বিষয়বস্তুতে চলুন

দেশটা কি তোর বাপের/আক্রমণ

উইকিসংকলন থেকে

আক্রমণ

পিছু হটার উপায় নেই আর
দেয়ালে পিঠ ঠেকছে তোমার
মরবে নাকি বাঁচবে তুমি
ভাবছো অনুক্ষণ?
বলছি আমি বাঁচবে তুমি
করো আক্রমণ।

ভাবছো কী লাভ বেঁচে থেকে
পুত্রকন্যা ভুখা দেখে
ভাবছো না কেন শোষক তোমার
নিচ্ছে কেড়ে ধন
বলছি আমি বাঁচবে তুমি
করো আক্রমণ।

ভাবছো কী লাভ বেঁচে রয়ে
ধর্ষিতা বোন কাঁধে বয়ে
ভাবছো না কেন তুমিই পারো
রুখতে তাঁর মরণ
বলছি আমি বাঁচবে তুমি
করো আক্রমণ।

ভাবছো কি লাভ বেঁচে তোমার
গুম খুনের পাওনা বিচার
ভাবছো না কেন ফ্যাসিস্ট শাসক
গুম-খুনের কারণ?
বলছি আমি বাঁচবে তুমি
করো আক্রমণ।

ভাবছো তোমার শূন্য দুহাত
কেমন করে করবে আঘাত
ভাবছো না কেন তোমার আছে
কোটি জনগণ
অস্ত্র কেড়ে অস্ত্র নিয়ে
করো আক্রমণ।

২৮.০৭.২০১৯