বিষয়বস্তুতে চলুন

টল্‌স্টয়ের গল্প/কৃষক

​

কৃষক

 ইলিয়াস্ নামে একজন কৃষক ছিল। বিবাহ হইবার কয়েক বৎসর পরেই তার পিতার মৃত্যু হইল। পিতা টাকা-পয়সা বেশী কিছুই দিয়া যাইতে পারিল না। ইলিয়াসের সম্পত্তির মধ্যে তখন কেবল সাতটা ঘোড়া, দুইটি গরু আর প্রায় এককুড়ি ভেড়া। সব কাজই সে খুব ভাল করিয়া করিতে পারিত, কাজেই খুব অল্পদিনের মধ্যেই সে ভেড়া, গরু আরও কিছু কিনিল। তার স্ত্রী আর সে সকলের শেষে ঘুমাইত, কিন্তু সকলের আগে উঠিত, আর ভোর হইতে রাত্রি পর্য্যন্ত অবিশ্রান্ত পরিশ্রম করিত। কাজে কাজেই প্রত্যেক বৎসরই তার আয় বাড়িতে লাগিল।

 ক্রমে ক্রমে তার প্রচুর সম্পত্তি হইল। দেশের সর্ব্বত্রই খুব ধনী লোক বলিয়া সে পরিচিত হইল। পঁয়ত্রিশ বৎসর পরে তার দুইশত ঘোড়া, দেড়শত গরু ও বারশত ভেড়া হইল। ঘোড়া প্রভৃতি চরাইবার নিমিত্ত সে লোক নিযুক্ত করিল। গোয়ালার মেয়েরা আসিয়া গরু ও ঘুড়ীগুলির দুধ দুইত। মাখন, পনির ত প্রস্তুত হইতই আর ঘুড়ীর দুধ দিয়া কিউমিস্ তৈয়ারী করিত। ইলিয়াসের কোনও জিনিষেরই অভাব রহিল না; সেখানকার সকলেরই একটু হিংসা হইল। তারা ভাবিত, ‘ইলিয়াস্ খুব ভাগ্যবন্ত, ওর সকলই প্রচুর পরিমাণ আছে। এই সংসারটা ওর কাছে ভারি সুখের।’

 অনেক সম্ভ্রান্ত লোকও তার সঙ্গে পরিচিত হইতে আসিত। ​বহু দূরদেশ হইতেও অনেক লোক আসিত। ইলিয়াস্ সকলকেই খুব খাতির-যত্ন করিত, তাদের খুব ভাল ভাল খাবার দিত। যেই আসুক না কেন, ভেড়ার মাংস, সরবৎ, চা, আর কিউমিস্ সব সময়েই প্রস্তুত থাকিত। লোকজন আসিলে দুই-একটা ভেড়া কাটা হইত, আর বেশী লোক হইলে এমন কি ঘুড়ী পর্য্যন্ত মারা হইত।

 ইলিয়াসের দুই ছেলে ও একটি মেয়ে; তাদের সকলেরই বিবাহ হইয়াছে। ইলিয়াস যখন গরীব ছিল তখন ছেলেরা তার সঙ্গে কাজ করিত—গরু, ঘোড়া ও ভেড়া নিজেরাই চরাইত; কিন্তু যখন তার অবস্থা ফিরিল ছেলেরাও বিগড়াইয়া গেল—এমন কি এক ছেলে মদ খাইতে আরম্ভ করিল। বড় ছেলে ঝগড়া করিয়া, মারামারি করিতে গিয়া খুন হইল। ছোট ছেলের স্ত্রী ছিল খুব একগুঁয়ে; সে শ্বশুরের কোন কথাই শুনিত না। ক্রমে ক্রমে এমন হইতে লাগিল যে, আর একত্র বাস করা তাদের পক্ষে অসম্ভব হইয়া উঠিল।

