বিষয়বস্তুতে চলুন

জ্ঞানাদার ডায়েরি থেকে/১৯৫৫। কটক

উইকিসংকলন থেকে
​

১৯৫৫। কটক

অনেকেই আমায় জিজ্ঞেস করেন এইযে আমার সাংস্কৃতিক চেতনা, সাহিত্যপ্রীতি, রসবোধ, ভোজনবিলাসিতা এসব কোত্থেকে এল? সত্যি বলতে কি সব তো একজনের দান হতে পারেনা। বহুদিন ধরে বহু দেশ ঘুরে কত গুণিজন সান্নিধ্য পেয়েছি, তার কিছু কিছু এসে মিশেছে মননে, সমৃদ্ধ হয়েছি। সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন যিনি তাকে আমি গুরু মানি। জানতে চান কে?

তিনি সিতু মিঞা। অবাক হচ্ছেন? হবেন না। আমি বলছি হবেন না। শেকসপীয়র না সক্রেটিস কে একটা বলেছিল না There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.

তাহলে লিখতে হয় সেই আশ্চর্য মানুষটির কথা, উনিই আমা বলতেন কামকেষ্ট, মনের জানলাটা বন্ধ কোরনা কভু। হাসি খুশি আর রসে বশে ভরে থেকো। আর আগামি পৃথিবী জানবে কিনা জানিনা এই বুড়ো বয়েসে আমি তরুন রয়ে গেছি একটা কারণে। গুরুর আশীব্বাদ। দর্শন, সাহিত্য, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞানে অতবড় পণ্ডিত অথচ নিরহঙ্কারী দরদী মনের মানুষকে কাছে থেকে দেখেছি এই আমার পরম প্রাপ্তি। তিনি সৈয়দ মুজতবা আলি।

আলি সাহেবের সাথে আমার মিল যেমন, অমিলও তেমনি। অমিল হল ওঁর বংশ গৌরব সেরকম ছিলনা। বাংলাদেশের মোটামুটি গরীব ফ্যামিলি থেকে মেধার জোরে উঠে আসা। বলতেন দেখো, কামকেষ্ট আমি হলাম গিয়ে সৈয়দ বংশ। ওঁদের পরিবারে লেখাপড়ার চর্চা কম ছিল। সৈয়দ ইসরায়েলের পুত্র সৈয়দ মুরাদ তস্য পুত্র সৈয়দ ওয়াজিদ আলি তস্য পুত্র সৈয়দ মুসারফ তস্য পুত্র খানবাহাদুর সৈয়দ সিকান্দার তস্য তৃতীয় পুত্র মুজতবা সাহেব। উল্টোদিকে আমরা পূর্ববঙ্গের জমিদার ফ্যামিলি। ২০ বিঘার পুকুর লোকে ভিড় করে দেখতে আসতো, আচার্য বংশ, বারেন্দ্র ব্রাহ্মণ, পিতা গোমাতা-বজরঙ্গী ​বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। সাতপুরুষ শিক্ষিত। সাহিত্যচর্চা ছিল রক্তে।

আর ওঁকে শান্তিনিকেতনে মুসলিম বলে কিছুটা হলেও অবহেলা সহ্য করতে হয়েছে। রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে বিধর্মী বলে অপমানিত হয়েছেন প্রচ্ছন্নভাবে। জেনে রাখা ভাল, বিশ্বভারতীর প্রথম মুসলিম ছাত্র উনি নন। পূর্ব আফ্রিকার জাফর আলি। তবে আর্যজীবনের আদর্শে পরিচালিত ব্রহ্মচর্য আশ্রমে সিতু মিঞার এণ্ট্রি বড় কঠিন ছিল। আমি কিন্তু কটকের ইউনানি কলেজে (Alternative Medicine) এসব ফেস করিনি। হয়ত আমার পার্সোনালিটির কারণেই বুঝি বা।

আর যদি ওনার সাথে আমার মিলের কথায় আসি সেও বড় কম নেই, গাত্রবর্ণ একপ্রকার, আমারও ওনার মত একগাদা ভাষায় দখল। বাঙলা, সংস্কৃত হিন্দি ছাড়া উড়িষ্যায় লেখাপড়ার দরুন উড়িয়াটা দারুন বলি। তেলেগু শিখেছিলাম। আর ইংরেজিটা মুজতবা আলির মত না হলেও পারি..

