দুর্নীতির পথে/জনন ও অন্তর্জনন/উপসংহার
৯। উপসংহার
ক্ষেত্রে ছড়ান বীজের ভিতর অনুর্ব্বর অংশে পতিত বীজগুলি যেরূপ নষ্ট হইয়া যায়, সেইরূপ এই প্রবন্ধ এমন কাহারও কাহারও হাতে পড়িবে যাহারা ইহাকে অবজ্ঞা করিবে, অথবা অযোগ্যতা বা ডাহা অলসতার জন্য ইহা বুঝিবে না। যাহারা এই সব মত প্রথম প্রথম শুনিবে তাহাদের কেহ কেহ বিরুদ্ধভাবাপন্ন এবং ক্রুদ্ধ হইবে; কিন্তু কাহারও কাহারও নিকট ইহা সত্য ও উপযোগী মনে হইবে—ইহাদের অন্তরেও সন্দেহ থাকিবে। এই শ্রেণীর সর্ব্বাপেক্ষা সাদা-সিধা লোকে বলিয়া উঠিবে:— “আপনার যুক্তি অনুসারে ইন্দ্রিয়সেবা করা ঠিক নহে; তবে তো পৃথিবী জনশূন্য হইয়া যাইবে—ইহা অসম্ভব! অতএব আপনার যুক্তিতে গলদ আছে।” আমার জবাব এই, আমি এমন কোনো ঔষধের ব্যবস্থা করিতেছি না, যাহাতে সৃষ্টি লয় হইবে। সন্তান-নিয়ন্ত্রণই সন্তানজন্ম বন্ধ করার সর্ব্বাপেক্ষা প্রবল পন্থা। ব্রহ্মচর্য্য পালনের চেষ্টা দ্বারা পৃথিবী যত শীঘ্র জনশূন্য হইবে আশঙ্কা করা যাইতেছে, সন্ততিনিয়ন্ত্রণ দ্বারা তাহা অপেক্ষা শীঘ্র জনশূন্য হইবে। আমার উদ্দেশ্য সরল; অজ্ঞান ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে কয়েকটি দার্শনিক ও বৈজ্ঞানিক সত্য উপস্থিত করিয়া, এ যুগের স্ত্রী-পুরুষের সম্বন্ধ যাহাতে পবিত্র হয়, আমি তাহার সহায়তা করিতে ইচ্ছা করি।