি তাড়াতাড়ি বলিল না না, সে কথা আমি বল্‌ছি না—আমার ছিল খুচরা নোটই, সবুজ পাড়-দেওয়া রুমালে বাঁধা—রুমালের কোণে লাল সুতোর পি এম মনোগ্রাম সেলাই করা। কিন্তু তুমি বল্‌লে কিনা যে মনিব্যাগে চার শ টাকা ধরে না, তাই বল্‌ছিলাম ধর্‌বে না কেন?—নম্বরী নোট হলে আল্‌বৎ ধর্‌বে!

 সাধু আর কিছু বলিল না। তার মনে কেমন সন্দেহ ​হইল দাদা সরল সত্য কথা কহিতেছে না।

 পশুপতি কিন্তু বলিয়াই চলিল—আজকাল কল্‌কাতার এত বেশী গাঁটকাটা হয়েছে যে রাস্তায় পা বাড়াবার জো নেই—তবু, আমার ভায়া সেখানে না থাকাতে একজন কম আছে!

 মমতা ধমক দিয়া বলিল—তুমি মুখ হাত ধোওগে ত’!... এস ঠাকুরপো, তুমি রবিবাবর নতুন বই কিনে এনেছ, পড়ে শোনাবে এস।

 মমতা এক রকম ঠেলিয়া সাধুকে ঘর হইতে বাহির করিয়া লইয়া চলিয়া গেল। পশুপতি হাসিতে হাসিতে অন্য দিকে প্রস্থান করিল।

 পরদিন সাধু বাড়ী আসিলে মমতার মনে হইল সাধুকে জিজ্ঞাসা করে পশুপতির টাকা সে আনিয়াছে কি না। কিন্তু সে সেই ইচ্ছা দমন করিল, এই ভাবিয়া যে, আনিয়া থাকিলে সাধু আপনিই তাকে বলিত, কিন্তু সাধু তাকে কিছুই বলিল না, বিমর্ষ ভাবে নিজের ঘরে গিয়া ঢুকিল। খানিক পরে পশুপতি আসিয়া মমতাকে জিজ্ঞাসা করিল—সাধু কই? টাকা এনে দিয়েছে?

 মমতা শুধু বলিল—না।

 সাধু দাদার প্রশ্ন শুনিতে পাইয়া সেই ঘরে আসিয়া বলিল—সে টাকার কোনো কিনারা কর্‌তে পার্‌লাম না। আমি সব আড্ডাই খুঁজে এলাম―ও-রকম রুমালে বাঁধা সাড়ে চার শ টাকা কাল কোনো আড্ডাতেই জমা হয়নি।

 পশুপতি অকারণে রাগিয়া উঠিয়া বলিল―ওরা মিথ্যে কথা বলেছে! অতগুলো টাকা........

 সাধু বাধা দিয়ে নম্র ভাবে বলিল—ওরা নিজের দলের মধ্যে মিথ্যে কথা বলে না ত’।

 পশুপতি অবিশ্বাসের তাচ্ছিল্যের স্বরে বলিল—হ্যাঃ! রেখে দাও তোমার কথা! যে চোর সে চোর—হাতেও চুরি করে, ​মুখেও চুরি; জিনিসও চুরি করে, কথাও চুরি করে। চোর আবার কখনো সাধু হয়!

 সাধু দাদার মুখে বারবার নিজের নামের সঙ্গে চোর শব্দের সংযোগ শুনিয়া শুনিয়া অভ্যস্ত হইয়া উঠিলেও এই ইঙ্গিত তাকে বরাবরই লজ্জা ও পীড়া দিত। সে ব্যথিত ও লজ্জিত হইয়া নীরবে ঘর হইতে বাহির হইয়া চলিয়া গেল।

