বিষয়বস্তুতে চলুন

জল ও হিজল/রক্তজবার কাছে যেয়ো না শিশু

উইকিসংকলন থেকে

রক্তজবার কাছে যেয়ো না শিশু

জানোই তো রক্তজবাটা সবুজ
জমিনের বুকে ফুটে উঠেছে,
তাহলে এই জমিন মাড়িয়ে কেন
নষ্ট করো ক্যামোফ্লাজ?
সব শিশু ঘরে যাও,
ফিরে যাও মাতৃনিকেতনে।
বিষাদ ছড়িয়ো না আর ধূসর শহরে,
থাকতে দাও পরিপাটি শাড়ির আঁচল।
জানো তো আমার হাতগুলো অসাড়
হয়ে জমে গিয়ে পরিণত হয়েছে পাথরে,
হাঁ করা মুখ থেকে বের হচ্ছে জলকামান,
নাক দিয়ে বের হচ্ছে কাঁদানে গ্যাস,
কান শুধু শুনে যাচ্ছে অনন্য সংগীতসন্ধ্যা।
যাও শিশুরা, বাড়ি ফিরে যাও,
পরিপাটি জীবনের সন্ধ্যা কাটাও।
রক্তজবার কাছে যেয়ো না আর,
তোমার রক্তজবা হয়ে উঠা
আমাকে বিব্রত করে দিয়ে যায়।
পরিস্থিতি ভালো হলে
চলে আসবে আবার
রাজপথে, মাঠে খেলাখেলি হবে,
সবাই মেতে উঠব জীবনের জয়গানে।