বিষয়বস্তুতে চলুন

দেশটা কি তোর বাপের/আমার প্রতিবাদের নাম

উইকিসংকলন থেকে

আমার প্রতিবাদের নাম

প্রতিবাদের শব্দ যেখানে স্তব্ধ
ভাষা রুদ্ধ
সেখানে আমার প্রতিবাদের নাম
যুদ্ধ, শ্রেণী যুদ্ধ

বলিতে পারিনা মানিনা মানিনা
অন্যায় জুলুম মানিনা
কাগজে-দেয়ালে মনোকষ্টের
কথাও লিখিতে পারিনা
বলিলে লিখিলে যেখানে আমাকে
হতে হয় কারারুদ্ধ
সেখানে আমার প্রতিবাদের নাম
যুদ্ধ, শ্রেণী যুদ্ধ।

চাহিতে পারিনা শ্রমমজুরী
পথে নামিলেই হামলা
পুলিশ বেধড়ক মারেইনা শুধু
ধরে নেয়, দেয় মামলা
প্রতিবাদ করা যেখানে নিষেধ
জনগণ অবরুদ্ধ
সেখানে আমার প্রতিবাদের নাম
যুদ্ধ, শ্রেণী যুদ্ধ॥

করিতে পারিনা সভা-সমাবেশ
শ্লোগানও পারিনা ধরিতে
জানিনা কখন ক্রসফায়ারে
আমাকে যে হয় মরিতে
দাবী-দাওয়া তোলা যেখানে মানা
তুলিলেই ক্রুশবিদ্ধ
সেখানে আমার প্রতিবাদের নাম
যুদ্ধ, শ্রেণী যুদ্ধ॥

০৭.০৮.২০২০