জীবনী কোষ (ভারতীয়-ঐতিহাসিক, ২য় খণ্ড)/কমলেশ্বর সিংহ
কমলেশ্বর সিংহ—আসামের আহম্ বংশীয় একজন রাজা। ১৭৯৪ অব্দে গৌরীনাথ সিংহ পরলোক গমন করিলে, তাঁহার প্রধান কর্ম্মচারী বুড়া গোঁহাই স্বীয় প্রতিপত্তি রক্ষার জন্য তাঁহার প্রতিদ্বন্দ্বী বড় বড়ুয়াকে হত্যা করিয়া, গদাধরের বংশধর কেনারামকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেন। কেনারাম রাজসিংহাসনে আরোহণ করিয়া, কমলেশ্বর সিংহ ও সুকালিসিংহ ফা নাম গ্রহণ করেন। তাঁহার রাজত্বকালে বুড়া গোঁহাই পূর্ণানন্দই প্রকৃতপক্ষে সমস্ত রাজকার্য্য পরিচালনা করিতেন। কোনও সময়ে হরদত্ত ও বীরদত্ত নামক দুই ব্যক্তি আপনাদিগকে উত্তর কানরূপের স্বাধীন রাজা বলিয়া ঘোষণা করেন। বড় গোঁহাই তাঁহাদিগকে পরাজিত ও নিহত করেন। মোয়ামারিয়া বিদ্রোহীদের অন্যতম নায়ক পিতাম্বরকে পূর্ণানন্দ পরাজিত করেন। ১৭৯৯ খ্রীঃ অব্দে মোয়ামারিয়ারা আবার বিদ্রোহী হয়। ঐ বিদ্রোহও অচিরে দমিত হয় এবং বিদ্রোহীদের নায়ক ভারতী রাজা নিহত হন। মোরাণজাতীয় মোয়ামারিয়ারা ডিব্রুনদীর পূর্ব্বভাগে সর্ব্বানন্দ সিংহের অধীনায়কত্বে বিদ্রোহী হয়। কিন্তু তাহারাও পরাজিত হইয়া বশ্যতা স্বীকার করিতে বাধ্য হয়। কৃষ্ণনারায়ণ কমলেশ্বরের বিরাগভাজন হইয়া রাজ্যচ্যুত হন। ১৮১০ খ্রীঃ অব্দে কমলেশ্বর পরলোক গমন করিলে, বুড়া গোঁহাই তৎপদে কমলেশ্বরের ভ্রাতা চন্দ্রকান্তকে প্রতিষ্ঠিত করেন।