জীবনী কোষ (ভারতীয়-ঐতিহাসিক, ২য় খণ্ড)/কমলা নেহরু
কমলা নেহরু—স্বদেশ প্রেমিক। মহিলা। প্রসিদ্ধ জননায়ক জবাহরলাল নেহরুর পত্নী। সম্ভ্রান্ত কাশ্মীরী ব্রাহ্মণ পরিবারে তাঁহার জন্ম হয়। তাঁহার পিতা ডাঃ জবাহরলাল কাউল, গৃহে উপযুক্ত শিক্ষকের হস্তে তাঁহার শিক্ষার ভার অর্পণ করেন। কমলা গৃহশিক্ষকের নিকট ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষা শিক্ষা করেন। সতের বৎসর বয়সে তাঁহার বিবাহ হয়। নম্রতা, বিলাসিতাশূন্যতা, কর্ম্মঠতা প্রভৃতি গুণে তিনি ধনী শ্বশুর কুলের স্নেহের পাত্রী হইয়াছিলেন।
ভারতীয় জাতীয় আন্দোলনে, তিনি শ্বশুর, শ্বাশুড়ী, স্বামী সকলের সহিত উৎসাহের সহিত যোগদান করেন এবং একাধিকবার কারাবরণ করিয়া প্রসিদ্ধি লাভ করেন। মহাত্মা গান্ধীর প্রবর্ত্তিত ‘সত্যগ্রহ’, ‘আইন অনান্য’ প্রভৃতি আন্দোলনেও তিনি বিশেষ উৎসাহের সহিত যোগ দিয়া যথেষ্ট ত্যাগ স্বীকার ও কষ্ট সহ্য করেন। কংগ্রেসের একজন একনিষ্ঠা সেবিকারূপে তিনি কিছুকাল এলাহাবাদ কংগ্রেস কমিটির নেত্রীপদও লাভ করেন। বারংবার এবং দীর্ঘকাল কষ্টসাধ্য রাজনীতিক আন্দোলনে যুক্ত থাকায়, অল্পদিনের মধ্যেই তাঁহার স্বাস্থ্য ভগ্ন হয় এবং দীর্ঘকাল পীড়িতা থাকিয়া ১৯৩৬ খ্রীঃ অব্দে ফেব্রুয়ারী মাসে তিনি পরলোক গমন করেন। তাঁহার গুরুতর পীড়ার সময়েও তিনি স্বামীকে দেশের কার্য্যে যোগ দিতে উৎসাহ দিতেন; ১৯৩৫ সালের মধ্যভাগে জবাহরলাল যখন রাজনৈতিক কারণে কারারুদ্ধ ছিলেন, তখন কমলাকে চিকিৎসার জন্য ইউরোপে লইয়া যাওয়া হয়। তাহার কিছুকাল পরেই জবাহরলালকে অকস্মাৎ মুক্তি দেওয়া হয় এবং তিনি বিমানপোতযোগে পীড়িতা পত্নীর নিকট উপস্থিত হন। তথায় কয়েকদিন পরেই কমলার মৃত্যু ঘটে।