 তাহারা পৃথক্ হইল। ইলিয়াস্ ছেলেকে একটা বাড়ী ও কতকগুলি গরু, ও ভেড়া দিল। কাজেই ইলিয়াসের আয়ও অনেকটা কমিয়া গেল। অল্পকাল পরেই আবার মেষপালের ভিতরে সংক্রামক রোগ দেখা দিল, পালে পালে মেষ মরিতে লাগিল। সে বৎসর মাঠে শস্যও হইল না, ভাল ফসল জন্মাইল না। শীতকালে অনেক গরু এবং ঘোড়াও মারা গেল। তার পরে দেশের জমিদার তার একপাল ঘোড়া আটক করিল; সুতরাং ইলিয়াসের সম্পত্তি আগের চেয়ে অনেক কমিয়া গেল। তার আর্থিক অবস্থা ক্রমশঃ খারাপ হইতে লাগিল। তার বয়স তখন সত্তর বৎসর। দেহের বলও দিন দিন ক্ষীণ হইতে আরম্ভ হইল। ব্যয় না কমিয়া আয় কম হওয়ায় শেষে তাকে ঘরের জিনিষ পত্র পর্য্যন্ত বিক্রয় করিতে হইল। ​অবশেষে যে কয়টি গরু ও ঘোড়া ছিল, তাও সে বেচিয়া ফেলিল—কিছুই আর রহিল না। চারিদিকে অভাব, কেবল অভাব। সে নিজে খুব বৃদ্ধ হইয়াছে। আর তার স্ত্রী লুসীও তখন বৃদ্ধা। এই বয়সে তাদের চাকুরীর চেষ্টায় বাহির হইতে হইল। তাদের ছেলে তখন বাড়ী ছিল না, সেও অনেক দূরদেশে চলিয়া গিয়াছে। মেয়েটিও বহু পূর্ব্বে মারা গিয়াছে। বৃদ্ধ ও বৃদ্ধাকে সাহায্য করিবার আর কেহই ছিল না।

 মহম্মদ সা তাদের প্রতিবেশী। ইলিয়াসের উপর তার খুব দয়া হইল। মহম্মদের আর্থিক অবস্থা খুব ভাল নয়, মন্দও নয়। বেশ সুখ-স্বচ্ছন্দেই সে ছিল, লোকও খুব ভাল। সে ইলিয়াস্‌কে বলিল—

 “ইলিয়াস্‌, তুমি এসো, তোমার স্ত্রী আর তুমি আমার বাড়ীতেই থাক্‌বে। গরমী কালে যতটুকুন্‌ পার আমার তর্‌মুজের ক্ষেতে কাজ কর্‌বে, আর শীতকালে গরু-ভেড়াগুলো চরাবে। তোমার স্ত্রী ঘুড়ীগুলোর দুধ দুইবে আর কিউমিস্ তৈরী কর্‌বে। তোমরা দু’জনেই আমার এখানে থাক্‌বে, খাবে। কাপড়-চোপড় যা লাগে আমি দেবো। যদি আরও কিছু কখনও দরকার হয়, আমাকে বল্‌বে, আমিই তোমাদের দেবো।”

 ইলিয়াস্ তাকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মহম্মদ সা’র কাজ করিতে লাগিল। প্রথম প্রথম তাদের খুব কষ্ট হইত বটে, কিন্তু শেষে অভ্যাস হইয়া গেল। যতদূর পারিত তারা কাজ করিত।

 মহম্মদ সা দেখিল যে, এরকম লোক রাখায় খুব লাভ। তারা একদিন অনেক লোক রাখিয়া খাটাইয়াছে, কাজেই কি রকমে ভাল করিয়া কাজ করিতে হয় তারা জানিত। কখনও তারা ফাঁকি দিত ​না। একদিন তারা খুব বড়লোক ছিল, আর আজ এত খাটো হইয়া রহিয়াছে দেখিয়া মাঝে মাঝে মহম্মদ সা’রও মনে ঘা লাগিত।

 একদিন অনেক দূরদেশ হইতে মহম্মদ সা’র কয়েকজন আত্মীয় আসিল। তাদের সঙ্গে একজন মোল্লাও আসিয়াছিলেন। ইলিয়াস্ তাদের ভেড়ার মাংস রাঁধিয়া দিল। অতিথি সকলেই তা খাইল, তারপরে চা খাইয়া পিয়ালাতে করিয়া কিউমিস্ খাইতে লাগিল। খাইতে খাইতে সকলেই নানা কথাবার্ত্তা বলিতে লাগিল; এমন সময় ইলিয়াস্ সে ঘরের কাজ শেষ করিয়া বাহির হইয়া গেল। তাকে যাইতে দেখিয়া মহম্মদ সা একজন অতিথিকে বলিল—“এই মাত্র যে বুড়ো লোকটি চ’লে গেল তাকে লক্ষ্য করলে কি?”

 অতিথি কহিল—“হ্যাঁ; কেন বলত?”

 মহম্মদ সা বলিল—“একদিন সে আমাদের সকলের চেয়ে বড়লোক ছিল। ওর নাম ইলিয়াস্, তুমি হয়ত ওর নাম শুনে থাক্‌বে।”

 —“হ্যাঁ, নিশ্চয়ই ওর নাম শুনেছি। আমি পূর্ব্বে কখনও একে দেখে নি। এর নাম ত চারদিকে খুব ছড়িয়ে পড়েছিল।”

 মহম্মদ সা বলিল—“এখন ওর আর কিছুই নেই। আমার চাকর হ’য়ে এখানে রয়েছে। ওর বুড়ো স্ত্রীও এখানে; সে দুধ দুয়ে দেয়।”

 সেই অতিথি ভদ্রলোকটি আশ্চর্য্য হইল; জিভ কাটিয়া ও মাথা নাড়িয়া বলিল—“সুখ-দুঃখ চাকার মত ঘোরে। কাউকে বা ওপরে তোলে, আবার কাউকে নীচে নামিয়ে দেয়। বুড়োর কিছু নেই ব’লে কি খুব দুঃখ কর্‌ছে?”

