দুর্য্যোধন বধ কাব্য/দ্বিতীয় সর্গ
দ্বিতীয় সর্গ।
পুত্র শোকে শোকাকুল অন্ধ নরপতি,
বিহ্বলের প্রায় বসি আপন প্রাসাদে,
শুনিছে সঞ্জয় মুখে রণের বারতা।
অদূরে গান্ধারী সতী, ম্রিয়মাণ ভাবে,
ফেলিছে নয়ননীর এক পার্শ্বে বসি,
অবিরল অশ্রুজল গণ্ডস্থল বহি
ভাসাইছে বক্ষদেশ, তথা হতে পুন
পড়িছে ভুতলে, ধরাতল সিক্ত করি
আহা, অশ্রুনীরে। হায়! সেবদন হতে
নামুছায় অশ্রুজল দেখি কেহ এবে।
সঞ্জয়ের বাক্য যত বহুক্ষণ শুনি,
উত্তর করিল তারে রাজা ধৃতরাষ্ট্র,
আকুল হইয়া হায়, দারুণ শোকেতে;—
“বিধাতার লিপি যাহা কে পারে খণ্ডিতে।
সঞ্জয়, সুধীর তুমি বৃথা দোষ মোরে।
দুর্য্যোধন হতে বুঝি নির্ম্মূল হইল
কুরুকুল, বল মোরে, কেমনে সম্বরি
এদারুণ দুর্ভাবনা, আচ্ছন্ন করিছে
যাহা প্রতিক্ষণে ক্ষণে চৈতন্য আমার;
হৃদয় আকাশ যেন গাঢ়তর তম
আবরিছে সদা। হায়! অন্ধকার চারি
দিক, কি করি উপায়। সর্ব্বথা আমিও
দোষী? দুর্য্যোধন কভু একা দোষী নহে।
তোমার উচিত উক্তি এই কি সঞ্জয়?
বৃথা নিন্দ মোরে। অন্ধ আমি, আমার কি
সাধ্য বল? সাহায্য অন্যের বিনা গতি
শক্তি হীন। পাণ্ডবের শত্রু আমি, কভু
কি সম্ভবে? একি ভ্রম দেখি তব আজি।
জান না কি হে সঞ্জয়, পাণ্ডব কৌরব,
তুল্য উভয়েই তারা, মম চিরদিন।
কি বলিলে হে সঞ্জয় অন্যেরে কহিব
এ সকল কথা, কভু না কহিব ইহা
তোমার সকাসে। বল দেখি তবে, ভেদ
জ্ঞান মম কিসে দেখিয়াছ, কোন সূত্রে,
কৌরবে পাণ্ডবে? কেন বৃথা দোষ মোরে
অনুচিত হেন বাক্য সতত তোমার”
নিরবিল ধৃতরাষ্ট্র এতেক কহিয়া।
কহিল সঞ্জয় তবে সুগম্ভীর স্বরে,
হৃদয় আবেগ নাহি সম্বরিতে পারি,—
“অপরাধ ক্ষমা কর, কুরুনাথ, কিন্তু
নাহি কিহে মনে পূর্ব্ব কথা কিছু? নাহি
কিহে মনে যতুগৃহ দাহ কথা, যাহা
স্মরিলে বিদীর্ণ হয় পাষাণ হৃদয়।
হায়, যবে সুখে উপবিষ্ট তব পুত্র
রাজসিংহাসনে, ব্যাপি চতুর্দ্দশ বর্ষ
কাল, ভিখারির বেশে ভ্রমি পাণ্ডু পুত্র-
গণ গভীর অরণ্যে, দুর্গম প্রান্তরে,
কাটাইল কাল অতি নিদারুণ ক্লেশে;
প্রভেদ দুয়ের মধ্যে আপনি বুঝহ
কুরুনাথ, কি বলিব আমি।” দীর্ঘশ্বাস