যাক সে কথা। আজ গুরুজীর সাথে আলাপের ঘটনাটা লেখার মওকা এসেছে যখন, তখন গোড়া থেকেই ধরা যাক। স্বাধীনতার পর মৌলানা আবুল কালাম আজাদ সেক্রেটারি খুঁজছিলেন। আলি সাহেবকে ডেকে পাঠিয়ে জানতে চান ভাষা কি কি জানো? উনি উর্দু, ফারসি আর সংস্কৃত জানতেন, ফ্রেঞ্চ, গ্রীক আর জার্মান ভাষাতে সুপণ্ডিত। ফলতঃ সার্ভিসে বহাল। বহু দেশ ঘুরলেন। দেশে বিদেশে’র মত ভ্রমণ সাহিত্য আর আজকাল রচনা হয় কই? বলতে গেলে ভাষার জন্যই গুরুর সাথে আমার আলাপ।

আলি সায়েব কটকে এলেন অল ইণ্ডিয়া রেডিওর ডিরেক্টর হয়ে। আমি তখন সদ্য কিশোর। কলেজে ঢুকব আর কি। পড়ার পাশাপাশি চাকরির ধান্দাও করছি। ওঁর প্রথম নভেল ‘অবিশ্বাস্য’ কটক থাকাকালীন বের হল। সে মনে হয় ১৯৫৫ সাল। পড়ে ফিদা হয়ে গেছিলাম। তখন তো আর অত ছবি টবি ছাপা হতনা, গুগল ফুগুল ভবিষ্যতের গর্ভে, আলিও বিখ্যাত হননি। প্রচুর পড়াশোনা করতাম লাইব্রেরিতে। তাই ভদ্রলোকের লেখা পড়ার সুযোগ হয়েছিল। সেসময় শান্তিনিকেতনের ছাত্র নব চৌধুরী আবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী। যাহোক আলি সায়েবকে অপদস্থ করার জন্যই কটক পাঠানো হয়। উনি প্রচুর ​ভাষা জানলেও উড়িয়া পারতেন না। অথচ চ্যালেঞ্জ নিয়ে সাতদিনে শিখে ফেললেন ভাষাটা!

কি করে শিখলেন সেইটেই হল আদত গল্প।

আপনারা হয়ত সুদিরভাই কেমিক্যালসের নাম শুনেছেন। মুজতবা আলি উড়িষ্যায় আসার কয়েক বছর পরে আমি ওই কোম্পানীর বেচুবাবু হিসাবে যোগ দিয়েছি। সারাদিন কাজের পরে বক্সিবাজারে যেতাম আড্ডা মারতে। অল ইণ্ডিয়া রেডিও অফিসের উল্টোদিকে চপের দোকানে বসে আছি কৃপা বিড়ি নিয়ে। কৃপা বসুমহাপাত্রের বিড়ি কটক তো বটেই উড়িষ্যা ফেমাস। এখন চলে কিনা জানিনা। চপ শেষ হল, চাও খেলাম, ট্যাঁক থেকে একখানা কৃপাবিড়ি বার করেছি, দেশলাই ধরাতে যাব সহসা একজন বেঁটে খাটো, মাথায় টাক অথচ সুন্দর দেখতে ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। এমনতরো ব্যক্তিত্ব যে না চিনেও বিড়ি লুকিয়ে ফেললাম। উনি জলদগম্ভীর স্বরে শুধোলেন, বাঙালি?

ঈষৎ ঘাবড়ে গিয়ে বললাম হ্যাঁ সার। কিকরে বুঝলেন?