 —“তা কে জানে। সে আছে খুব শান্তিতে, কাজকর্ম্মও কর্‌ছে খুব ভাল।”

​ অতিথি বলিল—“আমি ওর সঙ্গে কথা কইতে পারি কি? ওর জীবন সম্বন্ধে দুই-একটি কথা জিজ্ঞেস কর্‌তে ইচ্ছে হচ্ছে।”

 মহম্মদ সা বলিল—“কেন পার্‌বে না?” তারপর ভিতর হইতে সে ইলিয়াস্‌কে ডাকিল—“ঠাকুরদা—ও ঠাকুরদা, একবার ভিতরে এসো, আমাদের সঙ্গে এক পেয়ালা কিউমিস্ খাও, আর তোমার স্ত্রীকেও ডেকে নিয়ে এসো।”

 ইলিয়াস্ তার স্ত্রীকে লইয়া ভিতরে আসিল, অতিথি ও তার মনিবকে নমস্কার করিল; তারপর ভগবানের নাম লইয়া দরজার কাছে গিয়া বসিল। তার স্ত্রী সেখান হইতে চলিয়া গেল এবং একটা পরদার আড়ালে তার কর্ত্রীর কাছে গিয়া বসিল।

 এক পেয়ালা কিউমিস্ ইলিয়াস্‌কে দেওয়া হইল। সকলকে ধন্যবাদ দিয়া ও সকলের মঙ্গল প্রার্থনা করিয়া কিছু পান করিয়া সে পেয়ালা রাখিয়া দিল।

 যে ভদ্রলোকটি তার সহিত কথা কহিতে চাহিয়াছিল, সে বলিল “আচ্ছা ঠাকুরদা, আমার মনে হয় যে, আমাদের দেখে তোমার খুব কষ্ট হচ্ছে। নিশ্চয়ই তোমার সেই সুখের দিন আর আজকের দুঃখের দিন মনে পড়্‌ছে, নয়?”

 ইলিয়াস্ আজ একটু হাসিয়া বলিল—“সুখটাই বা কি, আর দুঃখই বা কি, যদি আমি আপনাদের বলি, বোধহয় আপনারা আমায় বিশ্বাস কর্‌বেন না। আপনি বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তার মনে যা মুখেও তা। সে আপনাদের সব কথা বল্‌বে।”

 ভদ্রলোকটি পরদার দিকে ফিরিয়া বলিল—“দিদিমা, বল দেখি, সেই সুখের দিন মনে ক’রে আজ তোমাদের কষ্ট হচ্ছে কি না?”

​ লুসী পরদার আড়াল হইতে বলিতে লাগিল—“আমি এ সম্বন্ধে যা ভেবেছি তা এই—আমার বুড়ো স্বামী আর আমি পঞ্চাশ বছর ধ’রে সুখ খুঁজে বেড়িয়েছি; কিন্তু সুখ কি তা জান্‌তে পারি নি। যেদিন আমাদের টাকা-পয়সা জিনিষ পত্তর সব গেল, এখানে এসে কাজ কর্‌তে লাগ্‌লুম, সেই দিন থেকে এই দু’বছর সুখ কি তা জান্‌তে পেরেছি। যে ভাবে আমরা আছি, তার চেয়ে ভাল ভাবে থাক্‌তে আর আমরা চাই নে।”

 ভদ্রলোকেরা সকলেই আশ্চর্য্য হইল, বাড়ীর কর্ত্তাও অবাক্ হইল; বুড়ো স্ত্রীলোকটির মুখ দেখিবার জন্য সেই পর্‌দা টানিয়া তুলিল! দেখা গেল, সে দুই হাত জোড় করিয়া দাঁড়াইয়া রহিয়াছে, আর ইলিয়াসের দিকে চাহিয়া অল্প অল্প হাসিতেছে; ইলিয়াস্‌ও তার পিছনে হাসিতেছে।

 লুসী আবার বলিতে লাগিল—“আমি সত্যি কথাই বল্‌ছি; ঠাট্টা ক’রে কোন কথা আমি বলিনে! পঞ্চাশ বছর সুখ খুঁজেছি, কিন্তু যতদিন টাকা-পয়সা যথেষ্ট ছিল, ততদিন পাই নি। আজ হাত শূন্য, দুবেলা খেটে খাচ্ছি; এর চেয়ে সুখ কখনও চাই নে।” সেই ভদ্রলোকটি জিজ্ঞাসা করিল—“সুখ কিসে?”