ফেলি উত্তরিল বৃদ্ধ কুরুকুল পতি,
মুখশ্রী বিবর্ণ তার গুরুতর ক্ষোভে;—
“হায়বে সময় সবে তোমার কিঙ্কর।
তুমি যবে কারুপ্রতি হও হে সদয়,
অযশ নাহিক কভু তাহার সম্ভবে;
তুমি নিরদয় যবে, অযশ অদৃষ্টে
তার ঘটেছে তখনি। অপবাদ অপ-
মান সকলি তোমার কার্য্য; দিবানিশি
চক্রবৎ ঘুরি, কভু ঊর্দ্ধ্বে তুলিতেছ
কারে; যশের সৌরভ ছুটিছে তখনি
তার। ক্ষণ কাল পরে আবর্ত্তন বেগে
নামাইছ তারে। আহা! আশ্চর্য্য তোমার
কার্য্য, বিরূপ সকলে তখনি তাহার
প্রতি; দোষ প্রতি পদে, নিন্দা প্রতি কার্য্যে,
অযশ সতত তার ঘোষষে সকলে,
অপবাদ অপযশ সকল (ই) তাহার
ভাগ্যে ঘটিবে তখনি। জগতের এই
রূপ গতি, হে সঞ্জয়, সকল (ই) বিদিত
আছি। হে বিধাতঃ, কত নিদারূণ ক্লেশ
লিখিয়াছ মম ভাগ্যে, আর কত সব।”
এতেক শুনিয়া তবে শোক রূদ্ধ স্বরে
কহিলা গান্ধারি রাণী ব্যাকুলিতা হয়ে,—
“না নিন্দ ধাতায় কভু, মহারাজ; বৃথা
নিন্দ তারে, আত্মকৃত অপরাধ হেতু।
ধরিয়া চরণে তব কত যে কেঁদেছি,
হায়, কত শত বার নিষেধ করেছি,
না করিতে যুধিষ্ঠিরে দ্যুত ক্রিয়া রত।
না রাখিলে, মহারাজ! কভু মম বাক্য,
বিফল হইল মম যত অনুনয়।
প্রলোভনাজাল যত বিস্তার করিয়া,
মজাইলে হায়, নাথ, সেই যুধিষ্ঠিরে।
ধার্ম্মিক ধর্ম্মেতে রত সুধীর সুজন
না বুঝিল মায়াময় চাতুরী তোমার,
প্রতারণা পদে পদে, নানা ছল কবি,
পুনঃ পুনঃ দ্যূত মদে মাতাইয়া তায়,
হরিলে সর্ব্বস্ব তার, তাড়াইলে দূরে।
আহা! কি ধার্ম্মিকবর সেই যুধিষ্ঠির:—
ধর্ম্মের কারণে যেই, সত্যের পালনে,
চলি গেল, হায়, বৎস গভীর অরণ্যে
প্রতিজ্ঞা রক্ষার তরে; রাজ্য, ধন, পরি
জন, সব তেয়াগিয়ে,—সঙ্গে লয়ে ভ্রাতৃ-
গণ, লক্ষ্মণ সমান যারা আজ্ঞাধীন
সদা। আর লয়ে সঙ্গে সীতা সমা সতী,
পবিত্রা রমণি সেই দ্রৌপদী সুন্দরী।
আহা, যার অপমান স্মরিলে এখন (ও),
বিদীর্ণ হইয়া যায় এ মম হৃদয়।
মহারাজ। রোপিয়াছ মহাপাপ বৃক্ষ,
দিনে দিনে বাড়ায়েছ তাহা পাপরূপ
বারি দানে; ফলোন্মুখ এবে সেই বৃক্ষ;
মহারাজ, কে ভুঞ্জিবে বল, সেই সব
পাপ ফল, তুমি নহে যদি? হায়, নাথ!
