বিষয়বস্তুতে চলুন

দেশটা কি তোর বাপের/কবিতা এখন

উইকিসংকলন থেকে

কবিতা এখন

কবিতা নিয়ে ভাবছি শুধু
কবিতা আসে না মগজে
অথচ লিখেছি ভুরি ভুরি কতো
ইচ্ছে মতো সহজে।
কবিতা এখন আজব এদেশ
উন্নয়নের দিই দোহাই
কবিতা এখন কন্যা দিয়ে
কৃষকরা পায় ঋণ রেহাই।
কবিতা এখন ডেঙ্গু রোগে
আক্রান্ত শিশুর চোখ
কবিতা এখন হাহাকার করা
মৃত খোকার মায়ের বুক।
কবিতা এখন বেতন বোনাস
বঞ্চিতদের হা-হুতাশ
কবিতা এখন ভুখা পেটের
শ্রমজীবীর দীর্ঘশ্বাস।
কবিতা এখন পিতার খোঁজে
প্লেকার্ড হাতে শিশুর দল
কবিতা এখন ছেলেহারা
দুঃখিনী মা'র চোখের জল।
কবিতা এখন রিমাণ্ড পিষ্ট
শিল্পী-কবি-বয়াতি
কবিতা এখন ফ্যাসিবাদী
শাসন শোষণ দুর্নীতি।

কবিতা এখন প্রতিবাদের
লাশে ভরা জুম পাহাড়
কবিতা এখন চাকমা মুরং
আদিবাসীর হাহাকার।
কবিতা এখন একাউণ্টার
রাষ্ট্র নিজে আজ খুনি
কবিতা এখন পুঁজিবাদীর
চাকুর তলায় গোঙানি।
কবিতা এখন সব হারানো
সৌদি ফেরত বোনের মন
কবিতা এখন বিলোপ প্রায়
প্রাণ সম্ভার সুন্দরবন।
কবিতা এখন কাশ্মীর জুড়ে
হামলে পড়া শকুন ঝাঁক
কবিতা এখন হিংস্র নখে
কিন্নরীদের মুখের দাগ।
কবিতা এখন হিন্দু রাষ্ট্র
গণ ধিক্কার এনআরসি
কবিতা এখন ডিটেনশন ক্যাম্প
ধর্ষিতা বোন-মা-মাসি।
কবিতা এখন ভারতভূমে
গণদ্রোহের নামছে ঢল
কবিতা এখন ছত্রিশগড়ে
রণধ্বনির কোলাহল।
কবিতা এখন ছন্দমাত্রার
ধার ধারেনা শোন কবি
কবিতা এখন চাচ্ছে শোনাও
কামান গোলার দুন্দুভী।

১২.১০.২০১৯