বিষয়বস্তুতে চলুন

জীবনী কোষ (ভারতীয়-ঐতিহাসিক, ২য় খণ্ড)/করিমচাঁদ

উইকিসংকলন থেকে

করিমচাঁদ—প্রামারবংশীয় করিমচাদ আজমীরের নিকটস্থ শ্রীনগণের একজন সর্দ্দার ছিলেন। তিনি তৎকাল প্রচলিত দস্যু-বৃত্তি অবলম্বন করিয়াছিলেন। মিবারের রাণা রায়মল্লের পুত্র রাণা সংগ্রামসিংহ স্বীয় কনিষ্ঠ ভ্রাতা পৃথ্বীরাজ কর্ত্তৃক বিতাড়িত হইয়া, তাহার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। এই সময়েই রাণা সঙ্গ (সংগ্রাম সিংহ) তাঁহার কন্যাকে বিবাহ করিয়াছিলেন। করিমচাঁদ তাঁহাকে রাজ্যলাভেও যথেষ্ট সহায়তা করিয়াছিলেন। রাণা সঙ্গ পিতৃরাজ্য (১৫০৯ খ্রীঃ) লাভ করিয়া করিমচাঁদকে ভূমিবৃত্তি দান করিয়াছিলেন। করিমচাঁদের পুত্র জগমলও রাণা সঙ্গকে সাহায্য করিয়া বৃত্তি লাভ করিয়াছিলেন। কিন্তু রাণা সঙ্গের অযোগ্য পুত্র বিক্রমজিং এই পিতৃবন্ধুকে অবমাননা করিয়া রাজচ্যুত হইয়াছিলেন।