বৃথা অনুতাপ তবে কি কারণে কর।”
নিরুত্তর কুরুপতি শুনিয়া গান্ধারী
কথা। বিবর্ণ বদন তাঁর, ম্লান মুখ-
কান্তি; নিদারুণ অনুতাপ, শোক, ক্ষোভ,
যুগপৎ আচ্ছাদিল হৃদয় তাঁহার,—
বিষম বেদনা যেন স্পর্শিল তখনি
হৃদয়ের অন্তস্তলে; ক্ষণেক নীরব
থাকি, দীর্ঘশ্বাস ফেলি, কহিতে লাগিল;—
“যে অসহ্য পুত্রশোক গান্ধারি সুন্দরী,
পশিয়াছে হৃদয়ের মর্ম্মভেদ করি,
না পারি সহিতে আর যাতনা তাহার।”
নিরবিল কুরুপতি এতেক কহিয়া।
তিতিল নয়ননীর দ্বিগুণ প্রবাহে,
ভাসাইল বক্ষদেশ; কাঁদিয়া উঠিল
মুক্তস্বরে অভাগিনী মাতা, শোকবেগ
অধীর করিল তারে; হায়, পুত্রশোক,
কত যে দারুণ জ্বালা হয় জননীর,
জানিবে কেমনে তাহা বল অন্য জনে?
সেই মাত্র জানে, যেই জন ভুগিয়াছে
বিধি বিড়ম্বনে, আর জানেন অন্তর-
যামি সেই জন যিনি। সকরুণ স্বরে-
কহিলা গান্ধারী;—“হায় মহারাজ
নহেক অসহ্য তব তনয়ের শোক।
জানিতে হে যদি তুমি, কভু, মহারাজ,
দশমাস দশদিন ধরিতে উদরে,
কত যে দারুণ ব্যথা হয় জননীর;
পালিতে একটি সুতে, কত নিদারুণ
ক্লেশ পায় অভাগিনী মাতা, কত দুঃখ
নিরবধি সহে; হায়, ইহা যদি কিছু
মাত্র ভাবিতে হৃদয়ে, অনুভব শক্তি-
বলে তব, তাহলে কি কভু, নাথ, এই
ভীষণ সমর কার্য্যে পাঠাইতে নিজ
পুত্রগণে। ক্ষমা কর, নাথ, অপরাধ
এ দাসীর। কিন্তু, হায়, কহিব কাহারে,
এই যে বিষম দুঃখ সদা হয় মনে,
তব পাপে হল হত যত পুত্র মম।
তাহাদের সবাকার বিনাশ কারণ
তুমিই আপনি। তবে কেন নরনাথ,
বৃথা দোষ দাও অন্য জনে?” নিরবিলা
বাণী এতেক কহিয়া, শোকের প্রবাহ
চাপিল তাহার কণ্ঠ উছলিয়া উঠি।
উত্তরিল কুরুপতি পুনঃ শ্বাস ফেলি:—
“বৃথা নিন্দ কেন মোরে বল না সুন্দরী।
অসম্ভব এযে কথা। নিধন হইল
পুত্রগণ মম আমা হতে? শত ধিক
মোরে; মরণ নাহিক মম, তেঁই সহি
এ দারুণ জ্বালা। হায়, কভু কি সম্ভবে
পিতায় কামনা করে পুত্রের নিধন।
নিতান্ত দুর্ভাগ্য মম, নহিলে কেনবা,
এ বৃদ্ধ বয়সে পেয়ে এ দারূণ শোক,
এখন (ও) জীবন মম বহিল এ দেহে।”
নিরবিল কুক্নপতি এতেক কহিয়া।
কাঁদিতে কাঁদিতে পুন কহিলা গান্ধারী;—
আজ কেন, মহারাজ, বহু দিন আগে
কালের করাল মুখে পাঠাইলে তব
প্রিয় পুত্রগণে; সেই ক্ষণে, হায়, যবে
প্রবৃত্তি অধর্ম্ম কার্য্যে দিয়া বিধিমতে,
পাপের পঙ্কিল পথে পাঠাইলা সবে।
পিতার উচিত কার্য্য কভু কিহে ইহা?
