বিষয়বস্তুতে চলুন

জল ও হিজল/অ্যাণ্টি সোশ্যাল পার্সনালিটি ডিজঅর্ডার

উইকিসংকলন থেকে

অ্যাণ্টি সোশ্যাল পার্সনালিটি ডিজঅর্ডার

এক অন্ধকার জগৎ জুড়ে
নিজেকে নিজের অধিকারে
রেখে দিয়েই ক্ষান্ত হওনি বলে
আলোর দুনিয়া অসহ্য লাগে।

‘তোমার দয়ার শরীর হলেও
আমার এত দয়া নেই’—
তত্ত্ব পুষে রেখে নিজেকে
বানাচ্ছ জাগতিক বিস্ময়।

জীবন পরাস্ত হলে পরে
নিমেষেই বিষাক্ত পাখি হয়ে
প্রতিবেশী সহকর্মীদের
প্রতি ছুড়ে দাও নখের সন্ত্রাস।

নখ যদি ভেঙেও যায়
জিহ্বা থেকে বের হয়ে আসে
নগ্ন বোধের আচানক বাতাস,
যার বিস্তৃতি বহুদূর থাকে।

‘পাশের বাড়ির বউ ভালা,
আমার বাড়ি কেন যে কালা’—
তত্ত্ব পুষে রেখে ঘুমুতে চাও বলে
আগুনে নিক্ষিপ্ত হও সোনা।