জল ও হিজল/এনভায়রনমেণ্টাল টর্চার
অবয়ব
(পৃ. ৩৩)
এনভায়রনমেণ্টাল টর্চার
নিয়মিত অফিস করেন,
পাবলিক চাপ বহন করেন
বসের একটু ঝাড়িও খান,
কলিগদের হাসিতে ঝুলেন
বন্ধুদের টিপ্পনীতে মজেন
তিনি ওভারটাইমও করেন।
যখন-তখন অর্ডার শোনেন
ছেলেমেয়ের মন রাখেন
মায়ের অসুখের চাপে ভুগেন
স্বজনদের আঙুল দেখেন।
নিয়ম করে বাসায় ফেরেন
ঘরওয়ালির হুতাশ দেখেন
ঘুমের সময় টিভিও দেখেন।
তিনি বাতাসে ভাসেন
তিনি বাতাসে খাটেন।
নিজেকে শূন্য মনে করেন
এবং তিনি ভাবেন
তিনি ভাবেন
ভাবেন...
মাঝে মাঝে পড়েন
পড়তে পড়তে উঠেন
এবং পড়েন।
তিনি যখন উঠেন,
সবাই টেনে ধরেন।
তিনি শূন্য হতে থাকেন
জাগার মধ্যে ঢলেন।
তিনি আমার ভাই অথবা বাজান
কলিগ কিংবা বন্ধুও হতে পারেন,
আমার একটি ছায়াও হতে পারেন;
পরে যাওয়ার আগেই তারে ছাড়েন।