কি বলিব নাথ, সকল (ই) অদৃষ্ট মম।”
নিরবিলা ক্ষোভে রাণী এতেক কহিয়া।
উত্তরিল তবে পুন বৃদ্ধ কুরুপতি;—
“হায় মন্দ ভাগ্য আমি! পুত্রগণ মম,
আপনি অধর্ম্মপথে চলিল তাহারা।
নিমিত্তের মাত্র আমি, বৃথা দোষ মোরে।
বিধাতার লিপি বল কে পারে খণ্ডিতে।
সকলি অদৃষ্টাধীন জানিবে সংসারে।
নিয়তির খেলা সব; সংসাবে কেবল
নিয়তিই মূলমন্ত্র, আর কিছু নাই;
সেই সে নিয়তি ফলে এ বিপুল কুল
লুপ্তপ্রায় আজি। নিয়তির কার্য্য, বল,
কার সাধ্য রোধে। আর(ও) বলি শুন, সেই
কুটিল কুচক্রী কৃষ্ণ সতত বিরূপ
মম পক্ষে; নিরুপায় এ ঘোর সঙ্কটে।”
মৃদুস্বরে উত্তরিলা গান্ধারী সুন্দরী,
বৃথা নিন্দ নিয়তিরে, নাথ, বৃথা নিন্দ-
কৃষ্ণে: কৃষ্ণনিন্দা কভু সহ্য নাহি হয়।
চরণে ধরিয়া নাথ, এ মিনতি করি
কৃষ্ণনিন্দা কভু, নাথ, করোনা করোনা।
সংসারের মূল মন্ত্র, তিনিই শ্রীকৃষ্ণ;
তাঁর নিন্দা কভু, নাথ, সাজে কি তোমারে?
স্বকর্ম্মজনিত ফলে লোক কষ্ট পায়;
বৃথা নিন্দে কৃষ্ণে: ভ্রম নিতান্ত তাদের;
কর্মক্ষেত্র এ সংসার: আপন আযন্তা-
ধীন কর্ম্ম মানবের। ইচ্ছামত কর্ম্ম
করি, সদা ক্লেশ পায়। ভুলিয়া তাহারা
ধর্ম্মের সতত জয়, ভাবেনা অন্তরে।
যেবা ধর্ম্ম সেই কৃষ্ণ; কৃষ্ণ ত্যজি লোক
ইচ্ছামত পথে চলি, আচরি অধর্ম্ম,
পরিশেষে ফলভোগ-কাল উপনীত
হলে, নিয়তির শিরে চাপায় যতেক
দোষ, নিজদোষ যত লুকাবার তরে।
যথা ধর্ম্ম তথা কৃষ্ণ; জেন নাথ, ধর্ম্ম
ছাড়া কৃষ্ণ কভু নহে। বাঁধিতে কৃষ্ণেরে,
ধর্ম্মই কেবল রজ্জু: সে রজ্জু ছাড়িলে,
বল; আর কিসে বাঁধা যায় তাঁরে? হায়,
নাথ, ধর্ম্মমতি হত, যদি পুত্রগণ
মম, তাহ’লে কি তাজ এত ক্লেশ মোর
ভাগ্যে; তাহলে কি কভু সেই যাদবেন্দ্র
শ্রীমধুসূদন, ছাড়ি মোর পক্ষ, মোরে
অসহায় ফেলি, হায়, ধরিত পাণ্ডব-
পক্ষে অশ্বের বলগা, রথ চালাইতে?
বল নাথ, কিসে বাধ্য পাণ্ডবের সেই
চক্রপাণি? জেন নাথ ধর্ম্মই কারণ
তার। আর(ও) বলি শুন, তব পদসেবে
দাসী, এই সে কারণে, অলঙ্ঘ্য দাসীর
বাক্য; ক্রোধ এ দাসীর, অন্যে কি কহিব,
ভয়প্রদ কৃতান্তের। সত্য বলি নাথ,
তব চরণ স্পর্শিয়া, যদি না মজিত
এই কুরুকুল, অতি ঘোরতর পাপে,
যদি না ডুবিত তারা ঘোর পাপ-পঙ্কে,
কার সাধ্য তা হইলে হায়, কার সাধ্য
আজি স্পর্শয়ে কেশাগ্রে মম পুত্রগণে।”
এতেক কহিয়া তবে নিরবিলা ক্ষোভে
কুরুকুল রাণী। হায়! শোক বেগ তায়
অধীর করিল। পুন উত্তরিল বৃদ্ধ
কুরুকুলপতি, অতি সুদুঃখিত স্বরে;—
“ছাড়হ চরণ প্রিয়ে, ছাড়হ চরণ,
কুরুকুল লক্ষ্মী তুমি, কুল অলঙ্কার,
লোকাতীত গুণরাশি তব, সুপবিত্র,
কুরুকুল তোমা হতে, আমিও পবিত্র।
সকল(ই) প্রকৃত কথা যা তুমি কহিলে:
কিন্তু প্রিয়ে, সত্য যদি মম পুত্রগণ,
নিজ নিজ পাপে তারা, মরিল অকালে,
কোন পাপে বল তবে অকালে মরিল
সিন্ধুসুত জয়দ্রথ? বল কার চক্রে
বিনাশ সাধন তার করিল পাণ্ডবে?