—বাঙালিরাই এখানে কৃপা বিড়ি খায়। অনেক্ষন ধরে তোমায় অবজার্ভ করছি ভায়া।

আমি মুগ্ধ হয়ে গেলাম। আক্ষরিক অর্থেই ‘স্বন্দরে বোধোজ্ঞানং ভবতাম্মাদিতি, যুদ্ধান মূঢ়ান বোধয়তীতি বা মুগ্ধবোধম্‌’

কি দৃষ্টি! কি গভীর পর্যবেক্ষণ শক্তি। তারিফ না করে পারা যায়না। নামটা যখন বললেন চমকে উঠি! ইনিই কি সেই বহুমুখী প্রতিভাধর মুজতবা আলি? উর্দু শাসকের চোখে চোখ রেখে যিনি পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার হয়ে সওয়াল করেন? যার সংস্কৃত মন্ত্রপাঠে স্তম্ভিত হয় বিশ্ব চরাচর? সর্বধর্ম মিলন আর অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক সৈয়দ মুজতবা আলি?

যুগ যুগ ধরে মানুষ গুরু খুঁজে চলে, পায়না। আমি পেয়েছি আমার প্রার্থিত প্রানের দেবতাকে। আমার সামনে দাঁড়িয়ে আছেন রসসম্রাট, বাংলা সাহিত্যের কালপুরুষ। যেন জ্যোতি বেরুচ্ছে মাথার চারপাশ দিয়ে যাকে বলে অরা। ধর্ম, বংশ, বারিন্দির কৌলিন্যচেতনা ভুলে প্রনাম করতে গেলাম। বুকে জড়িয়ে ধরলেন মুজতবা। জিজ্ঞেস করলেন তুমি আমায় উড়িয়া শেখাবে?

ব্যাস, তারপর শুরু হয়ে গেল শিক্ষা। ছুটির দিনগুলোতে ডেকে ​নিতেন নিজের আবাসে। তারপর ঘণ্টার পর ঘণ্টা উড়িয়া পাঠ।

 এ যেন নতুন মহাভারত, একলব্য শিক্ষা দিচ্ছেন দ্রোণাচার্যকে। নব কুরুক্ষেত্রের লড়াই কর্তৃপক্ষের সাথে। কি অধ্যাবসায় আর জেদ প্রত্যক্ষ করেছিলাম মুজতবা আলির মধ্যে তা জন্ম জন্মান্তরেও ভুলিব না। ভুলতে চাই না।

আমি সাতদিনে প্রস্তুত করলাম তাকে। নিদারুণ রসবোধ, আভিজাত্যের অধিকারী মানুষটার সখ বলতে ছিল অ্যালসেশিয়ান কুকুর আর দামী মদ।

সেই সংগ্রহ থেকে পারিশ্রমিক হিসেবে উনি দিয়েছিলেন একটি চার্লস হাইডসিক শ্যাম্পেনের বোতল। জার্মানি থেকে এনেছিলেন। বলেছিলেন বহু দেশ ঘুরেছি, কিন্তু জীবনের সেরা সময়টা তোমাদের কটকেই কাটিয়ে গেলাম হে।

সে এক অভিজ্ঞতা মাইরি, অমন মানুষের সান্নিধ্য পেয়েছি। গুরু বলতেন জীবনে রসের যেন কমতি না হয়। আজো মেনে চলি গুরুবাক্য। তাঁর আশীর্বাদে নয় নয় করে নয়খানা বই এর লেখক আমি আজ। কুৎসা, নীচতা, নোংরামি কোনো কিছুই দমাতে পারেনা আমাকে।

সেদিন পর্যন্ত জার্মান শ্যাম্পেনের বোতলটা ছিল। ডিমনিটাইজেশনের সময় প্রচণ্ড অর্থকষ্ট পেয়েছি। বাধ্য হয়ে বেচে দিয়েছিলাম ঐতিহাসিক জিনিসটা। দারু সংগ্রাহক জাহাজী তুষারের কাছে। ব্যাটার সাথে চুক্তি ছিল এই অ্যাণ্টিক মাল হাতছাড়া করব তখনই যখন পাব কুড়ি টাকার বাণ্ডিলে ১০ হাজারের তাড়া।