 “কিসে? এতেই সুখ। যখন আমরা খুব বড়লোক ছিলুম এত বিষয় ভাব্‌তে হত যে, আমাদের কথা কইবার সময় হ’ত না; ভগবানের নাম নেওয়ার পর্য্যন্ত সময় হয়ে উঠ্‌ত না। তখন আমাদের বাড়ীতে অনেক লোকজন আস্‌ত, তাদের কি রকম খাবার দিতে হবে, কি রকম জিনিষ-পত্তর দিতে হবে, তা ভাব্‌তে হ’ত। ভয় হ’ত তারা আমাদের পাছে নিন্দে করে। যখন তারা চ’লে যেত, আমাদের কুলী-মজুরদের দেখ্‌তে হ’ত। তারা ফাঁকি দিতে ​চেষ্টা কর্‌ত, আর ভাল ভাল খাবারের চেষ্টায় থাক্‌ত। আমরাও তাদের কাছ থেকে বেশী বেশী কাজ আদায় কর্‌তে চেষ্টা করতুম―কাজেই আমরা পাপ কর্‌তুম। কেবল এই নয়—আমাদের ভয় হ’ত পাছে বাঘ এসে গরু-ভেড়া মেরে ফেলে, কিংবা ঘোড়া চুরি হয়। সমস্ত রাত্তির আমাদের ভাল ঘুম হ’ত না। মাঝে মাঝে উঠে দেখ্‌তুম সব ঠিকঠাক আছে কিনা! একটা গুছিয়ে রেখে এলুম, আবার আর একটায় গোল বেধে গেল। এগুলোর আবার খোরাকীর চিন্তা করতে হ’ত। তা ছাড়া আমাদের স্বামী-স্ত্রীতে প্রায়ই ঝগড়া হ’ত। সে বল্‌ত, ‘আমি এটা কর্‌ব’, আমি বল্‌তুম ‘না’। এতেও আমাদের পাপ হ’ত। এই রকম একটা গোলযোগের পর আর একটা গোলযোগ, পাপের পর পাপ ক’রে ক’রে সুখ কি তা আর জান্‌তে পারি নি।”

 —“আচ্ছা, এখন?”

 —“এখন আমার স্বামী আর আমি খুব ভোরে উঠি, কত সোহাগের কথা কই, কিছুর জন্যে ঝগড়াও কর্‌তে হয় না, কাজেই বেশ শান্তিতে দিন কাটাচ্ছি। মনিবের কাজগুলো ভাল ক’রে করা ছাড়া আমাদের আর কোনও ভাবনা নেই। যতটা আমাদের শক্তিতে কুলোয় ততটাই কাজ করি, আর লক্ষ্য রাখি যেন আমাদের দ্বারা তার লোকসান না হ’য়ে লাভই হয়। এখন খাওয়ার জন্যে আমি খাবারটা তৈরীই পাই, কিউমিস্ও খেতে পাই। ঠাণ্ডার সময়ে আগুন পোয়াতে পাই, গরম পোষাকও আছে। কথা কইবার ঢের সময় এখন রয়েছে; আর পরকালের চিন্তা কর্‌তে পারি, ভগবানের নামও নিতে পার্‌ছি। পঞ্চাশ বছর সুখ খুঁজে খুঁজে এই শেষ-জীবনেই সুখ পেলুম।”

​ উপস্থিত ভদ্রলোক হাসিল।

 ইলিয়াস্ বলিল—“হাসবেন না, বন্ধুগণ! এটা হেসে উড়িয়ে দেবার ব্যাপার নয়; এটা জীবনের একটা মহাসত্য। প্রথমে আমরা বুঝ্‌তে পারি নি, সব হারিয়েছিলুম বলে কেঁদেছি; কিন্তু ভগবান আমাদের এখন সত্যের আলোক দেখিয়েছেন! কেবল নিজেদের সান্ত্বনার জন্যই আমরা এটা বল্‌ছিনে, আপনাদের মঙ্গলের জন্যই বল্‌ছি।”

 মোল্লা বলিলেন—“কথাগুলো খুবই জ্ঞানপূর্ণ। ইলিয়াস্ খাঁটি সত্যি কথাই ব’লেছে। ধর্ম্মশাস্ত্রেও ঠিক এই কথাই লেখা আছে।”

 তারা সকলেই হাসি বন্ধ করিয়া ভাবিতে লাগিল।