নহে কি যাদবপতি তার বধে পাপী?”
নিরবিল কুরুপতি: কহিলা গান্ধারী;—
“কি বলিলে মহারাজ, মরিল অকালে
কার দোষে জয়দ্রথ? আপন কর্ম্মের
দোষে মরিল দুর্ম্মতি। যে দিন শুনিলু
নাথ, সেই জয়দ্রথ, শুনি দুর্য্যোধন-
উপদেশ, সাহসিল, হরিতে পবিত্রা
সেই পতিরতা সতী, দ্রৌপদী সুন্দরী,
তখনি জেনেছি নাথ, পুড়েছে দুঃশলা-
ভাগ্য, আহা, প্রাণাধিক নির্দ্দোষ বালিকা!
লিখেছে বৈধব্য দশা, তখনি জেনেছি,
বিধি তার ভালে। হায়, নাথ, প্রাণ হতে
প্রিয়তম সতীর যে ধর্ম্ম, সেই ধর্ম্ম
নাশিবারে, যে দুর্ম্মতি করয়ে সাহস,
ভুঞ্জিতে না হয় তারে যদি প্রতিফল
তার, বৃথা তবে হায়, সতীর ধরমে,
বৃথা পাতিব্রত্যে, বৃথা চেষ্টা তার তবে।
হায়, নাথ, বৃথা দোষ দাও তুমি কৃষ্ণে,
কৃষ্ণ দোষী নহে; নিজ নিজ কর্ম্মফলে
নিজে নিজে দোষী। নহে কৃষ্ণ বাধ্য কার।
ধর্ম্মের সহায় তিনি, ধর্ম্মের আশ্রয়।
কি হেতু বিমুখ তিনি পুত্র দুর্য্যোধনে?
কেনবা এতই রত সেই যুধিষ্ঠিরে?
কেবল ইহার নাথ, ধর্ম্মই কারণ।
একমাত্র প্রশ্ন মোর আছে তাঁর কাছে,
কি প্রবোধ দেন মোরে দেখি যদুপতি;
বুঝাতে নারিলে কিন্তু, নিশ্চয় কহিনু,
সমুচিত অভিশাপ দিব আমি তাঁরে।
সতীর প্রধান ধর্ম্ম পতিপদসেবা;
সেই ধর্ম্ম আচরণ আজীবন করি,
ইষ্টদেব স্বামীপদ ধ্যান করি সদা,
জাগ্রতে, ভ্রমণে, কিম্বা শয়নে, স্বপনে,
কেনবা সহিতে হয় মোরে অবশেষে
এত নিদারুণ ক্লেশ? কোন পাপে মম,
এ ঘোর যাতনা তিনি দিলেন আমারে?
সহিতে অবশ্য হবে পাপ জন্য যদি;
কিন্তু, বিনা পাপে এ দাসীর বিড়ম্বনা
যদি, তাহলে নিশ্চয়, এ বিপুল কুল
মম লোপ পায় যথা, তেমতি সত্বর,
বিপুল যাদব-কুল হইবে বিনাশ।
রাজার বাঞ্ছিত এই হস্তিনার পুরী,
পরিণত হইয়াছে শ্মশানে যেমতি,
তেমতি শ্মশান হবে দ্বারকার পুরী।”