 সাধু বাহির হইয়া যাইতেই পশুপতি বলিয়া উঠিল—চোরে চোরে মাস্‌তুতো ভাই! দেখলে না নিজের মুখে স্বীকার ক’রে গেল নিজের দলের মধ্যে চোরেরা মিথ্যে বলে না। সেধো এখনো ওদের দলেই আছে তা হলে? সাড়ে চার শ টাকা। তার লোভ সাম্‌লানো কি অম্‌নি! এতদিন লোকের দু দশ টাকা উদ্ধার ক’রে দিয়ে নিজের সাধুপনা দেখিয়ে এইবার মেরে দিলে এক দাঁও! চোর আবার কখনো সাধু হয়! যে একবার চোর, সে বরাবরই চোর!

 মমতা হঠাৎ উঠিয়া ঘর হইতে বাহির হইয়া চলিয়া গেল। সাধুর ঘরে গিয়া দেখিল সে একখানা বই খুলিয়া বসিয়া আছে, কিন্তু তার দৃষ্টি আছে শূন্যের দিকে। সে বোধ হয় পশুপতিরই কথার রূঢ় নিষ্ঠুর আঘাত কান পাতিয়া মর্মে-মর্মে গ্রহণ করিতেছিল।

 মমতা ঘরে ঢুকিয়াই জিজ্ঞাসা করিল—তুমি বেশ ক’রে খোঁজ করেছিলে ঠাকুরপো?

 সাধু বিষণ্ণ স্বরে বলিল—আমি খুব খুঁজেছি বৌদিদি।

 মমতা একটু ভাবিয়া বলিল—কাল আর-একবার খোঁজ নিয়ে দেখো।

 সাধু উদাস ভাবে বলিল—আচ্ছা।

 ঐ টাকা কিন্তু পাওয়া গেল না। তারপর হইতে প্রায়ই মাস দু-মাস অন্তর পশুপতির বড় দোকানের তহবিল বাড়ী আনার পথে চুরি যাইতে লাগিল—কোনো দিন তার পকেট ​হইতে, কোনো দিন বা মাধবের পকেট হইতে এবং সাধু প্রত্যেক বারই নিষ্ফল অনুসন্ধানে হতাশ হইয়া ফিরিতে লাগিল। আর অমনি পশুপতি মমতাকে বলে—ভায়া বেশ দু পয়সা পুঁজি জমিয়ে নিচ্ছেন! বেছে বেছে আমাদেরই ওপর যে চোরদের এত টাঁক, তাতে মনে হয় ভায়ারই ভেতরে টিপ আছে!

 মমতার মন সন্দেহে ভারাতুর হইয়া উঠিতে লাগিল—তার একবার মনে হয় সাধু সত্যই এই সমস্ত টাকা আত্মসাৎ করিতেছে, আবার মনে হয় তার স্বামী হয়ত সরল সত্য ব্যবহার করিতেছে না। ভাবনায় উৎপীড়িত হইয়া সে অবশেষে এই স্থির করিল—দোকানের তহবিল রোজ সাধু আনিবে, এবং যদি সে তহবিল খোয়া যায় তবে তার জন্য সাধুকে দায়ী করা সহজ হইবে।

 পশুপতি মমতার এই অকাট্য যুক্তির কাছে হার মানিল। মমতার আদেশে এখন সাধুই তহবিলের বাহন এবং এখন আর তহবিল হারায় না। পশুপতি হাসিতে হাসিতে মমতাকে বলে তোমার বুদ্ধির প্যাঁচে ভায়া আচ্ছা জব্দ হয়েছেন।

 মমতা গম্ভীর হইয়া আত্মপ্রশংসা ও সাধুর নিন্দা শোনে, পশুপতির কথা সত্য মনে হয় বলিয়া সে সুখী হইতে পারে না। কিন্তু তবু তার মনে এই একটু খুশির আভাস মাঝে মাঝে উঁকি মারিয়া যায় যে এই উপায়ে সাধুকে প্রলোভন জয় করিয়া সৎপথে চলিবার সাহায্য করা হইতেছে।